শ্যানেলের প্রথম পুরুষ ব্র্যাড পিট!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৯১ বছরের ইতিহাসে এই প্রথম কোনো পুরুষ তারকা ‘শ্যানেল’ সুগন্ধির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন। সম্প্রতি ফরাসি ফ্যাশন হাউস শ্যানেলের নতুন মুখ নির্বাচিত হয়েছেন ‘মানিবল’খ্যাত হলিউডি অভিনেতা ব্র্যাড পিট। এরই মধ্যে তিনি শ্যানেলের সঙ্গে সাত মিলিয়ন ডলারের চুক্তি সই করে ফেলেছেন। সম্প্রতি এই পণ্যের বিজ্ঞাপনচিত্রের বেশ কয়েকটি ভিডিও ফুটেজের অংশবিশেষ প্রকাশিত হয়েছে। সর্বোচ্চ আট সেকেন্ড ব্যাপ্তির এসব ভিডিওচিত্রের প্রায় প্রতিটিতেই দেখা গেছে ব্র্যাড পিটকে। সম্প্রতি এক খবরে এমনটিই জানিয়েছে ‘ডেইলি মেইল’। বিজ্ঞাপনচিত্রটি পরিচালনা করেছেন ‘প্রাইড অ্যান্ড প্রেজুডিস’খ্যাত ব্রিটিশ চলচ্চিত্রনির্মাতা জো রাইট। ব্র্যাড পিটকে নিয়ে নির্মিত শ্যানেলের বিজ্ঞাপনচিত্রটি প্রচারিত হবে ১৫ অক্টোবর থেকে।