বাবা শক্তি কাপুর ছিলেন বিখ্যাত ‘কমিক’ ভিলেন। কৌতুক করেই নায়ক-নায়িকার সম্পর্কে দেয়াল টানতেন তিনি। ছবির শেষ দৃশ্যে নায়ক কর্তৃক ‘উত্তমমধ্যম’ প্রাপ্তি ছিল শক্তি কাপুরের কাছে ডাল-ভাতের মতো। ৭০০ ছবির অভিনেতা বলে কথা! বাবাকে নিয়ে তাই একমাত্র মেয়ে শ্রদ্ধার রাজ্যের অভিযোগ ছিল, ‘কেন তুমি সবার হাতে মার খাও? তুমি নায়ক হতে পারো না?’ বাস্তব চিত্র মেয়ে বুঝতে চাইত না, শক্তি কাপুর খল চরিত্রেই বেশি মানানসই। বাবার সঙ্গে শুটিংয়ে নিয়মিত যাতায়াত করতে করতেই রাজাবাবু ছবিতে বাবার কস্টিউম ‘লুঙ্গি’ পরে নাচ, তোহফা ছবিতে বাবার বিখ্যাত সংলাপ, ‘আও মিস ললিতা!’ কিংবা চালবাজ ছবির ‘ম্যায় নানহা সা ছোটা সা বাচ্চা হু’ আওড়ানো ছিল শ্রদ্ধার সবচেয়ে পছন্দের কাজ। মাসি পদ্মিনী কোলাপুরীও একসময়ের জনপ্রিয় নায়িকা। সংগীতশিল্পী মা শিভাঙ্গি কোলাপুরী ও মাসিকে দেখে একটা সময় গান শেখার প্রতিও আগ্রহ জন্মেছিল শ্রদ্ধার। একটু বড় হয়ে সেই ইচ্ছা উবে যায়। বোস্টন ইউনিভার্সিটিতে থিয়েটার নিয়ে পড়ার সময় শ্রদ্ধার মন বদল হয়—‘সব বাদ। বলিউডই আমার আসল ঠিকানা।’ অহেতুক অন্য কাজে মন না দিয়ে ফেসবুকে ‘এ’ ক্লাস কিছু ছবি আপলোড করে শ্রদ্ধা জগদ্বাসীকে জানিয়ে দিয়েছিলেন, বলিউডই হবে তাঁর ধ্যান, জ্ঞান—সবকিছু। শ্রদ্ধার সেসব ছবি দৃষ্টি এড়ায়নি বলিউডের রাঘব-বোয়ালদের।হলিউডের স্যার বেন কিংসলে, বলিউডের অমিতাভ বচ্চনের সঙ্গে তিনপাত্তি ছবিতে অভিনয়ের সুযোগও পেয়ে যান শ্রদ্ধা। যেখানে নায়ক-সন্তানদেরও প্রথম সারির নির্মাতাদের ছবিতে সুযোগ পেতে প্রায়ই কাঠখড় পোড়াতে হয়, সেখানে ভিলেন-কন্যা শ্রদ্ধা প্রথম ছবির পর পেয়ে গেলেন যশরাজ ফিল্মস থেকে ‘জ্যাকপট’—তিনটি ছবির চুক্তি! নিশ্চয়ই তাঁর সৌন্দর্য ও মেধার মধ্যে জহুরিরা কোনো অমূল্য রতন পেয়েছিলেন। নইলে দুই ছবির বক্স অফিস ব্যর্থতার পরও মহেশ-মুকেশ ভাটরাই বা কেন ৬০০ নতুন মেয়েকে বাদ দিয়ে শ্রদ্ধাকে আশিকি টু ছবির নায়িকা নির্বাচন করবেন? শুরুতে অনেকে ভ্রু কুঁচকালেও গত ২৬ এপ্রিল আশিকি টু মুক্তির পর পত্রপত্রিকা এখন শ্রদ্ধাকে ছাড়া কিছুই বুঝতে চাইছে না। খবরের শিরোনামগুলোও মোলায়েম, আহ্লাদে ভরপুর ‘স্বাগত শ্রদ্ধা কাপুর’, ‘বলিউডে এলেন নতুন সুপারস্টার’, ‘শীর্ষ নায়িকাদের নতুন হুমকি—শ্রদ্ধা কাপুর’, ‘সবাইকে ছাড়িয়ে শ্রদ্ধা’।আদিত্য রায় কাপুরের বিপরীতে শ্রদ্ধার জুটি একালের অন্যতম সেরা জুটি হিসেবে চিহ্নিত করছেন অনেকে। মাত্র ১২ কোটি রুপি বাজেটের ছবি মুক্তির আগেই মূলধন উঠিয়ে লাভ গুনতে শুরু করেছিল। প্রথম সপ্তাহে ৩৯ কোটি রুপি ঘরে তুলে আদিত্য-শ্রদ্ধারা জানান দিয়েছেন, আর পিছু ফিরে তাকানো নয়; এবার শুধুই এগিয়ে যাওয়ার পালা। সিমি গারওয়েল, রেখা, অমিতাভ বচ্চন, করণ জোহর, রামগোপাল ভার্মা, শাহরুখ খান, মাধুরী দীক্ষিত থেকে বরুণ ধাওয়ান এ ছবির, এ জুটির প্রশংসায় পঞ্চমুখ হয়ে টুইটস দিচ্ছেন। কারিনা কাপুর তাঁর সাক্ষাৎকারে জানিয়েছেন, আশিকি টু দেখে তিনি সবার সামনে কেঁদেছেন। শ্রদ্ধা কাপুর অসাধারণ অভিনয় করেছেন!এসব প্রশংসাবাণী কিছুতেই আন্দোলিত করতে পারছে না নতুন তারকাকে। শ্রদ্ধার ভাষায়, ‘সবকিছুই মাথার ওপর দিয়ে যাচ্ছে। এ মুহূর্তে ছবির প্রচারণায় ভীষণ ব্যস্ত আছি। কিছুদিন পর হয়তো এসব ভাবতে খুব ভালো লাগবে।’ শ্রদ্ধা জানান, সম্প্রতি তিনি দিল্লিতে একটি বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে বিমানবন্দরে গেলে লোকজন তাঁকে ঘিরে ধরে। সবার মুখে একটিই কথা, ‘ওই দেখো, আশিকির নায়িকা।’ ২৩ বছর আগে মুক্তি পাওয়া আশিকি এত দিন দেখা হয়নি শ্রদ্ধার। তবে আশিকি টু মুক্তি পাওয়ার দুই দিন পরই আশিকি দেখেছেন শ্রদ্ধা। কোনো রকম তুলনার সাহস না করে তিনি বলেন, ‘দুটি ছবি দুই ধারার। আমি খুশি আশিকি টুতে সংগীতশিল্পীর চরিত্রে অভিনয় করতে পেরে। সুযোগ পেলে ভবিষ্যতে আমার কোনো ছবিতে সত্যি সত্যি প্লেব্যাক করতে চাই।’শ্রদ্ধার চাহিদার তালিকায় আরও আছে রাজকুমার হিরানির পরিচালনায় কাজ করা, অমিতাভ বচ্চনের সঙ্গে আরেকবার এবং আমির খান, শক্তি কাপুর, পদ্মিনী কোলাপুরী ও প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে অভিনয় করা। শ্রদ্ধাভরে এ অভিনয়শিল্পীদের নাম স্মরণ করে বিনম্র মিস কাপুর বলেন, ‘আমি যদি তাঁদের সাফল্যের ১ শতাংশও পাই, নিজেকে ধন্য মনে করব।’ রুম্মান রশীদ খানইন্ডিয়া এক্সপ্রেস, ডেইলি ভাস্কর, ইন্ডিসিনে, বলিউড লাইফ, বলিউড হাঙ্গামা ও ফিল্মফেয়ার ডট কম অবলম্বনে