শোয়ের আগে ও শোয়ে
সুযোগ হলো হ্যামলেট: দ্য ক্লাউন প্রিন্স-এর মূল চরিত্র রূপদানকারী অতুল কুমারের সঙ্গে কথা বলার। যিনি আলাপচারিতার শুরুতেই নাটকীয় ভঙ্গিতে ঘোষণা করলেন, ‘ইয়েস, আই আ্য্যম দ্য হ্যামলেট!’ অতুল সঙ্গে আরও যোগ করলেন, ‘রজত আর আমি দীর্ঘদিনের বন্ধু। আমরা প্রায় ২৫ বছর একসঙ্গে কাজ করছি। আমার বেশির ভাগ কথাই কিন্তু রজতের সঙ্গে মিলে যাবে।’ মেলে কি না, যাচাই করতেই অতুল কুমারের কাছেও একই প্রশ্ন! যদি আপনাদের নাটকে উইলিয়াম শেক্সপিয়ার উপস্থিত থাকতেন... কথা শেষ হওয়ার আগেই অতুল প্রশ্নটা লুফে নিলেন, ‘আমার মনে হয় তিনি মরেই যেতেন! বলতেন ওহ্ মাই গড, কী গন্ডগোল পাকিয়েছে এরা!’ আমাদের বিস্মিত চোখমুখ আড়চোখে দেখে নিয়ে রজত কুমারের পথেই হাঁটলেন অতুল, ‘হাঃ হাঃ... মজা করছিলাম। আমার ধারণা, তিনি খুশি হতেন। বলতেন ওয়াও! আমি জানতাম না, এটা এভাবেও করা সম্ভব!’ মজার মানুষ অতুল আরও জানালেন, বাংলাদেশে এটাই তাঁর প্রথম আসা। বাংলাদেশের নাটক, সিনেমা, মঞ্চ সম্পর্কে খুব বেশি কিছু না জানলেও বাংলাদেশের ক্রিকেটারদের তিনি চেনেন! অতুল আশা প্রকাশ করলেন, সাংস্কৃতিক যোগাযোগের মাধ্যমে দুই দেশের সম্পর্ক আরও গভীর হবে।রজত কাপুর আর অতুল কুমারের দলে আরও ছিলেন কালকি কোয়েচলিন, নিল ভুমপালাম, নমিত দাস, সুজয় সাপলে ও পূজা স্বরূপ।‘হ্যামলেট: দ্য ক্লাউন প্রিন্স’১৮ মে রেডিসন ব্লুয়ের উৎসব হলে সন্ধ্যা সাতটায় মঞ্চায়িত হয় হ্যামলেট: দ্য ক্লাউন প্রিন্স। উইলিয়াম শেক্সপিয়ারের হ্যামলেট-এর অন্য সংস্করণ বলা হলেও এর স্বাদ সম্পূর্ণ ভিন্ন। ছয়জন ভাঁড় এখানে হ্যামলেট নাটকটি মঞ্চায়নের প্রাণান্তকর চেষ্টা করতে থাকেন এবং ভুলচুক করে হাস্যরসের জন্ম দেন। ইতালীয়, ফরাসি, সোয়াহেলীসহ আরও নানা ভাষার সংমিশ্রণে নাটকের কলাকুশলীদের অভিনয় ছিল অসাধারণ! সব মিলিয়ে হ্যামলেট: দ্য ক্লাউন প্রিন্স-এর ১২৭তম মঞ্চায়ন মন মাতিয়েছে ঢাকার দর্শকদের। নাটকটির আয়োজক এক্সকালিবার এন্টারটেইনমেন্ট, যাত্রিক ও কালচারপট। এর পৃষ্ঠপোষকতায় ছিল এয়ারটেল বাংলাদেশ লিমিটেড।