বর্ষীয়ান নাট্যজন তবিবুল ইসলামের অনুরোধ রক্ষা করতেই শেষরক্ষা দেখতে যেতে হলো। এটি তাঁদের দল নাট্যজনের নবম প্রযোজনা। শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে ১১ জানুয়ারি প্রথম মঞ্চায়ন হলো নাটকটির। বহুদিন পর হাসির নাটক দেখে প্রাণভরে হাসতে পারা গেল। আসলেই শেষরক্ষা হলো। রবীন্দ্রনাথের লেখা এই হাসির নাটকটি শুরু থেকে শেষ পর্যন্ত ধরে রাখতে পেরেছিল। এই ধরে রাখতে পারার কৃতিত্বটা বুঝি তরুণ নির্দেশক মহসিনা আক্তারকে দিতে হয়। বিশাল মঞ্চটিতে ছোট ছোট দু-একটি পরিবর্তন এনে আর মঞ্চে টাঙ্গা ও হাতে টানা রিকশার ভেলকি দেখিয়েই বাজিমাত করলেন তিনি। মঞ্চ, পোশাক আর নির্দেশনার এই গুরুদায়িত্ব পালন করেছেন তিনি এবং আমাদের মনে করিয়ে দিয়েছেন, এই পুরো আয়োজনেই সৈয়দ জামিল আহমেদের স্নেহাস্পর্শ আছে।টোটাল টিমওয়ার্কে যে অসাধ্য সাধন হয়, তা বহুদিন পর অনুভব করলাম। নাটকের প্রথম দৃশ্য থেকে শেষ দৃশ্য পর্যন্ত ঘটে যাওয়া ঘটনাগুলো এত সাবলীল আর গতিশীলভাবে উপস্থাপিত হয়েছে, মনে হয়েছে, সত্যিই কি নাটকের সুদিন ফিরে এল? নাট্যজনের এই অভিনয়শিল্পী কিংবা পর্দার বাইরের কলাকুশলীদের ‘তারকা-খ্যাতি’ আছে বলে তো শুনিনি। টেলিভিশনের নাটকেও তো এঁদের বেশির ভাগকেই দেখা যায় না। কিন্তু কী অপরিসীম নিষ্ঠা আর ভালোবাসা দিয়ে রবীন্দ্রনাথের নাটকটিকে জীবন্ত করে তুললেন তাঁরা। একবারের জন্যও ভাবতে দিলেন না, এ নাটকটি বহু আগে রচিত বলে প্রাসঙ্গিকতা হারিয়েছে, এ নাটকের হাস্য-উপাদান এখন আর মানুষের কৌতুকবোধকে জাগ্রত করে না! বরং প্রবলভাবে নাটকের শরীরের সঙ্গে জড়িয়ে নেওয়া হয়েছে দর্শক-শ্রোতাকে। বসার আসনটিকে তাই মনে হয়েছে আঠা লাগানো।নাটকটির কাহিনি লিখে দিয়ে নাটক দেখার আনন্দ থেকে আপনাকে বঞ্চিত করতে চাই না। শুধু বলে রাখি, ক্ষান্তমনি-চন্দ্রকান্ত, ইন্দুমতী-গদাই, কমলমুখী-বিনোদ—এই তিন জোড়া মানুষের ভুলগুলো নিয়েই ঘুরতে থাকে নাটকের কাহিনি। নিবারণ আর শিবচরণও এ নাটকের গুরুত্বপূর্ণ চরিত্র। বিয়েসংক্রান্ত জটিলতায় এদের প্রত্যেকেই নাস্তানাবুদ হয় এবং অবশেষে মুশকিল আসানও হয় অভিনব ধরনে। নাটকটি জানিয়ে দিল, সমস্ত প্রতিকূলতা সত্ত্বেও মঞ্চনাটক টিকে আছে স্বমহিমায়। জা. রে. নূ.