
ছোটবেলা থেকেই হৃতিক রোশনের দারুণ ভক্ত শ্রদ্ধা কাপুর। শুধু ভক্তই নন, হৃতিককে নিজের আদর্শ মানেন। সেই হৃতিক কিনা শ্রদ্ধাকে চ্যালেঞ্জ দিয়ে বসলেন! টুইটারে হৃতিক লিখলেন, ‘একটি গান গেয়ে ভিডিও করে আমাদের দেখাও, তবে মুখে কোনো মেকআপ দিতে পারবে না! আমরা তোমার আসল কণ্ঠ আর আসল চেহারা দেখতে চাই! রাজি তো?’
হ্যাঁ, হৃতিক রোশনের সেই ‘ব্যাংব্যাং ডেয়ার’ চ্যালেঞ্জ করে দেখিয়েছেন শ্রদ্ধা। আর শ্রদ্ধা তা কেন পারবেন না? শ্রদ্ধার পরিচয় এখন শুধু বলিউডের নায়িকাই নন, গায়িকাও। না, আশিকি টু ছবির সেই অখ্যাত তরুণী গায়িকা থেকে সুপারস্টার হয়ে ওঠা আরোহীর কথা বলছি না। শ্রদ্ধা এখন বলিউডের প্লেব্যাক শিল্পী।
গায়িকা হিসেবে এক ভিলেন ছবিতে অভিষেক হয়েছে শ্রদ্ধার। ‘তেরে গলিয়া’ শিরোনামের গানে অঙ্কিত তিওয়ারির সঙ্গে কণ্ঠ দেন শ্রদ্ধা। গানটি প্রশংসিত হয় শ্রোতাদের কাছে। এবার হায়দার ছবিতেও গান গেয়েছেন তিনি। গানটির শিরোনাম ‘দো জাহান’। কাশ্মীরি লোকধাঁচের এই গানে তাঁর সঙ্গে ছিলেন সুরেশ ওয়াদকার। আবারও প্রশংসিত হলেন শ্রদ্ধা।
অভিনয় কি গান—কোনোটাতেই কমতি নেই বলিউডের এই তারকার। দুটোই যে রক্তে মিশে আছে। মা শিভাঙ্গি কাপুর সংগীতশিল্পী আর বাবা শক্তি কাপুর তো বলিউডের প্রায় ৫০০ ছবির অভিনেতা! সম্প্রতি মুক্তি পাওয়া শ্রদ্ধার হায়দার দেখে মেয়ের প্রশংসায় পঞ্চমুখ বাবা শক্তি কাপুর। তিনি বললেন, ‘আমার চেয়েও ভালো শিল্পী শ্রদ্ধা।’
আশিকি টু, এক ভিলেন ছবির সাফল্যের পর এবার হায়দার। এরই মধ্যে শ্রদ্ধার বিশাল ভক্তবলয় তৈরি হয়েছে। ভক্তদের সঙ্গে কথা বলার বিষয়টাতেও খুবই আন্তরিক শ্রদ্ধা। শ্রদ্ধা মনে করেন, ভক্তদের জন্যই অভিনেতা-অভিনেত্রীদের এত সুনাম। ভক্তরা প্রতিদিনের জীবনের একটা অংশ। তাই ভক্তরা কাছে এলে তাঁদের সময় দিতে আপত্তি নেই শ্রদ্ধার। নিজের হাতে অটোগ্রাফ দিতে কখনো ভুল করেন না, এমনকি কেউ ছবি তুলতে আবদার করলে তাও রাখেন তিনি।
এদিকে সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোর মধ্যে টুইটার আর ইনস্টাগ্রামে এত দিন সক্রিয় থাকলেও ফেসবুকে ছিলেন না শ্রদ্ধা কাপুর। ভক্তদের কথা ভেবে কিছুদিন আগে আনুষ্ঠানিকভাবে ফেসবুক পেজও খুললেন তিনি। ভক্তদের সঙ্গে কথা বলা, তাঁদের মতামত জানাটাও তো বেশ জরুরি হয়ে পড়ে, তাই না?
শ্রদ্ধা এখন নাচনির্ভর ছবি এবিসিডি টুর শুটিং করছেন। এ ছবিতে তাঁর বিপরীতে আছেন বরুণ ধাওয়ান। এ ছাড়া করণ জোহর প্রযোজিত উঙ্গলি ছবিতে একটি আইটেম গানে দেখা যাবে তাঁকে।
এদিকে বাস্তব জীবনের প্রেমিক অভিনেতা আদিত্য রায় কাপুরের সঙ্গে আবারও জুটি হচ্ছেন শ্রদ্ধা। জানা গেছে, মিলান টকিজ নামে এই ছবির শুটিং শুরু হবে আগামী বছর।
সাজিদুল হক
হিন্দুস্তান টাইমস, জি নিউজ এবং টাইমস অব ইন্ডিয়া অবলম্বনে