শ্যাম বেনেগালকে সম্মাননা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিল্পকলা একাডেমীর সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য ও মুক্ত চলচ্চিত্র উৎসব পরিষদের সম্মাননা অনুষ্ঠানে কথা বলছেন শ্যাম বেনেগাল ছবি l সংগৃহীত
শিল্পকলা একাডেমীর সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য ও মুক্ত চলচ্চিত্র উৎসব পরিষদের সম্মাননা অনুষ্ঠানে কথা বলছেন শ্যাম বেনেগাল ছবি l সংগৃহীত

হঠাৎ শ্যাম বেনেগাল! চোখের সামনে!
১৩তম আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য ও মুক্ত চলচ্চিত্র উৎসব উপলক্ষে ঢাকায় এসেছেন তিনি। গত রোববার ভারতীয় এই পরিচালককে সম্মাননা জানানো হলো শিল্পকলা একাডেমীর জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে। শর্ট ফিল্ম ফোরাম ও ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। ছিলেন বিটিভির সাবেক মহাপরিচালক সালাউদ্দিন জাকী, ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ওমর রহমান। উপস্থাপনায় ছিলেন শর্ট ফিল্ম ফোরামের সদস্য এন রাশেদ চৌধুরী।
হাসানুল হক ইনু বলেন, ‘শ্যাম বেনেগালের মতো বিখ্যাত নির্মাতারা যদি আমাদের ফিল্ম ইনস্টিটিউটে সহযোগিতার হাত বাড়িয়ে দেন, তাহলে নতুন প্রজন্মের মধ্য থেকে আমরা ভালো চলচ্চিত্র নির্মাতার সন্ধান পাব।’
অঙ্কুর, ভূমিকা, কালিয়ুগ, জোবেইদাসহ অনেকগুলো ভালো ছবির স্রষ্টা শ্যাম বেনেগাল বলেন, ভারতীয় সিনেমার ভাষা পৃথিবীর যেকোনো সিনেমা ভাষার চেয়ে আলাদা। সাধারণত সিনেমার কাঠামো মেনে গল্প এগিয়ে চলে। কিন্তু ভারতীয় সিনেমা সম্পূর্ণ আলাদা গতিতে চলে। গল্পই সিনেমার ফর্মকে প্রভাবিত করে এখানে।
গান যে এই অঞ্চলের চলচ্চিত্রের একটি খুব গুরুত্বপূর্ণ অংশ, সেটা মানেন শ্যাম বেনেগাল। ‘গান আমাদের সিনেমাকে স্বতন্ত্র করেছে। এই গান লিখেছেন, এখনো লিখছেন দেশের বড় কবিরা। ফলে এর সাহিত্যমূল্যও অনন্য এবং শাস্ত্রীয় সংস্কৃতি থেকে উৎসারিত। মানুষের হাসি-কান্না, আনন্দ, প্রেম এই নবরসের মধ্যেই সেই সিনেমার গল্প আবর্তিত হতে থাকে।’ বলেন শ্যাম বেনেগাল।
তিনি গর্ব করার মতো আরেকটি সত্য স্মরণ করিয়ে দিয়ে বললেন, ‘উপমহাদেশীয় চলচ্চিত্র তার নতুন ভাষা পেয়েছে বাংলা সিনেমা থেকেই। সেই পঞ্চাশের দশকে পথের পাঁচালীর মধ্য দিয়েই উপমহাদেশীয় চলচ্চিত্রের স্বতন্ত্র ধারার সূত্রপাত ঘটেছিল।’