সম্প্রতি ‘বিশ্ব বাঘ দিবস-২০১৬’ উপলক্ষে ইউএসএআইডির আয়োজনে ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহযোগিতায় শিল্পী নাজির হোসেনের কিছু চিত্রকর্ম নিয়ে আয়োজন করা হয় ‘বাঘ যাত্রা’ শীর্ষক বাংলার বাঘের চিত্র প্রদর্শনী। এটি শিল্পীর ২৭তম একক প্রদর্শনী। গতকাল ছিল ১০ দিনের এই প্রদর্শনীর শেষ দিন। সমাপনী আয়োজনের প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।
শুরুতে প্রদর্শনী নিয়ে নিজের কথা তুলে ধরেন শিল্পী নাজির হোসেন। বলেন, ‘নিজের আগ্রহ থেকেই এই শিল্পে আসা। আমার স্বপ্ন এবং লক্ষ্যে ছিল, যে করেই হোক আমি আমার শিল্পকর্মের মাধ্যমে আমার বাংলাদেশকে বিশ্বদরবারে তুলে ধরব। আমার ধ্যান-জ্ঞান সবই এখন এই বাঘকে ঘিরে।’
সংস্কৃতিমন্ত্রী বলেন, ‘নাজিরের ছবির ভেতরে চমৎকার একটা ব্যাপার আছে। তা হলো আমাদের ঐতিহ্যবাহী পটচিত্র এবং পটের গানের সংমিশ্রণ। সেই সঙ্গে আছে আমাদের মানবিক সংস্কৃতির নানান দর্শন।’