শ্রদ্ধা ও ভালোবাসায় নজরুল স্মরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একদিকে ক্ষুধা-দারিদ্যের আগুন, অন্যদিকে অন্যায়-অবিচারের অগ্নিজ্বালা। এর মধ্যেও বসে যিনি তাঁর অগ্নিবীণায় তুলেছেন প্রেম, প্রকৃতি আর মানবতার সুর, তিনি আমাদের নজরুল। গতকাল মঙ্গলবার ছিল জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৩৭তম মৃত্যুবার্ষিকী। কবির চিরবিদায়ের এই দিনে তাঁকে শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করেছে জাতি। কবির সমাধি ছেয়ে যায় ফুলে ফুলে। সকাল থেকেই কবির অনুরাগীরা ফুল নিয়ে শ্রদ্ধা জানাতে আসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদসংলগ্ন তাঁর সমাধিতে। শুরুতে কবি পরিবারের পক্ষে নাতনি খিলখিল কাজী শ্রদ্ধা নিবেদন করেন। এরপর কবি, সাহিত্যিক ও বিভিন্ন রাজনৈতিক-সামাজিক-সাংস্কৃতিক সংগঠন শ্রদ্ধা নিবেদন করে। সমাধিতে ফুল দেওয়া ছাড়াও মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিভিন্ন সংস্কৃতি সংগঠন ও প্রতিষ্ঠান বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে কবিকে স্মরণ করে। বিকেলে জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে নজরুল ইনস্টিটিউটের আয়োজনে ছিল আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সকালে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির উদ্যোগে সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। আমারে দেব না ভুলিতেগতকাল সকালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় জাদুঘরে কবি সুফিয়া কামাল মিলনায়তনে ‘আমারে দেব না ভুলিতে’ শীর্ষক শ্রদ্ধাঞ্জলি নিবেদন অনুষ্ঠানের আয়োজন করে রাইটার্স ফাউন্ডেশন বাংলাদেশ। অনুষ্ঠানে শিল্পী বুলবুল মহলানবিশকে ‘নজরুল সম্মাননা পদক’ এবং নজরুলের ইসলামী গান ও ভক্তিগীতি গ্রন্থের গবেষক শিল্পী মোস্তারী পারভীনকে ‘তরুণ নজরুল গবেষক-স্বপ্না রায় স্মৃতি পদক’ প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় অধ্যাপক মুস্তাফা নূরউল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য আফসার আহমেদ। কাল থেকে দ্বাত্রিংশতম বার্ষিক অধিবেশন‘সুন্দরের বন্ধন নিষ্ঠুরের হাতে ঘুচাবে কে’ স্লোগান নিয়ে কাল বৃহস্পতিবার শুরু হচ্ছে জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের দ্বাত্রিংশতম বার্ষিক অধিবেশন এবং সম্মেলন। ছায়ানট সংস্কৃতি ভবনে ওই দিন সন্ধ্যা ছয়টায় তিন দিনের এই সম্মেলনের উদ্বোধন করবেন পটুয়াখালীর প্রবীণ রবীন্দ্রসংগীতশিল্পী ও শিক্ষক নির্মল কুমার দাশগুপ্ত। গতকাল ছায়ানট সংস্কৃতি ভবনে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পরিষদের সাধারণ সম্পাদক সোহরাব উদ্দীন। এ সময় উপস্থিত ছিলেন পরিষদের নির্বাহী সভাপতি সন্জীদা খাতুন, সহসভাপতি নুরুল আনোয়ার, মিতা হক, বুলবুল ইসলাম, কোষাধ্যক্ষ মাঈনুদ্দিন নাজির, সদস্য আবুল ফারাহ প্রমুখ।