শ্বশুরবাড়ি গেলেন কারিনা
মুম্বাই ও দিল্লিতে বিয়ের পাঁচ দিনের টানা আনুষ্ঠানিকতা শেষে শ্বশুরবাড়ি পৌঁছেছেন বলিউডের অভিনেত্রী ও পতৌদি পরিবারের নতুন বউ কারিনা কাপুর। ১৯ অক্টোবর শুক্রবার স্বামী সাইফ আলী খানের সঙ্গে হরিয়ানার ইব্রাহীম প্রাসাদে উঠেছেন কারিনা।বলিউডের অভিনেতা ও পতৌদির দশম নবাব সাইফ আলী খানের পূর্বপুরুষের বাড়ি ইব্রাহীম প্রাসাদ হিসেবেই পরিচিত। এর অবস্থান হরিয়ানার গুড়গাঁও থেকে ২৬ কিলোমিটার দূরে। ১৬ অক্টোবর সাইফের সঙ্গে বিয়ে নিবন্ধনের পর গতকাল শুক্রবার হাতেগোনা কয়েকজন আত্মীয়স্বজনের সঙ্গে শ্বশুরবাড়ি পৌঁছান কারিনা। শ্বশুরবাড়িতে পৌঁছানোর পর পারিবারিক ভোজেও অংশ নেন কারিনা। সে সময় তাঁর পরনে ছিল কয়েক দশকের পুরোনো পতৌদি পরিবারের ঐতিহ্যবাহী পোশাক। ঘনিষ্ঠ সূত্রের বরাতে এমনটিই জানিয়েছে ইন্দো-এশিয়ান নিউজ।প্রসঙ্গত, গত বছরের সেপ্টেম্বরে সাইফের বাবা নবাব মনসুর আলী খান পতৌদির মৃত্যুর পর পতৌদির দশম নবাব নিযুক্ত হন সাইফ। সে সময় পতৌদির আশপাশের ৫২টি গ্রামের গণ্যমান্য ব্যক্তিরা এক অনুষ্ঠানের মাধ্যমে নতুন নবাব হিসেবে সাইফকে বরণ করে নিয়েছিলেন। কিন্তু শুক্রবারের অনুষ্ঠানে তাঁদের কেউই আমন্ত্রিত হননি।সেদিন সকাল থেকেই পতৌদি প্রাসাদের প্রধান ফটকে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে স্থানীয় লোকজনদের। কিন্তু কড়া নিরাপত্তা ব্যবস্থার কারণে সাইফ-কারিনাকে দেখার সুযোগ তাদের হয়নি।