শেষের পথে শাকিবের ‘এই তো প্রেম’
অবশেষে শেষ হতে যাচ্ছে শাকিব খান ও বিন্দুর আলোচিত ছবি ‘এই তো প্রেম’ ছবির শুটিং। পাঁচ মাস বিরতির পর আজ মঙ্গলবার মানিকগঞ্জে আবারও ছবিটির শুটিং শুরু হয়েছে। আজকের শুটিংয়ে অংশ নিয়েছেন শাকিব খান। প্রথম আলো ডটকমকে শাকিব খান বলেন, ‘২০০৯ সালে এই ছবির শুটিং শুরু করেছিলাম। গল্পের প্রয়োজনে শীতকালেই ছবির বেশির ভাগ শুটিং করতে হয়েছে। তাই এতটা সময় লাগছে। আজ থেকে একটানা পাঁচ দিন শুটিং করব। এরপর ডিসেম্বরে তিন-চার দিন শুটিং করলেই এর কাজ শেষ হয়ে যাবে।’ছবিটি সম্পর্কে শাকিব খান বলেন, ‘এটি পরিপূর্ণ একটি প্রেমের ছবি। মুক্তিযুদ্ধের পটভূমিতে নির্মিত এই ছবিতে দেশপ্রেমের পাশাপাশি মানুষের প্রতি মানুষের প্রেমের বিষয়টিও তুলে ধরা হয়েছে।’ ‘এই তো প্রেম’ ছবির পরিচালক সোহেল আরমান বলেন, ‘অনেকেই এই ছবির শুটিং শেষ করতে দেরি হওয়ায় বিভিন্ন কথা বলছেন। আমি তাঁদের বলব, ছবির প্রয়োজনে শুটিংটা সময় নিয়ে করতে হচ্ছে। এই ছবির শুটিংয়ের জন্য যে ধরনের পরিবেশ দরকার, সেটা আসলে শীতকাল ছাড়া পাওয়া সম্ভব নয়।’ সোহেল আরমান আরও বলেন, ‘আমরা কিন্তু এবারের দুই লটে নতুন কোনো দৃশ্যে শুটিং করব না। এ দুই লটে বিভিন্ন দৃশ্যের প্রয়োজনীয় কাজগুলো করব। আশা করছি, টানা শুটিং শেষে খুব শিগগির ছবিটি মুক্তি দিতে পারব।’‘এই তো প্রেম’ ছবির গানের অ্যালবাম বাজারে এসেছিল ২০০৯ সালের শেষের দিকে। এই অ্যালবামে হাবিব ও ন্যান্সির গাওয়া ‘আমি তোমার মনের ভেতর একবার ঘুরে আসতে চাই’ গানটি বেশ শ্রোতাপ্রিয় হয়েছিল।