
মিলনায়তন কাঁপিয়ে ‘কারার ঐ লৌহকপাট, ভেঙে ফেল কর রে লোপাট...’ গানটি গেয়ে উঠলেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পীরা। গাইলেন ‘পূর্ব দিগন্তে সূর্য উঠেছে’ গানটিও। ১৯৭১ সালে মুক্তিযোদ্ধাদের প্রেরণা জুগিয়েছিল এ রকম বেশ কয়েকটি গান। এই গানগুলো যুদ্ধের ময়দানে দেশের প্রতি মমত্ব ধরে রাখতে সাহায্য করেছিল। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমীর সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে এ রকম বেশ কিছু গান গেয়ে শোনান বেশ কয়েকটি সংগঠনের শিল্পীরা। স্বাধীন বাংলা বেতারকর্মী পরিষদের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই আয়োজন করা হয়েছিল।
স্বাধীন বাংলা বেতারকর্মী পরিষদের সভাপতি কামাল লোহানীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। আলোচনা করেন খোন্দকার ইব্রাহিম খালেদ।
মোজাম্মেল হক বলেন, ‘শুধু মুক্তিযুদ্ধের নয় মাসের ইতিহাস জানলেই হবে না, এর আগের ২৩ বছরের মুক্তিসংগ্রামের ইতিহাসও জানতে হবে। আগামী বছর থেকে বিসিএসে এই বিষয়ে ১০০ নম্বরের প্রশ্ন রাখা হবে।’
আসাদুজ্জামান নূর বলেন, ‘মুক্তিযোদ্ধাদের ভেতর আমাদের মতো তথাকথিত ভদ্রঘরের সন্তান কম ছিল। বেশির ভাগই ছিল গ্রামের গরিব চাষার সন্তান। তাঁদের শিক্ষা ছিল না, কিন্তু দেশপ্রেমের দীক্ষা ছিল।’ স্বাধীন বাংলা বেতারের গানগুলো নিয়ে তিনি বলেন, ‘এই গানগুলো না থাকলে হয়তো যুদ্ধ দীর্ঘায়িত হতো, মানুষ বিভ্রান্ত হতো।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম, স্বাধীন বাংলার শব্দসৈনিক আশফাকুর রহমান খান, স্বাধীন বাংলা বিপ্লবী বেতার কেন্দ্রের শব্দসৈনিক আ ম শরফুজ্জামান, সংগঠনের কর্মী পরিষদের সাধারণ সম্পাদক মো. মনোয়ার হোসেন খান।
অনুষ্ঠানে বিভিন্ন স্কুল, কলেজ ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিদের হাতে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের ৪০টি গানের সিডি তুলে দেওয়া হয়। পরে মোট ৯০টি গান নিয়ে পূর্ণাঙ্গ সিডি প্রকাশ করা হবে। এই গানগুলো সরকারি উদ্যোগে সংগ্রহ ও সংরক্ষণের আহ্বান জানান কামাল লোহানী।
অনুষ্ঠানে বেতারের স্লোগানগুলো পাঠ করেন পরিষদের সদস্য মাজহারুল ইসলাম। পরিষদের সদস্যরা তাঁদেরকে স্বাধীনতা পদক দেওয়ার দাবি জানান। ২৬ মার্চ ১৯৭১-এর কিছু বাংলা সংবাদ পাঠ করে শোনান শব্দসৈনিক আবু নওশের। ‘সোনায় মোড়ানো বাংলা মোদের শ্মশান করেছে কে’ এবং ‘স্বাধীন স্বাধীন দিকে দিকে’ গানগুলো শোনান ঐতিহ্য সাংস্কৃতিক সংগঠনের নতুন প্রজন্মের শিল্পীরা। পাঠ করা হয় বেলাল মোহাম্মদের লেখা কথিকা। উদীচীর শিল্পীরা গেয়ে শোনান ‘বিচারপতি তোমার বিচার করবে যারা আজ জেগেছে’ এবং ‘আমার প্রতিবাদের ভাষা’ গান দুটি। এ ছাড়া গান পরিবেশন করেন পূর্বাশা সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা।