শেষহলো পথনাটকের মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একদল মুক্তিযোদ্ধা চিৎকার করে বলছেন, আমরা রাজাকার, আলবদরের বিচার চাই। দৃশ্যটি দেখে দর্শকের করতালিতে চারপাশ মুখর আর আনন্দ-চিৎকারে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনার যেন জেগে উঠছে। যতবারই রাজাকার-আলবদরের ‘বিচার বিচার’ উচ্চারিত হচ্ছে, ততই দর্শক যেন নাটকের সঙ্গে মিশে যাচ্ছে। ঘটনাটি উৎসবের তৃতীয় দিন ঢাকা নান্দনিকের নাটকে। নাটক দেখতে আসা পাশেই দাঁড়ানো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইশতিয়াক আহমেদ তাঁর মতামত এভাবেই ব্যক্ত করলেন, ‘আমি মুক্তিযুদ্ধ দেখিনি। কিন্তু যুদ্ধের সময় যারা বিরোধিতা করেছে, তাদের আমরা ঘৃণা করি। এখনই কিন্তু এদের বিচার করার শ্রেষ্ঠ সময়। আমরা তাড়াতাড়ি বিচার দেখতে চাই।’ শহীদ মিনারের পেছনে দাঁড়িয়ে দর্শকের কথার সঙ্গে একমত জানিয়ে উৎসব কমিটির আহ্বায়ক আহাম্মদ গিয়াস বললেন, ‘আমরা এবারের উৎসবে দর্শকের মধ্যে অন্য রকমের প্রাণচাঞ্চল্য পেয়েছি। একটা জিনিস আমরা প্রতিদিনই লক্ষ করছি, মুক্তিযুদ্ধের নাটক থাকলেই যেন দর্শকের আগ্রহ বেড়ে যায়। নাটকে কোনো রাজাকারের প্রসঙ্গ এলেই দর্শকের মধ্যে হাততালি আর আনন্দ-চিৎকার বেড়ে যাচ্ছে।’ উৎসবের পঞ্চম দিন শুক্রবার ছিল সরকারি ছুটির দিন। ছুটির দিন থাকায় স্ত্রী তমা আর সাত বছরের নাহিনকে শহীদ মিনারে নিয়ে এসেছিলেন পারভেজ। মঞ্চে তখন হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থিয়েটারের ডিগবাজি নাটকটি মঞ্চস্থ হচ্ছিল। নাটকে যুদ্ধ শেষে রাজাকারকে বাগে পেয়ে কয়েকজন মুক্তিযোদ্ধা বেদম শাস্তি দিচ্ছিলেন। পাশেই দাঁড়ানো পারভেজের স্ত্রী খুবই আগ্রহ নিয়ে দৃশ্যটি উপভোগ করছিলেন। ছোট্ট নাহিনও যেন মজা পাচ্ছিল। এক ফাঁকে পারভেজের সঙ্গে কথা হয়। নাটক দেখতে আসা প্রসঙ্গে তিনি বললেন, ‘আজকের দিনটিতে প্রস্তুতি নিয়েই নাটক দেখতে এসেছি। মুক্তিযুদ্ধের নাটকটি ভালোই লাগছে। আমাদের ছোট্ট নাহিনও রাজাকারদের চিনে রাখুক।’ এ রকম অনেক দর্শকই এবারের উৎসবে এসেছিলেন। ফাল্গুনের না-শীত না-গরম পরিবেশে উৎসবের প্রথম দিন থেকেই শহীদ মিনারে দর্শকের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। প্রতিদিনই শহীদ মিনার এলাকা সন্ধ্যা থেকে রাত পর্যন্ত দর্শকে সরগরম।হানো আঘাত, চূর্ণ করো মৌলবাদ—আহ্বান নিয়ে ১ মার্চ থেকে শহীদ মিনারের পাদদেশে এই উৎসব শুরু হয়। ৭ মার্চ পর্যন্ত সাত দিনের এই উৎসবে সারা দেশ থেকে প্রায় ৪৮টি নাটকের দল অংশ নেয়। প্রতিদিনই প্রায় ছয়টি করে নাটক মঞ্চস্থ হয়। এবার উৎসবে মুক্তিযুদ্ধের গল্প ও যুদ্ধাপরাধের বিচার নিয়ে বেশি নাটক মঞ্চস্থ হয়। উৎসবের উদ্বোধনী দিন উদ্বোধক মামুনুর রশীদের ভাষায়ও মুক্তিযুদ্ধের নাটকের কথা বেশি উচ্চারিত হয়েছে। তিনি বলেন, ‘মার্চ মাস স্বাধীনতার মাস। এই মাসে শহীদ মিনারে উৎসব হচ্ছে। মুক্তিযুদ্ধের নাটককে এই উৎসবে বেশি স্থান দিতে হবে। নতুন প্রজন্মের মাঝে বেশি বেশি মুক্তিযুদ্ধের চেতনা ভরিয়ে দিতে হবে।’ উৎসবের শেষ দিন কথা হয় পথনাটক পরিষদের সভাপতি মান্নান হীরার সঙ্গে। তিনি বলেন, উৎসবটি খুবই ভালো হয়েছে। বিপুলসংখ্যক দর্শক নাটক দেখেছে। মুক্তিযুদ্ধের নাটকে দর্শকের আগ্রহ ছিল ভালো। তিনি আরও বলেন, ‘আমরা আগামী দিনে আরও ভালোভাবে এই উৎসব করার কথা ভাবছি। মুক্তিযুদ্ধের চেতনাকে আরও বেগবান করতে আমাদের পথনাটককে আরও এগিয়ে নেওয়া দরকার।’এবারের উৎসবে ঢাকা, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, গাজীপুর, ঝিনাইদহ, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ প্রভৃতি জেলা থেকে আসা দল নাটক মঞ্চস্থ করে।