শেষের পথে আসিফ-ন্যান্সির দ্বৈত অ্যালবাম

অডিও শিল্পের বাণিজ্যিক সফলতার ক্ষেত্রে আসিফ ও ন্যান্সি নিজেদের রেখেছেন একেবারে প্রথম সারিতে। তাঁরা দুজনই দীর্ঘদিন ধরে নিজেদের অবস্থান ধরে রাখতে পেরেছেন। বাংলাদেশের সংগীতের জনপ্রিয় এই দুই শিল্পী এবারই প্রথম দ্বৈত গানের অ্যালবাম বের করছেন। আসছে ঈদ মৌসুমে অ্যালবামটি বাজারে আসবে। নাম চূড়ান্ত না হওয়া এই অ্যালবামে মোট গান থাকছে ১২টি। সবগুলোই দ্বৈত। এর মধ্যে ১০টি মৌলিক। বাকি দুটি হেমন্ত মুখোপাধ্যায়ের।
আসিফ বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে ন্যান্সির গান পছন্দ করি। খুব সুন্দর কণ্ঠ তাঁর। এ অ্যালবামটি আমাদের দুজনের ভক্ত-শ্রোতাদের মধ্যে নতুন মাত্রা যোগ করবে বলে আমার বিশ্বাস।’
ন্যান্সি বলেন, ‘প্রথম থেকেই আসিফ ভাইয়ের গান আমার পছন্দ। এর আগে তাঁর সঙ্গে কোনো দ্বৈত গান করা হয়নি। এবার সরাসরি দ্বৈত অ্যালবাম হয়ে গেল। আশা করছি, গানগুলো শ্রোতারা পছন্দ করবেন।’
অ্যালবামের মৌলিক গানগুলোর কথা লিখেছেন বাকীউল আলম, কবির বকুল, প্রদীপ সাহা, রাজীব আহমেদ ও রবিউল ইসলাম জীবন। সুর করেছেন মনোয়ার হোসেন টুটুল। সংগীতায়োজনের দায়িত্বে আছেন আহমেদ কিসলু। এরই মধ্যে ন্যান্সির ভয়েস রেকর্ডিংয়ের কাজ শেষ। দু-এক দিনের মধ্যে আসিফের ভয়েস রেকর্ডিংও শেষ হবে।
আসিফ-ন্যান্সি