শ্রদ্ধা ও ভালোবাসায় সমাহিত হলেন টেলর
ফুলেল শ্রদ্ধা আর ভালোবাসায় সমাহিত করা হয়েছে হলিউডের কিংবদন্তি অভিনেত্রী এলিজাবেথ টেলরকে। অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে টেলরের কফিনটি নানা রঙের ফুলে ছেয়ে যায়। টেলরের মুখপাত্র জানিয়েছিলেন, প্রথম দিকে সাধারণ জনগণও তাদের এই প্রিয় অভিনেত্রীকে শ্রদ্ধা জ্ঞাপনের সুযোগ পাবে। তবে তা আর হয়ে উঠে না। খুব স্বল্প পরিসরেই তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান করা হয়েছে বলে বার্তা সংস্থা রয়টার্সের খবরে জানা গেছে। গতকাল বৃহস্পতিবার লস অ্যাঞ্জেলসে টেলরের অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবারের সদস্যরা এবং তাঁর বেশ কজন ঘনিষ্ঠ বন্ধু-বান্ধব। ৭৯ বছর বয়সী অস্কার বিজয়ী এ অভিনেত্রীকে লস অ্যাঞ্জেলসের বাইরে গ্ল্যানডেলের ফরেস্ট লন সিমেট্রিতে দাফন করা হয়েছে। জানা গেছে, একই স্থানে ২০০৯ সালে এলিজাবেথ টেলরের ঘনিষ্ঠ বন্ধু প্রয়াত পপ তারকা মাইকেল জ্যাকসনকেও সমাহিত করা হয়।টেলরের মুখপাত্র জানান, অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান বেলা দুইটার দিকে শুরু হওয়ার কথা থাকলেও সেটি শুরু হয় ১৫ মিনিট দেরিতে। ফরেস্ট লন কবরস্থানে এক ঘণ্টাব্যাপী টেলরের অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে তাঁর প্রতি নানাভাবে শ্রদ্ধা নিবেদন করা হয়। টেলরের শেষকৃত্য অনুষ্ঠানে জেড ম্যানলি হপকিনসের কবিতা ‘দ্য লিডিং ইকো, দ্য গোল্ডেন ইকো’ পাঠ করেন তাঁরই ঘনিষ্ঠ বন্ধু কলিন প্যারেল। এ ছাড়া আরও একটি কবিতা পড়েন টেলরের পরিবারের কজন সদস্য।উল্লেখ্য, গত বুধবার এলিজাবেথ টেলর লস অ্যাঞ্জেলসের সিডারস-সিনাই মেডিকেল সেন্টারে হূদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। মৃত্যুর সময় তাঁর সন্তানেরা সেখানে উপস্থিত ছিলেন। তিনি অসাধারণ সৌন্দর্য, খ্যাতি ও ঐশ্বর্যের অধিকারী ছিলেন।