একদিকে ক্ষুধা-দারিদ্যের আগুন, অন্যদিকে অন্যায়-অবিচারের অগ্নিজ্বালা। এর মধ্যেও বসে যিনি তাঁর অগ্নিবীণায় তুলেছেন প্রেম, প্রকৃতি আর মানবতার সুর, তিনি আমাদের নজরুল। গতকাল মঙ্গলবার ছিল জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৩৭তম মৃত্যুবার্ষিকী। কবির চিরবিদায়ের এই দিনে তাঁকে শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করেছে জাতি। কবির সমাধি ছেয়ে যায় ফুলে ফুলে।
সকাল থেকেই কবির অনুরাগীরা ফুল নিয়ে শ্রদ্ধা জানাতে আসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদসংলগ্ন তাঁর সমাধিতে। শুরুতে কবি পরিবারের পক্ষে নাতনি খিলখিল কাজী শ্রদ্ধা নিবেদন করেন। এরপর কবি, সাহিত্যিক ও বিভিন্ন রাজনৈতিক-সামাজিক-সাংস্কৃতিক সংগঠন শ্রদ্ধা নিবেদন করে।
সমাধিতে ফুল দেওয়া ছাড়াও মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিভিন্ন সংস্কৃতি সংগঠন ও প্রতিষ্ঠান বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে কবিকে স্মরণ করে। বিকেলে জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে নজরুল ইনস্টিটিউটের আয়োজনে ছিল আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সকালে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির উদ্যোগে সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।