শ্রীরামই হলেন ইন্ডিয়ান আইডল-৫
কোনো অঘটন নয়। যা ঘটার কথা ছিল, তা-ই ঘটেছে। অভিজিৎ সাওয়ান্ত, সন্দীপ আচার্য, প্রশান্ত তামাং, সৌরভীর সঙ্গে যুক্ত হয়েছে শ্রীরামের নাম। হায়দরাবাদের ২৪ বছরের যুবক শ্রীরাম চন্দ্র জিতে নিয়েছেন ইন্ডিয়ান আইডল-৫-এর ট্রফি। এবার দর্শকের ভোট নিয়ে বিচারক অনু মালিক, সেলিম মার্চেন্ট, সুনিধি চৌহানও খুশি। যদিও এবার সেরা ১৩-তে থাকা প্রায় সবার মধ্যেই দেখা গেছে মেধার স্ফুরণ। বিশেষ করে সেরা-৩-এ থাকা শ্রীরামের সঙ্গে রাকেশ, ভূমি প্রত্যেকেই বলিউডের রাঘব বোয়ালদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছেন। অন্যবারের ইন্ডিয়ান আইডল বিজয়ীরা কালের অতলে হারিয়ে গেলেও এবার আশা করা যায়, অনেকেই হিন্দি ছবির স্টুডিও মাতাবেন। ইতিমধ্যেই শ্রীরাম সেলিম-সুলায়মান জুটির সঙ্গে দক্ষিণী ছবিতে প্লে-ব্যাক করেছেন। ইন্ডিয়ান আইডল-৫-এর খেতাব জয়ের পুরস্কারস্বরূপ গাড়ি, মোটরবাইক, ৫০ লাখ রুপি, সনির সঙ্গে এক বছরের চুক্তি ছাড়াও যশরাজ ফিল্মসের আগামী ছবিতে প্লে-ব্যাক করার সুবর্ণ সুযোগ অর্জন করেছেন শ্রীরাম। সবকিছু ঠিক থাকলে, ক্যাটরিনা কাইফ-ইমরান খান অভিনীত যশরাজদের ছবিতে বিশাল-শেখরের সংগীত পরিচালনায় প্লে-ব্যাক করবেন শ্রীরাম। এপ্রিল থেকে আগস্ট—এই দীর্ঘ পথপরিক্রমায় শ্রীরামকে একটিবারও দর্শক বিমুখ করেননি। একটিবারও তাঁকে ‘ডেনজার জোন’-এ যেতে হয়নি। এমনকি বিচারকেরাও শ্রীরামের গান নিয়ে কখনো তেমন নেতিবাচক মন্তব্য করেননি। বরং শেষ পর্বে অনু মালিক এক ধাপ এগিয়ে বলেছেন, ‘বলিউডের তাবৎ সংগীত পরিচালকেরা প্লে-ব্যাক করানোর জন্য শ্রীরামের দরজায় কড়া নাড়তে বাধ্য হবেন।’ শ্রীরাম বলেন, ‘ইন্ডিয়ান আইডল-৫ না হলেও আমি মুম্বাই-এ বদলি হতাম। কারণ ইতিমধ্যেই শঙ্কর-এহসান লয়, প্রীতম, বাপ্পী লাহিড়ী আমার সঙ্গে প্রাথমিক কথাবার্তা বলেছেন। আসল যুদ্ধ কিন্তু এখন থেকেই শুরু।’ শ্রীরামের জন্য সবচেয়ে বড় আনন্দের মুহূর্ত, যখন অমিতাভ বচ্চনের মতো কিংবদন্তি তাঁর নাম ঘোষণা করেন। শ্রীরামের হয়ে অমিতাভ বচ্চন ‘বিজয় বক্তব্য’ বলে দেন। ছোটবেলা থেকেই মঞ্চে নিয়মিত গান করা শ্রীরাম ছয় বছর ধরে শাস্ত্রীয় সংগীত শিখছেন। ‘সেন্ট এন্ড্রুস স্কুল’-এ তাঁকে ‘নাইটিঙ্গেল’ নামেও ডাকা হতো। সেই শ্রীরাম প্রকৌশলবিদ্যায় পড়াশোনার ফাঁকে তেলেগু ছবিতে টুকটাক প্লে-ব্যাকও করেছেন। বাহবাও কুড়িয়েছিলেন। তবে তাঁর লক্ষ্য ছিল পুরো ভারতের হাততালি পাওয়ার। ‘ইন্ডিয়ান আইডল’-এ প্রতিটি পর্বে সর্বাধিক ভোট পাওয়ার রেকর্ড কোন মন্ত্রবলে সম্ভব করেছিলেন শ্রীরাম? ‘একটাই মন্ত্র। প্রত্যেকবার পারফর্ম করার আগে নিজেকে বলতাম, এ রকম সুযোগ আমি আর পাব না। সুতরাং এবারই নিজের সেরাটা ঢেলে দিতে হবে। তা ছাড়া সত্যিকার অর্থে গান ভালোবাসলে দর্শক-শ্রোতা নিজেদের জাত-ধর্ম নিয়ে ভাবেন না। তার প্রমাণ আমি পেয়েছি অনলাইনে চ্যাট করতে গিয়ে। বাংলাদেশ এবং পাকিস্তান থেকে ভক্তরা জিজ্ঞাসা করেছেন, কীভাবে তাঁরা আমাকে ভোট করবেন। তাঁরা আমন্ত্রণ জানিয়েছেন তাঁদের দেশে গান গাইবার। কোনো কাজে পুরো আন্তরিকতা ঢেলে দিলে, জয় আসবেই। তা ছাড়া এই শোতে অংশ নিয়ে সময়ের ব্যবহার করাও শিখেছি। জীবন একটাই, আর এই ছোট্ট জীবনের ১০ মিনিটের অপব্যবহারও অনেক বড় ক্ষতির কারণ হতে পারে।’ নতুন ইন্ডিয়ান আইডলের এ রকম আরও অনেক উপদেশ, উদ্ধৃতিই এখন লাখো-কোটি মানুষের কাছে ‘বিশেষ কিছু’ অথচ দুই দিন আগেও শ্রীরাম ছিলেন হায়দরাবাদের সাধারণ এক যুবক। রিয়েলিটি শোর মাহাত্ম্য এখানেই। মুহূর্তেই যে কেউ হতে পারেন জিরো থেকে হিরো। তবে হিরো যেন আবার জিরোর খাতায় নাম না লেখান, তার দায়িত্ব চ্যানেল, কর্তৃপক্ষ এবং স্বয়ং শ্রীরামের। আর আর খান তথ্যসূত্র: ওয়েবসাইট