শেষ হয়েছে 'রিনা ব্রাউন'-এর কাজ

এরই মধ্যে বেশ কয়েকবার সংবাদ হয়েছিল শামীম আখতারের নতুন ছবি ‘রিনা ব্রাউন’ নিয়ে। নতুন খবর হলো, অনেকটা নীরবেই কাজটি শেষ করেছেন পরিচালক। আজ সকালে প্রথম আলোর সঙ্গে আলাপ জানালেন, এরই মধ্যে সেন্সরে জমাও দিয়েছেন ছবিটি।
বললেন, ‘আসলে আমি একটু নীরবেই কাজ করতে ভালোবাসি। এরই মধ্যে কলকাতার অভিনেতা বরুণ চন্দ কাজ শেষ করে চলে গেছেন। তাই আর দেরি করিনি। এডিটিং শেষ করে সেন্সরে জমা দিয়েছি।’
‘রিনা ব্রাউন’-এ অভিনয় করেছেন শামীম আখতারের মেয়ে প্রমা পার্বণী। মেয়ের অভিনয় নিয়ে সন্তুষ্ট মা। বললেন, ‘সবাই বলছে ও ভালো করেছে। আমিও সন্তুষ্ট। কিন্তু আমার মনে হয়, ওর আরও ভালো করার ক্ষমতা ছিল। কিন্তু পরীক্ষা ও শুটিং একসঙ্গে হওয়া হয়তো সেরাটা দিতে পারেনি।’
‘রিনা ব্রাউন’ ছবিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন প্রমা। পরিচালক জানালেন, সেন্সর ছাড়পত্র পেলে খুব তাড়াতাড়ি মুক্তি দেওয়া হবে ছবিটি।
শামীম আখতার এর আগে ‘ইতিহাস কন্যা’ ও ‘শিলালিপি’ নামে দুটো চলচ্চিত্র নির্মাণ করেছিলেন। দুটি ছবিতেই অভিনয় করেছেন প্রমা।