শ্রমজীবীদের তরে এবারের ‘ইত্যাদি’
হানিফ সংকেতের রচনা, পরিকল্পনা ও উপস্থাপনায় নির্মিত এবারের ইত্যাদি উত্সর্গ করা হয়েছে শ্রমজীবীদের।১৭ মে ঢাকার অদূরে সাভার ইপিজেড এলাকায় কয়েক হাজার দর্শকের উপস্থিতিতে ‘ইত্যাদি’ অনুষ্ঠানের দৃশ্য ধারণ করা হয়েছে। পুরোনো ইপিজেডের ভেতর বর্ণিল আলোয় উদ্ভাসিত মঞ্চের সামনে দর্শক ছিলেন কয়েক হাজার শ্রমজীবী মানুষ। ইপিজেডের শ্রমিকদের মধ্যে সেদিন এক উত্সবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছিল। ফাগুন অডিও ভিশন সূত্রে এমনটাই জানা গেছে।দীর্ঘদিন ধরে দেশের প্রত্যন্ত অঞ্চলের বিভিন্ন প্রত্নতাত্ত্বিক গুরুত্বপূর্ণ স্থানে গিয়ে বাংলাদেশের সভ্যতা, সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরার চেষ্টা করছে ‘ইত্যাদি’। এবারের অনুষ্ঠানেও সুশৃঙ্খলভাবে দর্শকদের উপস্থিতিতে দৃশ্য ধারণ করা হয়েছে।‘ইত্যাদি’ অনুষ্ঠানে সব সময়ই দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে প্রচারবিমুখ, জনকল্যাণকামী, আলোকিত মানুষ খুঁজে এনে তাঁদের কর্মকাণ্ড তুলে ধরা হয়। এবারের পর্বেও রয়েছে চট্টগ্রামের বোয়ালখালীর রক্তদাতা আশীষ কান্তি মুহুরির ওপর একটি প্রতিবেদন। রয়েছে কীটনাশকের বিকল্প নিয়ে একটি সময়োপযোগী প্রতিবেদনও। ‘ইত্যাদি’র এবারের পর্বে রয়েছে দুটি গান। শিল্পপ্রতিষ্ঠানের কর্মীদের অংশগ্রহণে রয়েছে একটি দেশাত্মবোধক গান। এতে কণ্ঠ দিয়েছেন শ্রমজীবী শিল্পীরাই। আরেকটি গান গেয়েছেন জনপ্রিয় শিল্পী সৈয়দ আব্দুল হাদী ও সুবীর নন্দী। গানটির কথা লিখেছেন মোহাম্মদ রফিকউজ্জামান ও সংগীত পরিচালনা করেছেন আলী আকবর রুপু।নিয়মিত পর্ব হিসেবে এবারও রয়েছে যথারীতি মামা-ভাগনে ও নানি-নাতি। রয়েছে বিভিন্ন সমসাময়িক ঘটনা নিয়ে বেশ কিছু মজাদার নাট্যাংশ। সামাজিক অবস্থার প্রেক্ষাপটে চেনা বিষয় অচেনা লাগা, অতিথিবিভ্রাট, শিশুযত্নে গ্রাম্য খেলা, যানজট সমস্যার সমাধানে নতুন পন্থা, ভাড়াটের ভাড়াবাড়ির সমস্যা, মূল্যহীন তারকার মূল্যমান বাড়ানোর প্রচেষ্টাসহ বিভিন্ন বিষয়ের ওপর রয়েছে বেশ কয়েকটি নাট্যাংশ। ‘ইত্যাদি’র এবারের পর্বটি বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে প্রচারিত হবে ৩১ মে শুক্রবার রাত আটটার বাংলা সংবাদের পর।