শ্রীদেবী আসছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৫ বছর পর চলচ্চিত্রে অভিনয় করলেন শ্রীদেবী। সবাই ভেবেছিল, এত দিন পর অভিনয় করতে এসে হোঁচট খেতে খেতে মিডিয়া সামলাতে হবে তাঁকে। অথচ ‘টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে’ সাবলীল ইংরেজি উচ্চারণ আর সুন্দর বাচনভঙ্গির মাধ্যমে জানালেন, কী কঠোর পরিশ্রমে জীবন্ত করে তুলেছেন পর্দার শশীকে! ইংলিশ ভিংলিশ ছবির মাধ্যমেই ফিরলেন শ্রীদেবী। উৎসবটি হয়ে গেল ৬ সেপ্টেম্বর থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত।চলচ্চিত্রটির কেন্দ্রীয় চরিত্র শশী একজন গৃহবধূ। ভারতীয় মধ্যবিত্ত আর পাঁচজন নারীর মতোই তিনি ইংরেজিতে দুই কথা লিখতে পারলেও বলতে গেলে জিহ্বা যায় জড়িয়ে, গলা শুকিয়ে কাঠ। স্বামীকে সন্তুষ্ট করতে ইংরেজি বলার কোর্সে ভর্তি হন। পদে পদে হাসির খোরাক শশী পরিবার ও সমাজের বঞ্চনায় দৃঢ়প্রতিজ্ঞ হয়। নিজেকে স্মার্ট প্রমাণ করতে ভিন্ন সংস্কৃতির সঙ্গে পা মেলাতে হয়।গৌরী শিন্ডের পরিচালনায় ও আর বাল্কির প্রযোজনায় ইংলিশ ভিংলিশ চলচ্চিত্রটির বেশির ভাগ শুটিং হয়েছে নিউইয়র্কে। তামিল আর হিন্দি ভাষার সংস্করণে নির্মিত এ চলচ্চিত্র মুক্তি পাচ্ছে আগামী ৫ অক্টোবর। চরিত্র রূপায়ণে শ্রীদেবীর সহযাত্রী ফরাসি অভিনেতা মেহদি নেব্যু, আদিল হুসেন আর প্রিয়া আনন্দ। তামিল সংস্করণে অতিথি অভিনেতা অজিত কুমার আর হিন্দিতে অমিতাভ বচ্চন।টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে গত শুক্রবার সম্মানসূচক ‘গালা’ বিভাগে প্রদর্শনী হলো ইংলিশ ভিংলিশ-এর। আবেগঘন উপাখ্যানের সাক্ষী হয়ে রইল ‘রয় থম্পসন অডিটরিয়াম’। চলচ্চিত্রটি শেষ হলে দর্শক ১০ মিনিট দাঁড়িয়ে অভিনন্দন জানালেন উপস্থিত কুশীলবদের। এত বছর পর শ্রীদেবীর রাজসিক প্রত্যাবর্তন দর্শকসারিতে বসা আপনজনদের আনন্দাশ্রুতে ভাসাল কি?গত জুলাই মাসে টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব-২০১২-তে চলচ্চিত্রটি নির্বাচিত হয়। একই সঙ্গে গালা বিভাগে প্রদর্শনের জন্য এটিকে আমন্ত্রণ জানানো হয়।অন্টারিওর প্রাদেশিক প্রধান লিবারেল দলনেতা ডাল্টন ম্যাকগুয়েন্টি শ্রীদেবীর গুণমুগ্ধ। নিজের অফিসে ইংলিশ ভিংলিশ-এর অভিনেতাদের চা-পানের নিমন্ত্রণ জানান তিনি। এটি দেখার আকাঙ্ক্ষার কথাও একান্তে জানান প্রিয় অভিনেত্রীকে।অতিথি অভিনেতার কথা না বললে ইংলিশ ভিংলিশ নিয়ে কথামালা অসম্পূর্ণ থেকে যাবে। শ্রীদেবীর সঙ্গে মাত্র পাঁচ মিনিটের উপস্থিতি পর্দায়; কিন্তু দর্শকমনে চরিত্রটির রেশ থেকে যায় শেষ পর্যন্ত। অমিতাভ বচ্চনের মতো শক্তিমান অভিনেতার পক্ষেই সম্ভব এই আবেশ সৃষ্টি করা।মুক্তির পর ইংলিশ ভিংলিশ-এর আর্থিক সাফল্যের নিক্তিটা যা-ই জানাক না কেন, হাতেখড়ি হিসেবে বিজ্ঞাপননির্মাতা গৌরী শিন্ডের প্রাপ্তিও কম নয়। ইংলিশ ভিংলিশ-এর স্বত্ব ২০ কোটি রুপিতে কিনেছে ইরোজ ইন্টারন্যাশনাল। এক সপ্তাহে ইউটিউবে চলচ্চিত্রটির ট্রেলারের দর্শক হয়েছেন ১০ লাখের বেশি লোক।এখন দেখার অপেক্ষা, নতুন পরিচালক গৌরী শিন্ডের প্রতি ভাগ্যদেবী কতটা সহায়। আর শ্রীদেবী নামের বলিউডের উজ্জ্বল তারাটির ১৫ বছর পর পর্দায় প্রত্যাবর্তন দর্শকমনে কতখানি আলো জ্বালে! মারুফা রহমানটাইমস অব ইন্ডিয়া অবলম্বনে