শ্রদ্ধার আগে আমি গান গেয়েছি: আলিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আলিয়া ভাট
আলিয়া ভাট

বলিউডের ছবির গানে তারকাদের কণ্ঠ দেয়ার যেন হিড়িক পড়ে গেছে। ‘কিক’ ছবির ‘হ্যাংওভার’ গানে কণ্ঠ দিয়ে সম্প্রতি এই দলে নাম লিখিয়েছেন ‘দাবাং’ তারকা সালমান খানও। গত মাসে মুক্তি পাওয়া ‘এক ভিলেন’ ছবির ‘গোলিয়া’ গানের আনপ্লাগড ভার্সনে কণ্ঠ দেন শ্রদ্ধা কাপুর। আর আলিয়া ভাটতো এরই মধ্যে নিজের অভিনীত দুটি ছবিতে গান গেয়ে ফেলেছেন। ফেব্রুয়ারিতে মুক্তি পাওয়া ‘হাইওয়ে’ ছবির ‘সুহা সাহা’ গানে কণ্ঠ দিয়ে প্লেব্যাক গায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন আলিয়া। শুধু তাই নয়, সম্প্রতি ‘হাম্পটি শর্মা কি দুলহানিয়া’ ছবির ‘সামঝাওয়া’ গানে কণ্ঠ দিয়ে আলোচনায় এসেছেন তিনি। শ্রদ্ধার চেয়ে ভালো গায়িকা কি না—এমন প্রশ্নের জবাবে শ্রদ্ধার আগে প্লেব্যাক গায়িকা হিসেবে আত্মপ্রকাশের কথা জানালেও, কোনো রকম তুলনায় যেতে রাজি হননি আলিয়া।

‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ (২০১২) তারকা আলিয়া ভাট ও বরুণ ধাওয়ান জুটির নতুন ছবি ‘হাম্পটি শর্মা কি দুলহানিয়া’ মুক্তি পাচ্ছে ১১ জুলাই। সম্প্রতি ছবিটির ‘সামঝাওয়া’ গানের আনপ্লাগড ভার্সন উদ্বোধন অনুষ্ঠানে শ্রদ্ধার চেয়ে ভালো গায়িকা কি না—এমন প্রশ্নের জবাবে আলিয়া বলেন, ‘আমি ঠিক জানি না, আমাদের দুজনের মধ্যে কে ভালো গায়। শুধু এটুকু বলতে পারি, ‘‘হাইওয়ে’’ ছবির মাধ্যমে শ্রদ্ধার আগে আমি চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়েছি। এবার ‘‘হাম্পটি শর্মা কি দুলহানিয়া’’ ছবির মাধ্যমে আবারও প্লেব্যাক করলাম। তবে আমি মনে করি, আমাদের মধ্যে তুলনা করাটা ঠিক হবে না। কেবল গানই নয়, আমি চাই চলচ্চিত্রের ক্ষেত্রেও আমাদের মধ্যে তুলনা করা না হোক।’ সম্প্রতি এক খবরে এমনটিই জানিয়েছে এনডিটিভি।

শ্রদ্ধা কাপুর
শ্রদ্ধা কাপুর



একই প্রশ্নে আলিয়ার জবাবের সঙ্গে নিজের মন্তব্য যোগ করে বরুণ ধাওয়ান বলেন, ‘শ্রদ্ধা ‘‘গোলিয়া’’ গানের আনপ্লাগড ভার্সনে অসাধারণ গেয়েছেন। তিনি এতটা ভালো গাইবেন তা কারও ধারণাও ছিল না। আলিয়াও তাঁর ‘‘সামঝাওয়া’’ গানের আনপ্লাগড ভার্সনে দারুণ গেয়েছেন। এই গানটির কিন্তু দীর্ঘ ইতিহাস আছে। রাহাত ফতেহ আলী খান পাকিস্তানে গানটি গেয়েছিলেন। এ ছাড়া আলিয়ার আগে কখনোই কোনো নারীর কণ্ঠে গানটি শোনা যায়নি।’

বরুণ আরও বলেন, ‘নিঃসন্দেহে গানটির গভীরতা অনেক বেশি। এমন কঠিন একটি গানে কণ্ঠ দিয়েছে মাত্র ২১ বছর বয়সী আলিয়া। কাজটি মোটেও সহজ ছিল না তাঁর জন্য। গানটির জ্যাজনির্ভর সংগীতায়োজনও অসাধারণ হয়েছে। শ্রদ্ধার গাওয়া ‘‘গোলিয়া’’ গানের সঙ্গে এর কোনো মিল নেই। ‘‘সামঝাওয়া’’ এবং ‘‘গোলিয়া’’ সম্পূর্ণ ভিন্ন ঘরানার দুটি গান।’