
স্বর্গ থেকে আবার মর্ত্যে প্রত্যাবর্তন হচ্ছে তাঁর, আর মিডিয়ায় শোরগোল হবে না? তা কী করে হয়!
প্রিন্সেস ডায়ানা তাঁর জীবদ্দশায় হয়ে গিয়েছিলেন একধরনের গুজুবে সাংবাদিকদের রুটি রুজির উৎস। তাঁকে নিয়ে হররোজ কত কেচ্ছাকাহিনি! আর সেসব কাহিনির সন্ধানে পিছু লেগে থাকত ক্যামেরা। ছায়ার মতো অনুসরণ করত পাপারাজ্জি। এমনও তো শোনা গিয়েছিল, যে সড়ক দুর্ঘটনায় তিনি মারা গেছেন, সেই দুর্ঘটনার কারণই নাকি ছিল পাপারাজ্জিদের তাড়া। সেটা অবশ্য প্রমাণ করা যায়নি। তাঁর মৃত্যু আজও রহস্যের গোলকধাঁধায় ঘুরপাক খাচ্ছে।
সেই রাজকুমারী ডায়ানা যখন রুপালি পর্দা দিয়ে আবার ফিরে আসছেন, সেই সময়ই আবারও মিডিয়ায় শোরগোল হবে, সেটাই তো স্বাভাবিক। গত রোববার আরেকটা বোমা ফাটিয়েছে ব্রিটিশ ট্যাবলয়েড সানডে মিরর। ডায়ানার মৃত্যুতে ব্রিটিশ রাজপরিবারের ভেতরেরই একটা অংশের হাত আছে—পুরোনো এই গুঞ্জনটাকে উসকে দিয়েছে মিরর-এর রোববারের সংস্করণ। বিশেষ ব্রিটিশ বাহিনী এসএএস-এর একজন সদস্যের সাবেক স্ত্রী দাবি করেছেন, প্যারিসের টানেলে ডায়ানার গাড়ি দুর্ঘটনাটি ছিল পরিকল্পিত।
ব্রিটিশ রাজপরিবারের ভেতরের কারও নির্দেশেই সেটি করা হয়েছে। আসল নাম আড়াল করে ‘সোলজার এন’ নামে পরিচয় দেওয়া সেই এসএএস সদস্য তাঁর স্ত্রীর কাছে নিজমুখে এটি স্বীকার করেছিলেন বলে দাবি করেছেন সেই স্ত্রী। ডায়ানা আর তাঁর প্রেমিক দোদি আল ফায়েদকে বহন করা গাড়িটির চালকের চোখে আলো ফেলে এই দুর্ঘটনাটি নাকি ঘটানো হয়েছে। আর প্রচণ্ড গতিতে ছুটতে থাকা সেই চালকের চোখে আলো ফেলে চোখ ধাঁধিয়ে দেওয়ার কাজটি করেছেন এসএএসেরই এক সদস্য। এমন দাবির পর নড়েচড়ে বসেছে গোয়েন্দা সংস্থা স্কটল্যান্ড ইয়ার্ড।
এমনই শোরগোলের মধ্যে আগামীকাল মুক্তি পাচ্ছে ডায়ানা। অলিভার হার্শবিগেলের পরিচালনায় ডায়ানা চরিত্রে অভিনয় করেছেন নাওমি ওয়াটস। চিত্রনাট্য লেখা হয়েছে ২০০১ সালে প্রকাশিত কেট স্নেলের ডায়ানা: হার লাস্ট লাভ বইটি অবলম্বনে। মজার ব্যাপার হলো, ডায়ানার শেষ ভালোবাসা হিসেবে এই ছবিতে যতটা না দৃষ্টি দেওয়া হয়েছে দোদি ফায়েদের ওপর, তার চেয়ে বেশি উঠে এসেছেন পাকিস্তানি চিকিৎসক হাসনাত খান।

ডায়ানার প্রেমিক হিসেবে দোদি আল ফায়েদকে নিয়ে আলোচনার স্রোতে আড়ালেই চলে গিয়েছিলেন হাসনাত। কিন্তু ডায়ানার কাছের বন্ধুদের দাবি ছিল, হাসনাতকেই আসলে পাগলের মতো ভালোবাসতেন ডায়ানা। এমনকি হাসনাতকে বিয়েও করতে চেয়েছিলেন তিনি। এই তথ্য দিয়েছেন পাকিস্তানের বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খানের সাবেক স্ত্রী জেমাইমা খান। জেমাইমা এও দাবি করেন, কট্টর পশতু পরিবারের হাসনাত বিয়ে করতে রাজি না হওয়ায় খেপে গিয়েছিলেন ডায়ানা। হাসনাতকে শিক্ষা দিতেই, তাঁকে ঈর্ষাকাতর করে তুলতেই নাকি দোদির সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন তিনি!
ছবিতে ডায়ানার জীবনের শেষ দুটি বছরের গল্পই শুধু বলা হয়েছে। প্রিন্স চার্লসের সঙ্গে ছাড়াছাড়ির পর থেকে মৃত্যু পর্যন্ত এই সময়টায় আসলে মসলাদার অনেক গল্পই রটেছে ডায়ানাকে নিয়ে। ফলে এই ছবিতেও গল্পের অভাব যে থাকছে না, সেটা বলে না দিলেও চলে। যদিও ডায়ানা প্রসঙ্গে গত দেড় দশক মুখে কুলুপ এঁটে বসে থাকার পর বাধ্য হয়ে মুখ খুলেছেন হাসনাত। বলেছেন, এই ছবিতে যা করা হয়েছে সবই মিথ্যাচার। ছবিটি বানানোর আগে তাঁর কাছ থেকে মৌখিক সম্মতি নেওয়া হয়েছিল—প্রযোজকের এমন দাবিও উড়িয়ে দিয়েছেন তিনি।
ছবিটি দর্শকেরা কীভাবে নেন, এ নিয়ে উদ্বেগে আছেন নাওমি। তবে দর্শকদের চেয়েও তাঁর বড় চিন্তা দুই রাজপুত্র—ডায়ানার দুই ছেলেকে নিয়ে। তবে ডায়ানা চরিত্রে নিজেকে ফুটিয়ে তুলতে চেষ্টার কোনো কমতি ছিল না তাঁর। নিরন্তর খেটে গেছেন। ডায়ানার শত শত ভিডিও ফুটেজ দেখেছেন। তাঁর শ্রম কতটা সার্থক হলো, সেটাই বোঝা যাবে এবার।
যদিও নাওমি নন, আলোচনায় আসলে ডায়ানাই। তাঁর ব্যক্তিত্বটাই ছিল এমন। তাঁর দ্যুতিতে বাকি সবাই ম্লান হয়ে যেত। মৃত্যুর পরও ডায়ানা যেন এখনো সেই আগের মতোই সমুজ্জ্বল!
l রাজীব হাসান, ইয়াহু মুভিজ অবলম্বনে