শ্রদ্ধা ও ভালোবাসায় ফরিদ আলীকে বিদায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদ আলী l ছবি: সংগৃহীত
ফরিদ আলী l ছবি: সংগৃহীত

বর্ষীয়ান অভিনেতা ও মুক্তিযোদ্ধা ফরিদ আলীকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন তাঁর পরিবার, বন্ধু, দীর্ঘদিনের সহকর্মী এবং চলচ্চিত্র ও টেলিভিশনের শিল্পীরা। গতকাল মঙ্গলবার তিন দফায় তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে শ্রদ্ধা ও ভালোবাসার মাধ্যমে বিদায় জানানো হয় এই অভিনেতাকে। আসরের নামাজের আগে গুণী এই মানুষটির মরদেহ বনানী কবরস্থানে সমাহিত করা হয়।
মঙ্গলবার সকাল ১০টায় তাঁর ঠাঁটারি বাজারের বাসা-সংলগ্ন মসজিদে ফরিদ আলীর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। সেখানে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে গার্ড অব অনার দেওয়া হয়। এরপর মরদেহ নেওয়া হয় ঢাকার তেজগাঁওয়ের চ্যানেল আই কার্যালয়ে। সেখানে বাদ জোহর দ্বিতীয় জানাজার পর তাঁকে নিয়ে যাওয়া হয় বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) প্রাঙ্গণে। চ্যানেল আই ও এফডিসিতে ফরিদ আলীর জানাজায় ছিলেন ফরিদুর রেজা সাগর, সৈয়দ সালাউদ্দিন জাকী, খায়রুল আলম সবুজ, তৌকীর আহমেদ, শহীদুল আলম সাচ্চু, সুব্রত, রুবেল, ওমর সানি, অমিত হাসান, সম্রাট, মিজু আহমেদ প্রমুখ। পরিচালক ও প্রযোজকের মধ্যে ছিলেন বদিউল আলম খোকন, মোস্তাফিজুর রহমান মানিক, নাসিরুদ্দিন দিলু, খোরশেদ আলম খসরু, মোহাম্মাদ ইকবাল প্রমুখ।
জানাজা শেষে কথা হয় সৈয়দ সালাউদ্দিন জাকীর সঙ্গে। তিনি প্রথম আলোকে বলেন, ‘আমাদের বন্ধুত্বের বয়স ৫০ বছরেরও বেশি। সে আমার ঘুড্ডি সিনেমায়ও অভিনয় করেছে। সে শুধু অভিনয় নয়, এই ছবি শেষ করার জন্য নানাভাবে সহযোগিতা করেছে।’
সালাউদ্দিন জাকী বলেন, ‘ঘুড্ডি সিনেমার বাজেট ছিল খুব কম। এই ছবির জন্য বন্ধু ফরিদ আলী তার নিজের গাড়িটি ব্যবহার করতে দিয়েছিল। শুধু তা-ই নয়, আমি শুটিংয়ের জন্য যেখানেই গেছি, সে গাড়ি চালিয়ে সেখানে নিয়ে গেছে। এটা শুনতে অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্য। এই ধরনের ঘটনা বিরল।’
দীর্ঘদিন রোগে ভোগার পর সোমবার বিকেলে ঢাকার জাতীয় হৃদ্রোগ ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ফরিদ আলী। মৃত্যুকালে তিনি স্ত্রী, চার ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।