শ্রদ্ধাকে নিয়ে আদিত্যের লুকোচুরি
গত এপ্রিলে মুক্তি পাওয়া ‘আশিকি ২’ ছবিতে আদিত্য রয় কাপুর ও শ্রদ্ধা কাপুরের রসায়ন দেখে মুগ্ধ হয়েছেন অগণিত দর্শক। কয়েক মাস ধরেই পর্দার সফল এ জুটির বাস্তব জীবনের প্রেমের গুঞ্জনও চলছে। প্রায়ই বিভিন্ন জায়গায় তাঁদের একসঙ্গে দেখা যাওয়ার পর এই জুটির অভিসারের খবর ডালপালা মেলে। তবে সম্প্রতি শ্রদ্ধার সঙ্গে অভিসারের খবরকে বেমালুম অস্বীকার করে তাঁকে স্রেফ ভালো একজন বন্ধু বলেই দাবি করেছেন আদিত্য।
সম্প্রতি এক সাক্ষাত্কারে শ্রদ্ধার সঙ্গে অভিসারের খবর নিয়ে আলাপচারিতার সময় আদিত্য বলেন, ‘সবাই আমাকে বিষয়টি নিয়ে জিজ্ঞেস করেন। কিন্তু আমি কোনো উত্তর না দিয়ে চুপ থাকি। কিংবা বলি, এ বিষয়ে কোনো মন্তব্য নয়। আজ আমি জোর গলায় বলছি, এ মুহূর্তে আমার জীবনে বিশেষ কেউ নেই। আমি পুরোপুরি একা। শ্রদ্ধার সঙ্গে অভিসারের খবরে বিন্দুমাত্র সত্যতাও নেই। তবে তিনি আমার খুবই ভালো একজন বন্ধু।’ এক খবরে এমনটিই জানিয়েছে ইন্দো-এশিয়ান নিউজ।
‘আশিকি ২’ ছবির সাফল্যের পর জীবনের মোড় ঘুরে গেছে বলেও জানিয়েছেন আদিত্য। তারকা খ্যাতির বিষয়টিকে অনেক উপভোগ করছেন বলেও জানান তিনি।
এ প্রসঙ্গে আদিত্যর ভাষ্য, ‘আমার ব্যক্তিগত ও পেশাজীবনে বড় ধরনের পরিবর্তন এসেছে। ‘‘আশিকি ২’’ ছবির সাফল্যের পর অনেক বেশি কাজের সুযোগ আসছে আমার কাছে। মানুষ আমাকে দেখলেই চিনতে পারছেন। আমার সম্পর্কে অনেক খোঁজখবর রাখছেন তাঁরা। তারকা খ্যাতির এ বিষয়গুলো খুবই ভালো লাগছে। তবে ভিত্তিহীন কোনো বিষয় নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকার বিন্দুমাত্র ইচ্ছেও আমার নেই। আমি নির্দ্বিধায় বলতে পারি, বর্তমান জীবন নিয়ে আমি অনেক খুশি। এ জন্য আমি ঈশ্বরের কাছে কৃতজ্ঞ।’
প্রসঙ্গত, আদিত্য-শ্রদ্ধার অভিসারের খবর প্রথম চাউর হয়েছিল মাস ছয়েক আগে। তখন এ প্রসঙ্গে আদিত্যর ভাষ্য ছিল, ‘আমি বুঝতে পারছি, কেন সবাই আমাদের দুজনকে প্রেমিক-প্রেমিকা মনে করছেন। আসলে আমরা একে অপরের খুবই ভালো বন্ধু। আমরা পরস্পরের অনেক কাছাকাছি চলে এসেছি। আমরা প্রায়ই একসঙ্গে ঘুরে বেড়াচ্ছি, নৈশভোজে অংশ নিচ্ছি এবং সিনেমা হলে বসে ছবি উপভোগ করছি। শ্রদ্ধা কেবল একজন ভালো অভিনেত্রীই নন, ব্যক্তি হিসেবেও তিনি চমত্কার। তাঁর পাশাপাশি থাকতে আমার অনেক ভালো লাগে।’
অবশ্য আদিত্যকে হূদয় আসনে বসাবেন কি না, তা নিয়ে শুরু থেকেই দ্বিধায় ভুগছিলেন শ্রদ্ধা কাপুর। শ্রদ্ধার এই দ্বিধার পেছনের কারণ সম্পর্কে জানা গিয়েছিল, অতীতে একাধিক প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন আদিত্য। এ জন্য তাঁর ওপর ঠিক ভরসা করতে পারেননি শ্রদ্ধা। এ ছাড়া সাবেক প্রেমিক ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ তারকা বরুণ ধাওয়ানকে ভুলতে পারছিলেন বলেও আদিত্যর সঙ্গে থিতু হবেন কি না, তা নিয়ে দ্বিধায় ছিলেন শ্রদ্ধা।
১৯৯০ সালে মুক্তি পাওয়া মহেশ ভাটের সাড়া জাগানো ছবি ‘আশিকি’র সিক্যুয়েল ‘আশিকি ২’ মুক্তি পায় চলতি বছরের ২৬ এপ্রিল। মোহিত সুরি পরিচালিত ছবিটির প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন আদিত্য-শ্রদ্ধা। বলিউডের খল অভিনেতা শক্তি কাপুরের মেয়ে শ্রদ্ধা কাপুর ‘আশিকি ২’-এর আগে ‘তিন পাত্তি’ (২০১০) ও ‘লাভ কা দি এন্ড’ (২০১১) ছবিতে অভিনয় করেছিলেন। অন্যদিকে প্রযোজক ও ডিজনি ইউটিভির ব্যবস্থাপনা পরিচালক সিদ্ধার্থ রয় কাপুরের ছোট ভাই আদিত্য অভিনয় করেছিলেন ‘লন্ডন ড্রিমস’ (২০০৯), ‘অ্যাকশন রিপ্লে’ (২০১০) ও ‘গুজারেশ’ (২০১০) ছবিতে।