শেষ হলো ‘অন্তর্ধান’ ছবির শুটিং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবার ফেরদৌসকে নিয়ে পরিচালক সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড তৈরি করছেন নতুন ছবি অন্তর্ধান। এ ছবিতে আরও অভিনয় করছেন নিপুণ। গত ৭ থেকে ২২ মার্চ রাজশাহীর গোদাগাড়ীর আলাতুলি ইউনিয়নে মরা পদ্মা এলাকায় ছবিটির শুটিং করলেন ডায়মন্ড। পরিচালক ভেবেছিলেন, এই এলাকায় ২৫ দিন শুটিং করতে হবে। কিন্তু নির্ধারিত সময়ের অনেক আগেই ছবির শুটিং শেষ করেন তিনি। কয়েক দিন ধরে ছবির কাজ করেন মাওয়া এলাকায় পদ্মা নদীতে। ডায়মন্ড তাঁর নতুন ছবির ভাবনা প্রসঙ্গে বলেন, ‘একসময় পদ্মা ছিল প্রমত্তা। তখন পদ্মায় থইথই পানি ছিল, নৌকা ছিল, ব্যবসা হতো। এখন সেই পদ্মা মরে গেছে। পানির বদলে ধু-ধু বালুর চর। সেই সুখ-শান্তি আর নেই। এখন শুধু হাহাকার। এমনি গল্প নিয়ে আমার অন্তর্ধান ছবিটি।’ডায়মন্ড আরও বলেন, ‘গল্পের প্রয়োজনে দুর্গম এলাকায় গিয়ে আমরা কাজ করেছি। আশা করছি, গঙ্গাযাত্রার পর অন্তর্ধানও দর্শকদের কাছে প্রশংসিত হবে।’ ছবিতে অভিনয় প্রসঙ্গে ফেরদৌস বললেন, ‘অন্তর্ধান ছবিতে আমি মাঝির চরিত্রে অভিনয় করেছি। নিপুণ আমার স্ত্রী। পদ্মা শুকিয়ে গেছে। এখন আর নৌকা চলে না। ফলে জীবন-জীবিকা নির্বাহ করা কঠিন হয়ে পড়েছে। মাঝি সম্প্রদায়ের মানুষের জীবনের যে কষ্ট, তা ছবিতে তুলে ধরা হয়েছে।’ ডায়মন্ড ২০০৯ সালে তৈরি করেন চলচ্চিত্র গঙ্গাযাত্রা। ছবিটি ওই বছর আটটি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছে। এই ছবিতে অভিনয় করে ফেরদৌস সেরা অভিনেতা হিসেবে পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। ডায়মন্ড পেয়েছেন সেরা পরিচালক এবং চাঁদের মতো বউ ছবিতে অভিনয় করে নিপুণ পেয়েছেন সেরা পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার।