শোক পারায়ে যাক সবল পায়ে
ছবির সামনে ফুল, নিচে প্রদীপ জ্বলছে। চারপাশে রাশি রাশি পুস্তিকা, পোস্টার, আলোকচিত্র, সেটের অনুকৃতি পরিপাটি করে সাজানো। আমন্ত্রিত ব্যক্তিরা সাগ্রহে দেখছেন ঘুরে ঘুরে। কর্মীদের ব্যস্ততা। সন্ধ্যার পর বহুজনের কণ্ঠে সচকিত জাতীয় নাট্যশালার পরিবেশ। কিন্তু যাকে নিয়ে আয়োজন, সেই তিনিই নীরব। কারও ছবিতে যখন ফুল দেওয়া হয়, তখন বোঝাই যায়, সেই মানুষটি আর নেই। সেলিম আল দীন নিজেই বলেছিলেন ধাবমান নাটকে ‘সে মৃত্যুকষ্ট জয়ী হোক সে দুঃখ জয়ী হোক/ শোক পারায়ে যাক সবল পায়ে...’। তেমন করেই সবল পায়ে শোক পেরিয়ে তাঁর ফেলে যাওয়া কাজ অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয়ে জন্মদিনের উৎসবে শামিল হয়েছেন সুহূদ ও অনুজেরা। বেঁচে থাকলে ১৮ আগস্ট ৬২ বছর হতো নাট্যাচার্য সেলিম আল দীনের। তাঁকে সঙ্গে নিয়েই জন্মদিনের উৎসব হতো। না থাকার শূন্যতাকে মেনেই জন্মজয়ন্তীর আয়োজন করেছে ঢাকা থিয়েটার, স্বপ্নদল, বাংলাদেশ গ্রাম থিয়েটার ও দ্যাশবাংলা থিয়েটার। ১৮ আগস্ট থেকে শুরু হওয়া ‘তোমার সম্মুখে অনন্ত মুক্তির অনিমেষ ছায়াপথ’ নামের দুই দিনের উৎসবের গতকাল শুক্রবার ছিল শেষ দিন। অনুষ্ঠানের কর্মসূচি যেমন বিপুল, তেমনি বৈচিত্র্যময়। প্রতিটি বিষয়ই আলাদা করে আলোচিত হওয়ার যোগ্য। নাট্যশালার সামনের বাবুল বিশ্বাসের সংগ্রহ করা বাংলা নাটকের তথ্য ও দলিলপত্রের যে প্রদর্শনী চলছে, তা এক কথায় অসাধারণ। এ ছাড়া গতকাল ছিল সেলিম আল দীন স্মারক বক্তৃতা। এতে মূল বক্তব্য উপস্থাপন করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব মফিদুল হক। আর সন্ধ্যায় ছিল নাট্য প্রদর্শনী। জাতীয় নাট্যশালায় সন্ধ্যা সাড়ে সাতটায় ঢাকা থিয়েটার মঞ্চস্থ করে নাটক ধাবমান। এক মহিষের মানবকল্যাণে নিজের জীবন উৎসর্গ করার কাহিনি। ময়মনসিংহের বিরিশিরি দুর্গাপুর, সোমেশ্বরী নদী এ আখ্যানের পটভূমি। ‘সোহরাব’ নামের এক মহিষকে নিয়ে নাট্যকাহিনি আবর্তিত। আরও আছে ‘সোহরাব’-এর মা ‘হামেলা’, তাদের প্রতিপালক নহবত আলী, পত্নী সুবতী, পঙ্গু পুত্র এসহাক ও বোবা কন্যা এষা। পরিবারের একজন হিসেবে বেড়ে ওঠে মহিষ সোহরাব। একই সময়ে পরীক্ষণ থিয়েটারে স্বপ্নদল পরিবেশন করে হরগজ এবং স্টুডিও থিয়েটারে দ্যাশবাংলা থিয়েটার মঞ্চস্থ করে জুলান।উৎসব সম্পর্কে ঢাকা থিয়েটারের সভাপতি নাসির উদ্দীন ইউসুফ বললেন, ‘সেলিম আল দীনকে বাদ দিয়ে বাংলা নাটকের আলোচনা পূর্ণাঙ্গ হবে না। মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীনতা অর্জন করা আমাদের দেশে ঔপনিবেশিকতার প্রভাববলয় ভেঙে নিজস্ব নাট্যরীতির প্রবর্তনের জন্য তিনি আজীবন সক্রিয় থেকেছেন। তাঁকে সঙ্গে নিয়ে ৬২তম জন্মদিন পালনের উৎসব থেকে ভাগ্য আমাদের বঞ্চিত করেছে।’