শোক আবহে নরেন বিশ্বাস পদক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নরেন বিশ্বাস পদকপ্রাপ্ত খালেদ খানের (মরণোত্তর) মেয়ে ফারহিন খানের হাতে মানপত্র তুলে দিচ্ছেন অধ্যাপক আনিসুজ্জামান l ছবি: প্রথম আলো
নরেন বিশ্বাস পদকপ্রাপ্ত খালেদ খানের (মরণোত্তর) মেয়ে ফারহিন খানের হাতে মানপত্র তুলে দিচ্ছেন অধ্যাপক আনিসুজ্জামান l ছবি: প্রথম আলো

নরেন বিশ্বাস পদক দেওয়ার সব আয়োজন করে রেখেছিলেন কাইয়ুম চৌধুরী। কথা ছিল, তিনি পুরো আয়োজন সামনে থেকে নেতৃত্ব দেবেন। আমন্ত্রণপত্র ডিজাইন করা থেকে শুরু করে পোস্টারসহ সব কাজই নিজ হাতে করেছিলেন। এমনকি এ অনুষ্ঠানে থাকার জন্য পরিচিতজনদের মৌখিকভাবে আমন্ত্রণও করেছিলেন। এত সব করে হঠাৎ তাঁর দেহান্তর, তিনি চলে গেলেন অনতিক্রম্য দূরে। কণ্ঠশীলন আয়োজিত নরেন বিশ্বাস পদক, ২০১৪ প্রদান অনুষ্ঠানে তাই শিল্পী কাইয়ুম চৌধুরী এসেছিলেন ছবি হয়ে।
গতকাল কণ্ঠশীলন আয়োজন করেছিল বাকশিল্পাচার্য নরেন বিশ্বাস স্মরণ ও তাঁর নামাঙ্কিত পদক প্রদান অনুষ্ঠানের। অনুষ্ঠানের শীর্ষ বাণী ছিল ‘আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে’। অনুষ্ঠানে এ বছর পদক দেওয়া হয় অভিনেতা খালেদ খানকে (মরণোত্তর)। যাঁর নামে পদক, যিনি পেলেন এবং যাঁকে উৎসর্গ করে আয়োজন—তাঁরা তিনজনই চলে গেছেন না-ফেরার দেশে। তাই পদক প্রদান অনুষ্ঠানটিতে বিরাজ করছিল শোকের আবহ। কণ্ঠশীলনের আহ্বায়ক বরেণ্য চিত্রশিল্পী কাইয়ুম চৌধুরীর মৃত্যুর শোক মিশে ছিল অনুষ্ঠানের প্রতিটি পর্বে, প্রত্যেকের কথায় ও কবিতার উচ্চারণে।
গতকাল ছায়ানট ভবনের প্রধান মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অধ্যাপক আনিসুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। স্বাগত বক্তব্য দেন কণ্ঠশীলনের প্রতিষ্ঠাতা সদস্য ফওজিয়া মান্নান। অনুষ্ঠানে খালেদ খানকে নিয়ে অভিনন্দন পাঠ করেন মাসুমা জাহান। অনুষ্ঠানে নরেন বিশ্বাস পদক ২০১৪ খালেদ খানের মেয়ে ফারহিন খানের হাতে তুলে দেন অধ্যাপক আনিসুজ্জামান। এ সময় আরও উপস্থিত ছিলেন কণ্ঠশীলনের প্রবর্তক বিপ্লব বালা, কাজী আরিফ, ভাস্বর বন্দ্যোপাধ্যায় প্রমুখ। এতে কাইযুম চৌধুরীর স্মৃতিচারণা করেন তাঁর ছেলে মইনুল ইসলাম জাবের, নরেন বিশ্বাসকে নিয়ে বলেন তাঁর মেয়ে মনীষা বিশ্বাস এবং খালেদ খানের স্মৃতিচারণা করেন তাঁর অনুজ শাহীন খান।
অতিথিরা কণ্ঠশীলন নিয়ে কাইয়ুম চৌধুরীর ব্যাকুলতার কথা স্মরণ করেন। কাইয়ুম চৌধুরীকে স্মরণে রেখে কণ্ঠশীলন একটি মর্যাদাপূর্ণ অবস্থানে পৌঁছাবে বলেও আশা প্রকাশ করেন তাঁরা।
অনুষ্ঠানে গান করেন তানিয়া মান্নান, লাইসা আহমদ, ইলোরা আহমেদ প্রমুখ। আবৃত্তি করেন কাজী আরিফ, ভাস্বর বন্দ্যোপাধ্যায়, লায়লা আফরোজ, শামীমা নাজনীন, জহিরুল হক খান।
খালেদ খানের সহধর্মিণী মিতা হক খালি গলায় পরিবেশন করেন ‘অন্ধজনে দেহ আলো’।