শ্রীদেবীর জন্য 'বাড়িছাড়া' প্রভুদেবা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রভুদেবা ও শ্রীদেবী
প্রভুদেবা ও শ্রীদেবী

বলিউডের অভিনেত্রী শ্রীদেবীর বাড়িতে গত ২১ ডিসেম্বর আগুন লাগায় এক অর্থে কপাল পুড়েছে নির্মাতা, কোরিওগ্রাফার ও অভিনেতা প্রভুদেবার। তিনি শ্রীদেবীর অ্যাপার্টমেন্টে ভাড়া থাকতেন। আগুন লাগার পর সপরিবারে বন্ধুদের বাড়িতে থাকতে হচ্ছিল শ্রীদেবীকে। বিষয়টি জানার পর শ্রীদেবীর কাছ থেকে ভাড়া নেওয়া অ্যাপার্টমেন্ট ছেড়ে দেন প্রভুদেবা। সেখানে গিয়ে ওঠেন শ্রীদেবী ও তাঁর পরিবারের সদস্যরা। এভাবে মুম্বাইয়ে মাথা গোঁজার ঠাঁই হারিয়ে একরকম গৃহহীনই হয়ে পড়েন প্রভুদেবা।

চেন্নাইয়ে বিশাল বাড়ি রয়েছে প্রভুদেবার। কিন্তু কাজের তাগিদে মুম্বাইয়ের আন্ধেরি এলাকায় শ্রীদেবীর গ্রিন একরস বাড়িটি ভাড়া নিয়েছিলেন তিনি। কিন্তু শ্রীদেবীর বাড়িতে আগুন লাগার পর মানবিক কারণে তিনি শ্রীদেবীকে গ্রিন একরসের বাড়িটি ছেড়ে দেন। সম্প্রতি সপরিবারে মালদ্বীপ থেকে অবকাশযাপন শেষে মুম্বাই ফিরে স্বামী-সন্তান নিয়ে সে বাড়িতেই উঠেছেন শ্রীদেবী। এক খবরে এমনটিই জানিয়েছে ওয়ান ইন্ডিয়া।

অন্যদিকে, শ্রীদেবীকে বাড়ি ছেড়ে দিয়ে প্রভুদেবা চেন্নাই চলে গিয়েছিলেন। আজ তিনি মুম্বাই ফিরছেন। তবে মুম্বাইয়ে তিনি কোথায় উঠবেন, তা এখনও নিশ্চিত নয়। প্রভুদেবা আপাতত বন্ধুদের বাড়িতেই থাকবেন। পরে পছন্দমতো বাসা খুঁজে পেলে সেটা ভাড়া নেবেন।

প্রসঙ্গত, মুম্বাইয়ের আন্ধেরি এলাকার একটি বাড়িতে সপরিবারে থাকতেন শ্রীদেবী। গত ২১ ডিসেম্বর সন্ধ্যায় তাঁর শোবার ঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘরের শীতাতপ নিয়ন্ত্রণযন্ত্রের বৈদ্যুতিক লাইনে শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত। আগুনে পুরো শোবার ঘর পুড়ে যায়। সে সময় দুই মেয়ে ও শাশুড়িসহ বাড়িতেই ছিলেন শ্রীদেবী। তাঁর উপস্থিত বুদ্ধিমত্তা এবং সময়মতো ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিভিয়ে ফেলায় বড় ধরনের কোনো অঘটন ঘটেনি।

বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগার সঙ্গে সঙ্গে দ্রুত মেইন সুইচ বন্ধ করে দেন শ্রীদেবী। এজন্য আগুন বাড়ির অন্যান্য অংশে ছড়িয়ে পড়তে পারেনি। মেইন সুইচ বন্ধ করে একটুও কালক্ষেপণ না করে দুই মেয়ে ও শাশুড়িকে নিরাপদে বাড়ির বাইরে নিয়ে যান শ্রীদেবী। আগুনে শোবার ঘরের প্রায় সবকিছুই পুড়ে যায়। শ্রীদেবীর পোশাকের পাশাপাশি তাঁর আঁকা সব চিত্রকর্মও পুড়ে যায়।

খবর পেয়ে দ্রুত ফায়ার ইঞ্জিন এবং ট্যাংকার নিয়ে ঘটনাস্থলে পৌঁছান ফায়ার সার্ভিসের সদস্যরা। কয়েক মিনিটের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। অগ্নিকাণ্ডের সময় বাড়িতে ছিলেন না শ্রীদেবীর স্বামী চলচ্চিত্র প্রযোজক বনি কাপুর। খবর শুনে হন্তদন্ত হয়ে বাড়িতে পৌঁছান তিনি। বাড়ির বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ায় রাতে হোটেলে থাকতে হয় শ্রীদেবীর পরিবারের সদস্যদের।