শ্রদ্ধার্ঘ্য: মোহাম্মদ কিবরিয়া
সদ্য প্রয়াত চিত্রশিল্পী মোহাম্মদ কিবরিয়া নিরবচ্ছিন্ন শিল্পসাধনার মধ্য দিয়ে এ দেশের আধুনিক চিত্রশিল্পের বোধকে নানাভাবে আলোকিত করেছেন। তাঁর শিল্প-মনীষা, সৃজন ও মনন দ্বারা তিনি হয়ে উঠেছিলেন বাংলাদেশে শিল্প-আন্দোলনের আধুনিকতার পথ নির্মাণে অন্যতম শিল্পী। মোহাম্মদ কিবরিয়ার প্রতি শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যে বেঙ্গল গ্যালারি অব ফাইন আর্টসের আয়োজনে আজ শুক্রবার শুরু হচ্ছে বিশেষ প্রদর্শনী। প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান ও বেঙ্গল ফাউন্ডেশনের সভাপতি আবুল খায়েরের সংগ্রহ করা শিল্পকর্মের এই প্রদর্শনীর নাম ‘শ্রদ্ধার্ঘ্য: মোহাম্মদ কিবরিয়া’। আজ শুক্রবার সন্ধ্যা ছয়টায় ১০ দিনের এ প্রদর্শনীর উদ্বোধন করবেন বেগম জাহানারা আবেদিন। অনুষ্ঠানে তিনি মাসিক সাহিত্যপত্রিকা কালি ও কলম-এর মোহাম্মদ কিবরিয়া সংখ্যারও মোড়ক উন্মোচন করবেন। গতকাল বেঙ্গল শিল্পালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। এতে বরেণ্য শিল্পী কাইয়ুম চৌধুরী ও বেঙ্গল গ্যালারি অব ফাইন আর্টসের পরিচালক সুবীর চৌধুরী বক্তব্য দেন। আজকের প্রদর্শনীতে বিভিন্ন মাধ্যমের ১১০টি শিল্পকর্ম স্থান পাবে; খোলা থাকবে ৩১ জুলাই পর্যন্ত।