শৈশবে ববিতা-শাবানার ভিউকার্ড সংগ্রহ করেছি: ফেরদৌস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলা চলচ্চিত্রের প্রিয়মুখ ফেরদৌস। জনপ্রিয় এ অভিনেতা তাঁর প্রযোজিত প্রথম ছবি ‘এক কাপ চা’-এর কাজ শেষ করেছেন। প্রযোজনার পাশাপাশি তিনি এই ছবিতে অভিনয়ও করেছেন। ছবিটিতে তাঁর সহ-অভিনেত্রী মৌসুমী। প্রথম আলোর সঙ্গে চলচ্চিত্র প্রযোজনার অভিজ্ঞতাসহ ব্যক্তিগত বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন ফেরদৌস।

ফেরদৌস
ফেরদৌস

‘এক কাপ চা’ নিয়ে কিছু বলুন...
ছবিটির কাজ পুরোপুরি শেষ। ভালো একটা সময় বাছাই করে ছবিটি মুক্তি দেওয়ার পরিকল্পনা করছি। ‘এক কাপ চা’ একটি প্রেমের গল্প। এর কাহিনিতে দেখা যাবে, কলেজের এক অধ্যাপক ও লাইব্রেরিয়ানের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এই ছবির অন্যতম চমক হলো, দর্শকেরা অনেক অতিথি মুখ দেখতে পারবেন। ছবির অতিথিশিল্পীদের মধ্যে রয়েছেন রাজ্জাক, হুমায়ুন ফরীদি, আলমগীর, শাকিব খান, আনিসুর রহমান মিলন, মীর সাব্বিরসহ আরও অনেকে। এ ছাড়া ছবিটিতে ছয়জন সংগীত পরিচালক কাজ করেছেন।

এত অতিথিশিল্পী রাখার কারণ?
আসলে ছবিতে অতিথিশিল্পী রাখার পরিকল্পনা আমার ছিল না। এর পুরো কৃতিত্ব শাকিব খানের। তাঁর প্রস্তাব পাওয়ার পর সিদ্ধান্ত নিলাম অতিথি চরিত্র রাখার জন্য।

প্রথম চলচ্চিত্র প্রযোজনার অভিজ্ঞতা কেমন?
চলচ্চিত্র প্রযোজনার কাজটি আমি ভীষণভাবে উপভোগ করেছি। ছবিটির পেছনে আমাকে অনেক সময় ব্যয় করতে হয়েছে। আমি নিজে যেহেতু শিল্পী, তাই প্রযোজনা করতে গিয়ে অন্য শিল্পীদের সুবিধা-অসুবিধাগুলো আমি খুব সহজে বুঝতে পেরেছি।

প্রযোজনার কাজ কি চালিয়ে যাবেন?
ইচ্ছে আছে বিভিন্ন উত্সব-পার্বণকে উপলক্ষ করে ছবি প্রযোজনা করব। বাণিজ্যিক ছবি বানানোর আগ্রহই আমার বেশি।

‘হঠাত্ বৃষ্টি’ ছবিতে অভিনয় করে অনেক জনপ্রিয়তা পেয়েছেন। বাস্তবেও আপনি কি বৃষ্টি পছন্দ করেন?
আমি খুবই প্রকৃতিপ্রেমী। বৃষ্টি খুব উপভোগ করি। বৃষ্টি নামলে মাঝেমধ্যে আমি আমার মেয়েকে নিয়ে বৃষ্টিতে ভিজতে ছাদে চলে যাই।

আপনার প্রিয় সহশিল্পী কারা?
মৌসুমী ও ঋতুপর্ণা সেন।

শৈশবের ফেরদৌস...

ছোটবেলায় চলচ্চিত্রের নায়কদের প্রতি আমার অনেক আগ্রহ ছিল। আমি বিভিন্ন নায়ক-নায়িকার স্ট্যাম্পকার্ড জমাতাম। শৈশবে ববিতা-শাবানার অনেক ভিউকার্ড সংগ্রহ করেছি। সেই ভিউকার্ডগুলো এখনো আমার কাছে আছে।

আমাদের মিডিয়ার বর্তমান অবস্থা সম্পর্কে আপনার মন্তব্য...

শিক্ষিত লোকদের এগিয়ে আসতে হবে। তাহলে মিডিয়ার সামগ্রিক পরিস্থিতি আরও অনেক ভালো হবে। কারণ এখনো অনেকেই ছোটবেলায় সাহস করে বাবা-মাকে বলতে পারে না, বড় হয়ে সে ছবির নায়ক হবে। তারা যাতে বলতে পারে সেই পরিবেশ আমাদের সৃষ্টি করতে হবে। বর্তমানে নতুন শিল্পীরা অনেক ভালো কাজ করছেন। কিন্তু অনেক ক্ষেত্রে নতুনরা তাঁদের মেধা অনুযায়ী কাজ করার সুযোগ পাচ্ছেন না। তাঁদের আরও ভালোভাবে ব্যবহার করতে হবে।