
সবুজ একটি গ্রামে কানামাছি খেলছে কয়েকটি শিশু। পাশেই নদী, ঘাটে নৌকা বাঁধা। ছবিটি এঁকেছে বিল্লাল নামের ১১ বছরের এক শিশু। ছবির নিচে তার পেশা হিসেবে লেখা ভিক্ষাবৃত্তি। চমকে যাওয়ার মতোই ব্যাপার। কিন্তু এ রকমই শ্রমজীবী শিশুদের ১১৮টি ছবির প্রদর্শনীর আয়োজন করা হয়েছে রাজধানীর দৃক গ্যালারিতে। এদের কেউ গৃহপরিচারিকা, কেউ দোকানের কর্মী, ভিক্ষুক, কেউ টোকাই। আইন ও সালিশ কেন্দ্রের (আসক) শিশু অধিকার ইউনিট শ্রমজীবী এ শিশুদের শিক্ষা, স্বাস্থ্যসেবা, বিনোদন ও আইনি সহায়তা দিয়ে থাকে। তাদের ১৪টি ড্রপইন সেন্টারের শিশুদের আঁকা ছবি নিয়েই এ প্রদর্শনী।
মঙ্গলবার বিকেলে প্রদর্শনী উদ্বোধন করেন আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা কামাল। উপস্থিত ছিলেন দৃক পিকচার লাইব্রেরির পরিচালক শহিদুল আলম, আইরিন খান, মহাখালী ডিওএইচএস ড্রপইন সেন্টারের পরিচালক নাজমা শফিক, আইন ও সালিশ কেন্দ্রের শিশু অধিকার ইউনিটের সিনিয়র উপপরিচালক গীতা চক্রবর্তী ও চিত্রশিল্পী সাঈদা কামাল।
সুলতানা কামাল বলেন, শিশুশ্রমের ওপর আসকের তৈরি একটি কোড অব কনডাক্ট ইতিমধ্যেই মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। আশা করা যাচ্ছে, শিগগির এ বিষয়ক একটি আইন পাস হয়ে যাবে।
তিনি বলেন, ‘এরই মধ্যে শ্রমজীবী শিশুদের প্রতি মানুষের আচরণগত পরিবর্তন এসেছে। শিশুশ্রমিক নিয়োগ কমেছে, এমনকি যাঁরা নিয়োগ দিচ্ছেন তাঁরাও বিব্রত হচ্ছেন বা লুকিয়ে কাজ করাচ্ছেন। শিশুশ্রমিকদের ওপর যে অমানবিক নির্যাতনের কথা শোনা যেত, সেসব এখন কমেছে। এসব নিয়ন্ত্রণে কাজ করছে আইন ও সালিশ কেন্দ্র। এ আয়োজন থেকে অনুপ্রাণিত হয়ে অনেক প্রতিষ্ঠান এ ধরনের আয়োজন করছে।’ প্রদর্শনীর পর সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত শিশুরা নাচ ও গান করে। প্রদর্শনী চলবে আজ রাত আটটা পর্যন্ত।