
‘শিল্পের আলোয় বঙ্গবন্ধু’ শীর্ষক ৭ থেকে ২৪ আগস্টের এক দীর্ঘতর অনুষ্ঠানমালার আয়োজন করেছে শিল্পকলা একাডেমী। এ আয়োজনের অংশ হিসেবে গতকাল শনিবার বিকেলে জাতীয় নাট্যশালা মিলনায়তনে আয়োজন করা হয় শোক দিবসের বিশেষ অনুষ্ঠান। জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু করার পর সমবেত সংগীত পরিবেশন করে শিল্পকলা একাডেমীর শিশু প্রশিক্ষণার্থীরা। সমবেত নাচ পরিবেশন করে নাচের দল নৃত্যম। একক কণ্ঠে গীত হয় ‘তুমি নেই আজ এ কথা ভাবতে পারি না’, ‘আমি হিমালয়ের মতো বিশাল হৃদয় দেখেছি’, ‘বাংলা মায়ের কোল আলো করে’, ‘শোন সেই কালো রাতের কথা’সহ বেশ কয়েকটি গান। সমবেত সংগীত ও নৃত্য পরিবেশন করে বেশ কয়েকটি সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা।
শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব বেগম আকতারী মমতাজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক নাসরিন আহমাদ, কবি নির্মলেন্দু গুণ, পাবলিক সার্ভিস কমিশনের সদস্য উজ্জল বিকাশ দত্ত।