
বাতি নিভে যাওয়ার আগে চোখে পড়ল কয়েকটি পরিচিত মুখ। সাদা কাপড়ে জড়ানো সৈয়দ আবুল মকসুদকে দেখে বিস্মিত হতে হয়! রাজনৈতিক জটিল বিষয় নিয়ে লেখা মানুষটি নাচ দেখতে এসেছেন। নৃত্যশিল্পী ও অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ আর কণ্ঠশিল্পী শাকিলা জাফরকেও দেখা গেল। মায়েদের সঙ্গে এসেছিল কয়েকটি শিশু। তাদের রুচি গঠনে মায়েদের এ উদ্যোগকে স্বাগত জানাতেই হয়।
‘এনেছ ইন্দ্রমনির হার, সুবর্ণ দ্বীপ থেকে’ গানে গানে বন্ধু তার স্বর্ণবণিক বন্ধুকে বলছিলেন রাজমহিষীর কাছে সে খবর পৌঁছে গেছে। কিন্তু বণিক তার মনের মানুষকে খুঁজে না পেলে হারটি কাউকে দেবে না। মনের মানুষকে খুঁজে পাওয়া ও হারানোর বেদনার গল্প এটি। জাতক কাহিনিতে সেসব লিখেছিলেন রবীন্দ্রনাথ।
এ কথা অনেকেই জানেন, এই নৃত্যনাট্যের গল্প শুরুতে ‘পরিশোধ’ কবিতায় লিখেছিলেন কবিগুরু। ১৯৩৯ সালে তা থেকেই আবার লেখেন শ্যামা নৃত্যনাট্যটি। সেই কাহিনিই দর্শক নিজ চোখে দেখার জন্য এসে প্রেম ও বিচ্ছেদের এ আখ্যানে মুগ্ধ হন।
গতকাল বুধবার সন্ধ্যায় জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে এ নৃত্যনাট্য দেখানো হয়। প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠান শুরু করেন প্রধান অতিথি জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী। সঙ্গে ছিলেন ভারতীয় দূতাবাসের হাইকমিশনার পঙ্কজ সরন ও ইন্দিরা গান্ধী সংস্কৃতি কেন্দ্রের পরিচালক জয়শ্রী কুন্ডু। রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৪তম জন্মবার্ষিকী উপলক্ষে এ আয়োজন করেছিল ইন্দিরা গান্ধী সংস্কৃতি কেন্দ্র। অনুষ্ঠানের শুরুতে এ আয়োজন নিয়ে কথা বলেন অতিথিরা।
নৃত্যনাট্যটি পরিচালনা করেছেন ইন্দিরা গান্ধী সংস্কৃতি কেন্দ্রের নৃত্যশিক্ষক ওয়ার্দা রিহাব। সহশিল্পীরা সবাই তাঁরই শিক্ষার্থী।