শ্রম ও মেধাই টিকে থাকে: জয়ন্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সন্ধ্যাবেলায় জয়ন্ত চট্টোপাধ্যায়ের দেখা মিলবে গ্রিন রোডের একটি অফিসে—এই ছিল কথা। বর্ষণমুখর শ্রাবণের সেই সন্ধ্যায় যখন তাঁর কাছে পৌঁছানো গেল, তখন আমি ভিজে কাক। পাঁচতলায় উঠে, জয়ন্তদার অফিসঘরে ঢুকতেই এক মুখ হাসির দেখা মিলল। মাখানো মুড়ি-চানাচুর আর কফির সঙ্গে শুরু হলো আলাপ-সালাপ। এবার মেরিল-প্রথম আলো সমালোচক পুরস্কারে শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কারটি তিনি পেয়েছেন চঞ্চল চৌধুরীর সঙ্গে যৌথভাবে। আবু সাইয়ীদের অপেক্ষা ছবিতে অভিনয় করেই পুরস্কারটি উঠেছে জয়ন্ত চট্টোপাধ্যায়ের হাতে। আমরা চিনতাম আবৃত্তিকার জয়ন্ত চট্টোপাধ্যায়কে, হঠাৎ দেখি তিনি হয়ে গেছেন অভিনেতা। কেন এই পরিবর্তন? জয়ন্তদা হাসলেন। বললেন, ‘আমি কিন্তু শুরুতে প্রথাগতভাবেই সংগীতশিক্ষা শুরু করেছিলাম। ১৯৬৩ থেকে ১৯৭০ পর্যন্ত সংগীতের সঙ্গেই ছিল আমার বোঝাপড়া।’ হঠাৎ বললেন, ‘আনদ্ধ যন্ত্রের প্রতি ছিল আমার টান। মানে চামড়া দিয়ে যেসব বাদ্যযন্ত্র তৈরি হয়, সেগুলোই আমাকে টানত। লক্ষেৗ চলে গেলাম ওস্তাদ আফাক হুসেনের কাছে। তিনি ছিলেন অসাধারণ তবলিয়া। তো, সে সময়ই ওস্তাদ আফাক হুসেন আর ওস্তাদ লড্ডন খাঁ লক্ষেৗ থেকে চলে এলেন কলকাতায়। দুজনেই আকাশবাণীতে স্টাফ আর্টিস্ট হিসেবে যোগ দিলেন। আমি নাড়া বাঁধলাম কলকাতায়। কণ্ঠসংগীতে তালিম নিলাম পণ্ডিত নির্মল মুখোপাধ্যায়ের কাছে। তখন কেবল মার্ক্সবাদে দীক্ষা নিয়েছি। সংগীত সাগরের আয়তন উপলব্ধি করে সেই জগৎ থেকে সরে গেলাম।’ সে সময় জয়ন্তরা কয়েক বন্ধু মিলে কলকাতায় ছোট কাগজ বৈকালিক বের করতেন। বহুরূপী নাট্যদলের সদস্য কল্যাণ হাওলাদারের আবৃত্তি শুনে মুগ্ধ হলেন জয়ন্ত। তিনিও জয়ন্তকে আবৃত্তির অনুপ্রেরণা দেন। জয়ন্ত আবৃত্তিতে নিখিল বঙ্গ প্রতিযোগিতায় প্রথম হলেন, এরপর কলকাতা বিশ্ববিদ্যালয়েও পর পর দুই বছর প্রথম। কাজী সব্যসাচীর অগ্নিবীণা সাংস্কৃতিক দলের সঙ্গেও যুক্ত হলেন। ‘আমি শুরু থেকেই শম্ভু মিত্র, সব্যসাচীর প্রভাবমুক্ত হয়ে আবৃত্তি করতে পারতাম। কল্যাণদা আমাকে আমার মতো করে বড় হতে পরামর্শ দিয়েছিলেন।’জয়ন্তদা, আমরা চলচ্চিত্র নিয়ে কথা বলতে চাই। ‘আবু সাইয়ীদের সঙ্গে আমার সম্পর্কদীর্ঘদিনের। তেমনি তারেক মাসুদ, মোরশেদুল ইসলামের সঙ্গেও। মোরশেদের দ্বিতীয় স্বল্পদৈর্ঘ্য ছবি সূচনায় অভিনয়করেছি ১৯৮৫-১৯৮৬ সালের দিকে। আমি খুব ভাগ্যবান, সুস্থধারার চলচ্চিত্র আন্দোলনের শুরু থেকেই যুক্ত থাকতে পেরেছি। বাংলাদেশে স্বাস্থ্য খাতে বাজেট আছে। মানসিক স্বাস্থ্য খাতেও সরকারের একটা বাজেট থাকা উচিত। সুস্থ সংস্কৃতি না বাঁচলে কি চলে? এ ব্যাপারে সরকারকে এগিয়ে আসতে হবে।’জয়ন্ত চট্টোপাধ্যায় যখন মীরানা জামান আর রাবেয়া আখতারের মেরিল-প্রথম আলো পুরস্কার পাওয়ার কথা বলছিলেন, তখন তাঁর মুখ উজ্জ্বল হয়েউঠছিল। বললেন, ‘বিজ্ঞ বিচারকেরা নিরপেক্ষতার প্রমাণ দিয়েছেন। তাদের সাধুবাদ জানাই। মীরানা আপা বহুদিন ধরে অভিনয় করছেন। এ ধরনের বড় স্বীকৃতি তিনি এই প্রথম পেলেন। আমি তাঁর পুরস্কারপ্রাপ্তিতে ইউনিটের সবাইকে মিষ্টি খাইয়েছি।’আচ্ছা, এখন কি সংস্কৃতি অঙ্গনে কাজ করতে আসা মানুষের গভীরতা কমে যাচ্ছে না? এ নিয়েজয়ন্ত মোটেই বিচলিত নন। বললেন, ‘গাছের নিচে মরা পাতা জড়ো হয়। একসময় প্রকৃতিই সেই আবর্জনা পরিষ্কার করে দেয়। আসা-যাওয়ার পথে অনেকেরই দেখা মিলবে; কিন্তু টিকে থাকবে সেই জন, যার মধ্যে শ্রম ও মেধার মিলন ঘটেছে। নিজেকে তৈরি করে নেওয়া তো প্রতিদিনের কাজ।’হুমায়ূন আহমেদের ঘেটুপুত্র কমলা, মোহাম্মদ হান্নানের শিখণ্ডী কথা, মাসুদ আহমেদের পিতা, মার্কিনপ্রবাসী শিরিন পাশার সীমান্তে চড়ুইভাতি ছবিগুলো এখন মুক্তির অপেক্ষায়। বিদায়কালে জয়ন্ত চট্টোপাধ্যায় বললেন, ‘আমি ক্ষুদ্র মানুষ, যেকোনো শুভ উদ্যোগের সঙ্গে থাকতে পারলেই খুশি।’