শোক দিবসে এফডিসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লাইট-ক্যামেরার এলাকাটি গতকাল যেন স্থবির হয়ে গিয়েছিল। জাতীয় শোক দিবস উপলক্ষে অন্য সব প্রতিষ্ঠানের মতো গতকাল এফডিসির প্রশাসনিক কার্যক্রমও বন্ধ ছিল। বন্ধ ছিল ছবির শুটিং ও ডাবিংয়ের কাজও। তবে এফডিসি প্রাঙ্গণে ছিল শোক দিবসকে ঘিরে নানা আয়োজন। প্রশাসন থেকে শুরু করে চলচ্চিত্রসংশ্লিষ্ট ব্যক্তিদের নানা সংগঠন এই দিনটিকে পালন করে শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে। এফডিসি প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে, মিলাদ মাহফিল ও গণভোজের আয়োজন করা হয়।
গতকাল দুপুরে সরেজমিনে এফডিসিতে দেখা যায়, প্রবেশপথের পাশে থাকা বঙ্গবন্ধুর প্রতিকৃতিটি ফুলে ফুলে ভরে গেছে। পাশেই দাঁড়িয়ে থাকা এক কর্মী বললেন, ‘এফডিসি কর্তৃপক্ষ, পরিচালক সমিতি, প্রযোজক পরিবেশক সমিতি, শিল্পী সমিতিসহ সব সংগঠনই সকাল ১০টার পর থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে এখানে।’
এরপর ক্যানটিনসংলগ্ন রাস্তায় গিয়ে দেখা যায় মানুষের জটলা। শোক দিবস উপলক্ষে সেখানে আয়োজন করা হয়েছিল গণভোজের। এফডিসির জনসংযোগ কর্মকর্তা হিমাদ্রী বড়ুয়া বলেন, বঙ্গবন্ধুর ওপর আলোচনা সভা ও আত্মজীবনীর ওপর স্থিরচিত্র প্রদর্শনী করে এফডিসি কর্তৃপক্ষ। বেলা ১১টায় এফডিসির ভিআইপি প্রজেকশন হলে আলোচনা সভা হয়। এফডিসির ব্যবস্থাপনা পরিচালক তপন কুমার ঘোষ, পরিচালক (উত্পাদন) দেলোয়ার হোসাইনসহ অনেকেই উপস্থিত ছিলেন সেই সভায়।
তবে দিনভর শুটিং বন্ধ থাকলেও শুটিংয়ের প্রস্তুতির কাজ আটকে ছিল না। ১ নম্বর ফ্লোরে গিয়ে দেখা গেল, চলছে জেলখানা তৈরির কাজ। সেটের একজন কর্মী বললেন, ‘রক্ত ছবির জন্য সেট তৈরির কাজ হচ্ছে।’ সব সংগঠনের কার্যালয়ের সামনেই শোক দিবসের স্মরণে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।