শোক পেরিয়ে আনন্দঘন জন্মের উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রদীপ হাতে কয়েকজন তরুণী গান করছেন। মাঝের দুজনের হাতে বিশাল আকৃতির ছবি। শিল্পকলা একাডেমীর পরীক্ষণ থিয়েটার মিলনায়তনের বাইরে পোস্টার, আলোকচিত্র। সবকিছু পরিপাটি করে সাজানো। আছে কর্মীদের ব্যস্ততা। আমন্ত্রিত অতিথিরা সাগ্রহে দেখছেন ঘুরে ঘুরে। বহুজনের কণ্ঠে সচকিত পরিবেশ। শুধু ওই ছবির মানুষটি নীরব। তাঁকে আর পাওয়া যাবে না কোনো আয়োজনে, কোনো প্রয়োজনে।গতকাল বুধবার বিকেলে শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটারে যখন নাট্যাচার্য সেলিম আল দীন জন্মোৎসব শুরু হয়েছে, তখন তিনি অনতিক্রমনীয় দূরত্বে। তিনি কী দেখছিলেন ছেড়ে যাওয়া সঙ্গী ও অনুরাগীরা কী গভীর শ্রদ্ধা ও নিখাদ ভালোবাসায় স্মরণে রেখেছে তাঁকে? এ প্রশ্নের উত্তর কারও জানা নেই। তবু মানুষ বুকভরা আশা নিয়ে, প্রগাঢ় বিশ্বাস করে, লোকান্তরে চলে যাওয়া স্বজন নিশ্চয়ই দেখতে পাবেন তাঁদের নিবেদিত শ্রদ্ধা, ব্যথাতুর হূদয়ের নিভৃত রক্তক্ষরণ।বেঁচে থাকলে গতকাল ১৮ আগস্ট ৬১ বছর হতো নাট্যাচার্য সেলিম আল দীনের। জন্মদিনের উৎসব হতো তাঁকে সঙ্গে নিয়েই। না থাকার শূন্যতাকে মেনেই জন্মজয়ন্তীর আয়োজন করেছে নাটকের সংগঠন স্বপ্নদল, শিল্পকলা একাডেমীর সহযোগিতায়। উদ্বোধন করেন সেলিম আল দীনের সহধর্মিণী বেগমজাদী মেহেরুন্নেসা। নাট্যকর্মীরা সেলিম আল দীনকে ‘প্রাচ্যমঞ্চের পার্থ’ হিসেবে বর্ণনা করে উৎসবসংগীত পরিবেশন করেন। এ সময় গানের সঙ্গে নাচের মুদ্রা পরিবেশনের মধ্য দিয়ে নাট্যগুরুকে অঞ্জলি জানান নাট্যকর্মীরা। রামেন্দু মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে সেলিম আল দীনের জীবন ও শিল্পকর্ম নিয়ে আলোচনা করেন নাসির উদ্দীন ইউসুফ, লিয়াকত আলী, গোলাম সারোয়ার, স্বপ্নদলপ্রধান জাহিদ রিপন প্রমুখ। বিকেলে ‘প্রাচ্যমঞ্চের পার্থ হে তুমি/ পুণ্যশ্লোক সেলিম আল দীন’ স্লোগান নিয়ে আয়োজিত জন্মোৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, সমকালীন বাঙালির শিল্পভুবনে সেলিম আল দীন ব্যক্তিকে অতিক্রম করে যেন প্রতিষ্ঠান হয়ে উঠেছেন। কেননা বাঙালির হাজার বছরের নাট্য-ঐতিহ্যের নিজস্ব অস্তিমান ধারাকে অনুসরণ ও অবলম্বনপূর্বক তিনি যে নাট্য আঙ্গিক নির্মাণ এবং আপনা অস্তিত্বের অনিবার্য পথে জাতিকে উদ্বুদ্ধ করেছেন তার তুলনা বাংলা ও বিশ্বসাহিত্যে অবশ্যই বিরল। বাঙালির জাতীয় নাট্য আঙ্গিক নির্মাণের ক্ষেত্রে এই নাট্যকারের রচনা ও গবেষণা তথা নাট্যাকৃতির ভূমিকা অনস্বীকার্য। অনুষ্ঠানের কর্মসূচি যেমন বিপুল তেমনি বৈচিত্র্যময়। পরীক্ষণ থিয়েটার মিলনায়তনের সামনে অনেক পুরোনো নাটকের পোস্টার ও দুর্লভ আলোকচিত্র নিয়ে যে প্রদর্শনী চলছে, তা এক কথায় অসাধারণ।ফেস্টুনে লেখা স্মৃতিসন্ধ্যায় পরীক্ষণ থিয়েটারে ছিল সেলিম আল দীনকে নিয়ে এবং তাঁর লেখা থেকে তৈরি নাটক। নাম ফেস্টুনে লেখা স্মৃতি। গতকাল শুরু হওয়া উৎসব মাথায় রেখেই স্বপ্নদল মঞ্চে আনছে নাটকটি। বুধবার সন্ধ্যায় জাতীয় নাট্যশালায় নাটকের উদ্বোধনী প্রদর্শনী অনুষ্ঠিত হলো। ১৯৯৩ সালের ১৫ ডিসেম্বর আজকের কাগজ পত্রিকার উপসম্পাদকীয় কলামে মুক্তিযুদ্ধের স্মৃতি নিয়ে সেলিম আল দীনের একটি লেখা ছাপা হয়েছিল। সেই লেখাই এ নাটকের ভিত। বাদ্যানুষঙ্গে শুরু হলো নাটকটি। শুরুতেই নাচ। চারজন মেয়ে নেচে-গেয়ে পুণ্যশ্লোকে স্মরণ করলেন সেলিম আল দীনকে। শীতের নকশি পিঠা খাওয়া, নানা ধরনের উৎসবের পথ ধরে এগোতে থাকে নাটক। চলে আসে মুক্তিযুদ্ধ। এগিয়ে যেতে থাকে নাটক। সেলিম আল দীনের লেখাটির নাট্যরূপ দিয়েছেন জাহারাবী রিপন। উৎসবের দ্বিতীয় দিনে বৃহস্পতিবার মঞ্চস্থ হবে শিল্পকলা একাডেমীর প্রযোজনা পুত্র। তৃতীয় দিন শুক্রবার আয়োজন করা হবে সেমিনার। ‘সেলিম আল দীনের নাটক: মুক্তিযুদ্ধ ও প্রতিবাদী চেতনার কথাচিত্র’ শীর্ষক এ সেমিনারে মূল বক্তা থাকবেন নাসির উদ্দীন ইউসুফ। একই বিষয়ে আলোচনা করবেন পীযূষ বন্দ্যোপাধ্যায়, আফসার আহমেদ, লুৎফর রহমান, ইসরাফিল শাহীন, জাহীদ রেজা নূর ও ঢালী আল মামুন। উৎসবের অন্যান্য দিনে মঞ্চস্থ হবে স্বপ্নদলের নাটক হরগজ ও ঢাকা থিয়েটারের প্রযোজনা নিমজ্জন।জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সেলিম আল দীনের জন্মজয়ন্তীজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জানান, গভীর শ্রদ্ধা আর ভালোবাসায় গতকাল বুধবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সেলিম আল দীনের ৬১তম জন্মজয়ন্তী পালন করা হয়। এ উপলক্ষে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করে। বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের পুরাতন কলাভবনে ‘সেলিম আল দীন কক্ষ’ উদ্বোধন করেন সেলিম আল দীনের স্ত্রী বেগমজাদী মেহেরুন্নেসা সেলিম। এতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শরীফ এনামুল কবির। বেলা সাড়ে ১১টার দিকে বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি আনন্দ শোভাযাত্রা পুরাতন কলাভবন থেকে শুরু হয়ে সেলিম আল দীনের সমাধি প্রাঙ্গণে শেষ হয়। পরে সমাধিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। এ সময় নাট্যব্যক্তিত্ব নাসির উদ্দীন ইউসুফ, পীযূষ বন্দ্যোপাধ্যায়, ঝুনা চৌধুরী, হূমায়ুন কবির, সাংস্কৃতিক ব্যক্তিত্ব হাসান আরিফ প্রমুখ উপস্থিত ছিলেন। দুপুর ১২টায় জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে অনুষ্ঠিত ‘বাংলা সংস্কৃতি ও সেলিম আল দীন’ শীর্ষক আলোচনা সভায় সভাপতিত্ব করেন কথাসাহিত্যিক সৈয়দ শামসুল হক। আলোচক হিসেবে ছিলেন বেগমজাদী মেহেরুন্নেসা সেলিম এবং নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের অধ্যাপক আফসার আহমদ। সন্ধ্যা সাতটায় নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা সেলিম আল দীন রচিত ও সুরারোপিত গান পরিবেশন করেন। রাত আটটায় বিভাগের শিক্ষক রেজা আরিফের নির্দেশনায় ঔপন্যাসিক এরিখ মারিয়া রেমার্কের উপন্যাস অবলম্বনে নাটক অল কোয়াইট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট পরিবেশন করেন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা।