শ্রীলঙ্কা সফরে আসিফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রীলঙ্কা সফরে যাচ্ছেন সংগীতশিল্পী আসিফ আকবর। তিনি ২১ মার্চ শ্রীলঙ্কার উদ্দেশে যাত্রা করবেন, দেশে ফিরবেন ২ এপ্রিল। কলম্বোর একটি হোটেলে উঠবেন তিনি। মাঠে বসে বাংলাদেশ-শ্রীলঙ্কার সব কটি ওয়ানডে ম্যাচই উপভোগ করবেন আসিফ। তবে এই খেলা দেখার ফাঁকে একটি গানের কাজও সেরে নেয়ার কথা রয়েছে তাঁর। আসিফ জানিয়েছেন, ‘শ্রীলঙ্কার জনপ্রিয় সংগীত পরিচালক ইরাজ আমার বন্ধু। তিনি এরই মধ্যে কনার জন্য গান করেছেন। মূলত সেই সূত্রেই ইরাজের সঙ্গে আমার পরিচয় এবং সখ্য। ইরাজ আমার শ্রীলঙ্কা সফরের কথা শুনে বেশ উচ্ছ্বসিত। আমাকে নিয়ে তাঁর অনেক পরিকল্পনা এখন। তিনি চাইছেন, তাঁর সুর-সংগীতে আমি যেন একটি গানে কণ্ঠ দিই।’ আসিফ আরও জানিয়েছেন, ‘আমারও ইচ্ছে আছে গানটি করার। আশা করছি, বাংলা এবং সিংহলি ভাষায় গানটি গাইব। গানটির রেকর্ডিং শেষ হলে আমার নতুন “এক্স প্রেম” অ্যালবামে গানটি রাখারও পরিকল্পনা করেছি। তবে আমি আবারও বলি, এই সফর মূলত ক্রিকেট এবং আশরাফুলের জন্য বরাদ্দ রেখেছি। এর ফাঁকে যদি গানটি গেয়ে ফেলি, তবে সেটা বোনাস।’ জানা গেছে, দীর্ঘ বিরতির পর আসছে বৈশাখে আসিফের নতুন একক ‘এক্স প্রেম’ প্রকাশ হতে যাচ্ছে।