শ্রীরাম, ভূমি ও রাকেশের সঙ্গে
সোমবার সন্ধ্যায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে চলছে ফ্যাশন শো। একটু পরই মঞ্চে উঠবেন ইন্ডিয়ান আইডল ৫-এর তিন তারকা শ্রীরামচন্দ্র, ভূমি ত্রিবেদি ও রাকেশ মাইনি। ঢাকায় কনসার্টে অংশ নিতে রোববার বাংলাদেশে এসেছেন তাঁরা। এরই ফাঁকে কিছুক্ষণের জন্য তাঁদের সঙ্গে কথা বলার সুযোগ পাওয়া গেল।কেমন লাগছে বাংলাদেশে এসে? ভূমি ত্রিবেদি বললেন, ‘হোটেলের বাইরে তেমন কোথাও যাওয়ার সুযোগ হয়নি। প্রথমবার নতুন একটা দেশে এসেছি। একটা উত্তেজনা কাজ করছে।’ রাকেশ ব্যস্ত নিজের পোশাক নির্বাচন নিয়ে। বললেন, ‘দেশের বাইরে কনসার্ট করার মধ্যে অন্য রকম একটা মজা আছে।’ রুমের এক কোনায় বসে শ্রীরাম ঠিক করছিলেন মঞ্চে কোন গানগুলো করবেন। বললেন, ‘প্রতিটি শো আমার কাছে একটা চ্যালেঞ্জ। সবাই টিকিট কেটে গান শুনতে এসেছেন। তাঁদের প্রত্যাশা পূরণ করাটা কিন্তু কম নয়।’শ্রীরাম জানালেন, এরই মধ্যে যশরাজ ফিল্মসের ছবিতে গান গাওয়ার সুযোগ পেয়েছেন তিনি। অন্য দুজনের সামনেও বলিউডের গান করার হাতছানি। গান নিয়েই সামনে এগিয়ে যেতে চান তিনজন।