শেষবেলায় ফরাসি সৌরভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কান উৎসবে গতকাল শুক্রবার ‘সিলস মারিয়া’ ছবির ফটোকলে ফরাসি অভিনেত্রী জুলিয়েত বিেনাশ (বাঁয়ে) ও মার্কিন অভিনেত্রী ক্লোয়ি মোরেৎজ l ছবি: এএফপি
কান উৎসবে গতকাল শুক্রবার ‘সিলস মারিয়া’ ছবির ফটোকলে ফরাসি অভিনেত্রী জুলিয়েত বিেনাশ (বাঁয়ে) ও মার্কিন অভিনেত্রী ক্লোয়ি মোরেৎজ l ছবি: এএফপি

সাদা শার্টের ওপরের দিকের একটা বোতাম খোলা। ওপরে কালো কোট। গলার চেইনটা চোখে পড়ে কি পড়ে না। বয়কাট চুলগুলো অগোছালো। সাধারণ সাজেও কী দারুণ অভিজাতই না দেখাচ্ছে তাঁকে! নন্দিত ফরাসি অভিনেত্রী জুলিয়েত বিনোশকে দেখার ফাঁকেই তাঁকে ত্বরিত প্রশ্ন করার জন্য হাত তুলেছি।
‘নিজে অভিনেত্রী হলে অভিনেত্রীর চরিত্রে অভিনয় করার প্রধান সুবিধে কী?’
জুলিয়েত প্রশ্নটা নিলেন। কিছু একটা ভাবলেন মুহূর্তের জন্য। মুখ খোলার আগে হাসলেন তাঁর সেই আশ্চর্য সুন্দর হাসি।
‘আমি তো খুব একটা সুবিধে দেখি না। মনে হয়েছে ঝামেলাই বেশি। আমাকে তো শেষ পর্যন্ত একটা চরিত্রই করতে হচ্ছে। তবে অভিনেত্রী হিসেবে নিজের জীবনের অভিজ্ঞতা কিছুটা তো কাজে লাগেই।’
আর অসুবিধে? নিজের সঙ্গে নিজের চরিত্রকে গুলিয়ে ফেলার ভয় কি থাকে না?
জুলিয়েতের জবাব, ‘হ্যাঁ, সেটা তো থাকেই কিছুটা।’
উৎসবের প্রায় শেষ ভাগে কানে পা রেখে আরও একবার ফরাসি সৌরভে মোহিত করলেন জুলিয়েত বিনোশ। ক্রিস্তফ কিসলফ্স্কির সুবিখ্যাত থ্রি কালার ট্রিলজি মানে ‘ত্রয়ী’—ব্লু, হোয়াইট ও রেড—থেকে শুরু করে জঁ লুক গদারের হেইল মেরি বা অস্কারে সাড়া জাগানো দ্য ইংলিশ পেশেন্ট বা আব্বাস কিয়ারোস্তামির সাম্প্রতিক ছবি সার্টিফায়েড কপি। বিশ্ব-সিনেমার কত অবিস্মরণীয় অধ্যায়ের সঙ্গেই না জড়িয়ে আছে তাঁর নাম! অস্কারবিজয়ী এই ফরাসি অভিনেত্রীর ছবি সিলস মারিয়া এবারে আছে উৎসবের প্রতিযোগিতা বিভাগে। এ ছবিতে একজন নামি অভিনেত্রীর চরিত্রে অভিনয় করেছেন তিনি।
অলিভিয়ের আসাইয়াস পরিচালিত সিলস মারিয়া ছাড়াও উৎসবের প্রতিযোগিতা বিভাগের আরেক ছবি লেভিয়াথান-এর উদ্বোধনী প্রদর্শনী ছিল কাল। আন্দ্রে জিগনিতসিয়েভ পরিচালিত এ ছবির কলাকুশলীরা হাজির ছিলেন সংবাদ সম্মেলনে।
‘আনসার্টেন রিগার্ড’ বিভাগে প্রদর্শিত হয়েছে করনেল মুনদ্রুজকো পরিচালিত ছবি হোয়াইট গড।
এই বিভাগের সমাপনী অনুষ্ঠানও হয়ে গেছে গতকাল।
কুয়েনটিন ট্যারেন্টিনোর আগমন: এবার উৎসবে নতুন কোনো ছবি নেই তাঁর। উৎসবে চিরায়ত অংশে প্রদর্শিত হয়েছে তাঁর পাম দ’র বিজয়ী ছবি পাল্প ফিকশন। বিশ্বনন্দিত এই মার্কিন নির্মাতা মূলত উৎসবে এসেছেন স্পেঘেটি ওয়েস্টার্ন নামের বিশেষ ঘরানার ছবির ৫০ বছর পূর্তি অনুষ্ঠানে যোগ দিতে। কিন্তু ট্যারেন্টিনোর জনপ্রিয়তা এমনই যে শুধু তাঁকে নিয়েই পুরো একটা সংবাদ সম্মেলনের আয়োজন করতে হলো। এবং বরাবরের মতোই সরস কথার ফুলঝুরিতে সংবাদ সম্মেলন মাতিয়ে রাখলেন রিজারভয়ের ডগস, কিল বিল, ইনগ্লোরিয়াস বাস্টার্ডস-এর মতো দর্শকনন্দিত ছবির এই নির্মাতা।
আব্বাস কিয়ারোস্তামির বিচার: উৎসবের শেষ ভাগে এসে শুরু হয়ে গেছে পুরস্কার ঘোষণার পালাও। স্বর্ণপাম কোন ছবির ভাগ্যে যাচ্ছে, তার জন্য অপেক্ষা করতে হচ্ছে আরও কিছুটা সময়। এদিকে গতকাল সালে বুনুয়েল হলে ঘোষণা করা হয়েছে সিনে ফাউন্ডেশন সিলেকশনের বিজয়ীদের নাম। এই বিভাগে বিশ্বের ৪৫৭টি ফিল্ম স্কুল থেকে জমা পড়া এক হাজার ৬৩১টি ছবির মধ্যে নির্বাচিত হয়েছিল মাত্র ১৬টি ছবি। চূড়ান্ত বিচারে শেষ পর্যন্ত প্রথম পুরস্কারটি জিতেছে যুক্তরাষ্ট্রের টেক্সাস বিশ্ববিদ্যালয়ের অ্যানি সিলভারস্টাইন পরিচালিত ছবি স্কাংক। দ্বিতীয় হয়েছে আতুশকো হিরায়াংগি পরিচালিত সিঙ্গাপুরের টিশ স্কুল অব দ্য আর্টস এশিয়ার ছবি ওহ! লুসি । বিশ্বখ্যাত ইরানি সিনেমাগুরু আব্বাস কিয়ারোস্তামি ছিলেন সিনে ফাউন্ডেশন সিলেকশনের বিচারকদের প্রধান৷