শোষণহীন সমাজ গঠনের শপথ উদীচীর
সামাজিক, ধর্মীয় ও সাম্প্রদায়িক অনাচার হটিয়ে, ফতোয়াবাজি আর মৌলবাদের মূল উপড়ে ফেলে শোষণহীন সমাজ গঠনের শপথ নিল উদীচী। গতকাল শনিবার বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর সপ্তদশ জাতীয় সম্মেলনের শেষ দিনে আবারও যুদ্ধাপরাধীদের বিচারের দাবি তুলেছে দেশের অন্যতম প্রধান এই সাংস্কৃতিক সংগঠনটি। ‘সাথীদের খুনে রাঙা পথে পথে হায়নার আনাগোনা সইবো না’ স্লোগান নিয়ে গত শুক্রবার শুরু হয়েছিল সপ্তদশ জাতীয় সম্মেলন। গতকাল সম্মেলনের দ্বিতীয় দিনে সারা দেশ থেকে অংশ নেওয়া প্রতিনিধিদের মতামতে গোলাম মোহাম্মদ ইদু সভাপতি ও হাবিবুল আলম সাধারণ সম্পাদক নির্বাচিত হন। তাঁদের নেতৃত্বে আগামী দুই বছরের জন্য গঠিত হয়েছে ৭৫ সদস্যবিশিষ্ট নতুন কমিটি। দিনভর সাংগঠনিক আলোচনার পর সন্ধ্যা ছয়টা থেকে পরিবেশিত হয় সংগীত, নৃত্য, নাটক ও আবৃত্তি।সঞ্জীব উৎসবশিল্পী সঞ্জীব চৌধুরীর ৪৭তম জন্মদিন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের বকুলতলায় গতকাল শনিবার প্রথমবারের মতো আয়োজন করা হয় বর্ণাঢ্য ‘সঞ্জীব উৎসব’। বিকেলে এই অনুষ্ঠানে সংগীত পরিবেশন করে প্রয়াত গায়কের ব্যান্ড দলছুট। নিজের গানের পাশাপাশি সঞ্জীব চৌধুরীর বেশ কয়েকটি জনপ্রিয় গান গেয়ে শোনান ব্যান্ডের ভোকাল বাপ্পা মজুমদার। অনুষ্ঠানে নির্ঝর, শহরতলীসহ আরও কয়েকটি ব্যান্ড সংগীত পরিবেশন করে। অনুষ্ঠানে ‘দলছুট’-এর পঞ্চম অ্যালবাম আয় আমন্ত্রণ-এর আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করা হয়। সঞ্জীব চৌধুরীকে উৎসর্গ করে প্রকাশিত অ্যালবামে মোট ১১টি গান রয়েছে। এটি প্রকাশ করেছে অগ্নিবীণা।ছোটদের ছবি আঁকামিষ্টি রোদে ঝলমলে শীতের সকালে গতকাল শনিবার চ্যানেল আই কার্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো ‘মেরিডিয়ান-আনন্দ আলো চিলড্রেন পেইন্টিংস’-এর ঢাকা বিভাগের বাছাইপর্বের প্রতিযোগিতা। সকালে ক বিভাগে পাঁচ শতাধিক এবং বিকেলে খ বিভাগে সাত শতাধিক প্রতিযোগী এতে অংশ নেয়। এবার ঢাকাসহ সারা দেশে মোট ১১টি অঞ্চলে বাছাইপর্বের প্রতিযোগিতা হয়েছে।গতকাল বাছাইপর্বে শিশুদের ছবি আঁকা দেখতে এসেছিলেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি। শিশুরা এঁকেছে দেশের চিরশ্যামল নিসর্গের ছবি। পররাষ্ট্রমন্ত্রী তাদের ছবি দেখে মুগ্ধ হয়ে বলেন, বাংলাদেশ সবুজ প্রকৃতির দেশ। দেশের শিশুরাও সবুজ। তিনি দেশকে সুন্দর করে উপস্থাপনার জন্য এমন প্রদর্শনীর উদ্যোগের প্রশংসা করেন। এ সময় পররাষ্ট্রসচিব মিজারুল কায়েস, মানবজমিন পত্রিকার প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী, প্রতিযোগিতার প্রধান বিচারক শিল্পী হাশেম খান, আনন্দ আলো-এর সম্পাদক রেজানুর রহমান, মেরিডিয়ান ফুডসের ন্যাশনাল ম্যানেজার মিজানুর রহমান উপস্থিত ছিলেন। আয়োজকেরা জানান, ৩১ ডিসেম্বর শাহবাগের কেন্দ্রীয় গণগ্রন্থাগার মিলনায়তনে চূড়ান্ত প্রতিযোগিতা হবে। দুই বিভাগে বিজয়ী মোট ছয়জন খুদে আঁকিয়েকে সেদিন আনুষ্ঠানিকভাবে পদক দেওয়া হবে। সুনামগঞ্জে তিন দিনব্যাপী পথনাট্য উৎসব শুরুসুনামগঞ্জ প্রতিনিধি জানান, ‘নাটক আমাদের-আমরা মানুষের’ স্লোগান নিয়ে সুনামগঞ্জে প্রসেনিয়াম থিয়েটারের উদ্যোগে গতকাল শনিবার থেকে তিন দিনব্যাপী পথনাট্য উৎসব শুরু হয়েছে। বিকেলে শহরের পৌর ভবন চত্বরের মুক্তমঞ্চে উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. ফয়জুর রহমান। কাল সোমবার উৎসব শেষ হবে।উৎসবে সিলেট বিভাগের আটটি নাট্য সংগঠন পথনাটক করবে। গতকাল সিলেট নাট্যমঞ্চ, নগর নাট ও শায়েস্তাগঞ্জ থিয়েটার নাটক করে।কুমিল্লায় চলছে ১১ দিনব্যাপী নাট্যোৎসবনিজস্ব প্রতিবেদক, কুমিল্লা জানান, ‘ঐতিহ্য ও গৌরবের ১২৫ বছর’ স্লোগান নিয়ে কুমিল্লা টাউন হলে চলছে ১১ দিনব্যাপী নাট্যোৎসব। প্রতিদিন বিকেল থেকে টাউন হল মিলনায়তনে নাট্যপ্রেমীদের সমাগমে মুখরিত হয়ে উঠছে। গতকাল শনিবার সন্ধ্যায় নাট্যোৎসবের পঞ্চম দিনে লাকসামের ডাকাতিয়া থিয়েটার মঞ্চস্থ করে ডাকাতিয়ার তীরে। আজ রোববার ভিক্টোরিয়া কলেজ থিয়েটার মুক্তিযুদ্ধভিত্তিক নাটক নির্বাসিত স্বাধীনতা মঞ্চস্থ করবে। উৎসব শেষ হবে ৩১ ডিসেম্বর। সিলেটে ‘রানওয়ে’র প্রদর্শনী শেষ সিলেট প্রতিনিধি জানান, গতকাল শনিবার রাতে সিলেট মিলনায়তনে রানওয়ে চলচ্চিত্রের তিন দিনব্যাপী প্রদর্শনী শেষ হয়েছে। শেষ দিনে চারটি প্রদর্শনী হয়। রানওয়ের সঙ্গে মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে তারেক মাসুদের নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নরসুন্দর দেখানো হয়। সন্ধ্যায় সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।