শ্রাবণসন্ধ্যায় বর্ষার কবিতা ও গান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বর্ষা মানে তপ্ত হূদয়ে অনর্গল সৃজনশীল স্রোতধারা। অসহনীয় উত্তপ্ত দিনের শেষে একপশলা স্বস্তি।’ কথাগুলো উচ্চারণ করে বর্ষার কবিতা ও গানের অনুষ্ঠানের সূচনা করেন আবৃত্তিশিল্পী মাহিদুল ইসলাম। অনুষ্ঠানের শিরোনাম ‘শ্রাবণসন্ধ্যা’।গতকাল বুধবার সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় সংগীত ও নৃত্যকলা ভবনে এ অনুষ্ঠানের আয়োজন করে সাংস্কৃতিক সংগঠন ভাবনামিল। এতে প্রধান অতিথি ছিলেন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া। অনুষ্ঠান উদ্বোধন করেন কবি আসাদ চৌধুরী।উদ্বোধনী আনুষ্ঠানিকতা শেষে বৃন্দ আবৃত্তি প্রযোজনা ‘বৃষ্টি জলের কাব্য’ পরিবেশন করে আবৃত্তি একাডেমী। কালিদাসের মেঘদূত-এর অংশবিশেষ, বিদ্যাপতির বর্ষার পদাবলি, রবীন্দ্রনাথ ঠাকুরের ‘নববর্ষা’, ‘বর্ষার দিনে’, আবুল হাসানের ‘বৃষ্টিচিহ্নিত ভালোবাসা’ প্রভৃতি কবিতার সমন্বয়ে গ্রন্থনা করে এর নির্দেশনা দেন মৃন্ময় মিজান। একক আবৃত্তিতে অংশ নেন শিমুল মুস্তাফা, আমিনুল ইসলাম, নুসরাত রাইসা প্রমুখ। তাঁরা রবীন্দ্রনাথ ঠাকুরের ‘আজি বারি ঝরে’, ‘মেঘের পরে মেঘ জমেছে’, ‘আজি ঝড়ের রাতে’ ও ‘ঝুলন’; নির্মলেন্দু গুণের ‘যাত্রাভঙ্গ’ ও ‘তোমার চোখ এত লাল কেন’; মোফাজ্জল করিমের ‘বৃষ্টি মানে’; রামচন্দ্র পালের ‘কৃষ্ণকলি ও শ্রাবণ সখা’ প্রভৃতি কবিতা আবৃত্তি করেন।অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন মাহবুবা কামাল ও শায়লা রহমান। তাঁরা ‘শ্রাবণের পবনে আকুল বিষন্ন সন্ধ্যায়’, ‘এমন বরষা ছিল সেদিন’, ‘মেঘের ডমরু ঘন বাজে’—এসব গান গেয়ে শোনান।মুহম্মদ শহীদুল্লাহ স্মরণ ‘মুহম্মদ শহীদুল্লাহ বাংলা সাহিত্যের প্রাচীন ও মধ্যযুগের ইতিহাস রচনাসহ বাংলা ভাষা ও সাহিত্যের বহু জটিল সমস্যার সমাধান করেছেন। তিনি ভাষা আন্দোলনেও অগ্রণী ভূমিকা পালন করেন। তিনিই প্রথম কেন উর্দু আমাদের রাষ্ট্রভাষা হতে পারে না, এর যৌক্তিক দাবি উপস্থাপন করেন।’ড. মুহম্মদ শহীদুল্লাহর ১২৬তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। গতকাল বুধবার জাতীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে ড. শহীদুল্লাহ জ্ঞানপীঠ। এতে সভাপতিত্ব করেন ব্যারিস্টার রফিক-উল হক। বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক রফিকুল ইসলাম, অধ্যাপক সিদ্দিকা মাহমুদা ও এভারেস্টজয়ী মুসা ইব্রাহীম।অনুষ্ঠানে জ্ঞানপীঠের পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় সম্মানে প্রথম শ্রেণীতে প্রথম হওয়ায় সুপ্রিয়া রানী দাসকে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আঞ্জু আরা খাতুনকে দ্বিতীয় শ্রেণীতে প্রথম হওয়ায় সম্মাননা প্রদান করা হয়। সম্মাননা হিসেবে দেওয়া হয় ক্রেস্ট ও নগদ ১০ হাজার টাকা। এ ছাড়া যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা বিশ্ববিদ্যালয় থেকে ফুলব্রাইট স্কলারশিপ পাওয়ায় ড. মুহম্মদ শহীদুল্লাহ পরিবারের কৃতীসন্তান মোহাম্মদ আরজীন কামালকে এবং শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য আহমেদ ইউসুফ আব্বাসকে ক্রেস্ট প্রদান করে সম্মাননা জানানো হয়।আলোচনা ও সম্মাননা প্রদানের আনুষ্ঠানিকতা শেষে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে আয়োজক সংগঠনের সদস্যরা কবিতা আবৃত্তি, সংগীত ও নৃত্য পরিবেশন করেন।