শ্বাসকষ্টজনিত অসুস্থতায় হাসপাতালে প্রাণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পদ্মভূষণ খেতাবপ্রাপ্ত বলিউডের বর্ষীয়ান অভিনেতা প্রাণ মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি হয়েছেন। শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে ১৬ নভেম্বর থেকে চিকিত্সাধীন রয়েছেন ৯২ বছর বয়সী এ অভিনেতা।এ প্রসঙ্গে লীলাবতী হাসপাতালের মুখপাত্র চিকিত্সক সুধীর দাগোকারের উদ্ধৃতি দিয়ে পিটিআই জানিয়েছে, শ্বাসকষ্টের সমস্যা দেখা দেওয়ায় স্বাস্থ্য পরীক্ষার জন্য গত শুক্রবার হাসপাতালে নিয়ে আসা হয় প্রাণ কৃষাণকে। পরে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। তিনি সেরে উঠছেন এবং শঙ্কার কিছু নেই বলে জানিয়েছেন চিকিত্সক সুধীর।১৯২০ সালে পুরোনো দিল্লির ধনাঢ্য এক পাঞ্জাবি পরিবারে জন্ম নেন প্রাণ কৃষাণ সিকান্দ। ১৯৪০ সালে মুক্তি পাওয়া পাঞ্জাবি ছবি ‘ইয়ামলা জাত’-এর মধ্য দিয়ে অভিনয়জীবন শুরু করেন। ‘জঞ্জির’, ‘ডন’, ‘পূর্ব অর পশ্চিম’, ‘উপকার’, ‘হাফ টিকিট’, ‘জিস দেশমে গঙ্গা বেহতি হ্যায়’, ‘বড়ি বেহেন’, ‘অউরত’, ‘খানদান’সহ প্রায় সাড়ে ৩০০ ছবিতে অভিনয় করেছেন প্রাণ।খলনায়ক চরিত্রে সাবলীল ও স্বতন্ত্র অভিনয়শৈলীর কারণে ব্যাপক প্রশংসিত হয়েছেন প্রাণ। বলিউডের ছবির ইতিহাসে অন্যতম জনপ্রিয় খলনায়ক তিনি। হিন্দি চলচ্চিত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখার স্বীকৃতি হিসেবে ২০০১ সালে ভারত সরকারের কাছ থেকে পদ্মভূষণ খেতাব পান গুণী এ অভিনেতা। তাঁর ঝুলিতে অন্যান্য পুরস্কারের মধ্যে রয়েছে ফিল্মফেয়ার, জি সিনে, কলাভূষণ, স্টার স্ক্রিন, স্টারডাস্ট ভিলেন অব দ্য মিলেনিয়াম ইত্যাদি।