শ্রীলঙ্কার জাদুঘরে 'বাংলাদেশ গ্যালারি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শ্রীলঙ্কার ক্যান্ডিতে স্যাক্রেড টুথ রেলিক টেম্পলের আন্তর্জাতিক বৌদ্ধ জাদুঘরে গত মঙ্গলবার ‘বাংলাদেশ গ্যালারি’ উদ্বোধন করেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর l ছবি: প্রথম আলো
শ্রীলঙ্কার ক্যান্ডিতে স্যাক্রেড টুথ রেলিক টেম্পলের আন্তর্জাতিক বৌদ্ধ জাদুঘরে গত মঙ্গলবার ‘বাংলাদেশ গ্যালারি’ উদ্বোধন করেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর l ছবি: প্রথম আলো

শ্রীলঙ্কার ক্যান্ডিতে স্যাক্রেড টুথ রেলিক টেম্পলের আন্তর্জাতিক বৌদ্ধ জাদুঘরে উদ্বোধন করা হলো বাংলাদেশ গ্যালারি। বৌদ্ধ সংস্কৃতি ও দর্শনকে এশিয়া তথা পৃথিবীব্যাপী তুলে ধরতে এর আগে সেখানে বৌদ্ধ ঐতিহ্যসংবলিত ১৬টি দেশের গ্যালারি ছিল। এবার সেখানে যুক্ত হলো বাংলাদেশ গ্যালারি। পৃথিবীর অন্যতম বৃহৎ এ বৌদ্ধ জাদুঘরটি ২০১১ সালে প্রতিষ্ঠিত হয়।
গত মঙ্গলবার বিকেলে শ্রীলঙ্কার এ আন্তর্জাতিক বৌদ্ধ জাদুঘরে ‘বাংলাদেশ গ্যালারি’ উদ্বোধন করেন বাংলাদেশের সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। উদ্বোধনের পর গ্যালারি-সংলগ্ন মিলনায়তনে ছিল আলোচনা অনুষ্ঠান। সে সময় উপস্থিত ছিলেন শ্রীলঙ্কায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার তারিক আহসান, স্যাক্রেড টুথ রেলিক টেম্পলের প্রধান তত্ত্বাবধায়ক প্রদীপ নিলাঞ্জা ডেলা, ক্যান্ডি সেন্ট্রাল প্রভিন্সের মুখ্য সচিব, স্থানীয় গণমাধ্যম-সংস্কৃতি অঙ্গনের প্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিরা।
আলোচনায় আসাদুজ্জামান নূর বলেন, ‘বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি শতাব্দীপ্রাচীন ও ঐতিহ্যমণ্ডিত। বৌদ্ধ ঐতিহ্য, সংস্কৃতি ও নিদর্শনেও বাংলাদেশ সমৃদ্ধ। দক্ষিণ এশীয় সংস্কৃতি ও বৌদ্ধ ঐতিহ্যে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে যথেষ্ট সাদৃশ্য রয়েছে। এই বৌদ্ধ জাদুঘরে বাংলাদেশ গ্যালারি একটি উল্লেখযোগ্য ঘটনা। এর মাধ্যমে দুই দেশের সাংস্কৃতিক যোগাযোগ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও দৃঢ় হবে।’
গ্যালারি উদ্বোধনের জন্য ১৯ সদস্যের একটি সাংস্কৃতিক দল নিয়ে গত সোমবার শ্রীলঙ্কা যান সংস্কৃতিমন্ত্রী। ওই দিন বিকেলে শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর ওয়েস্টার্ন প্রভিন্স এসথেটিক রিসোর্ট মিলনায়তনে একটি সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেয় সাংস্কৃতিক দলটি। এ অনুষ্ঠানে আসাদুজ্জামান নূর ছাড়াও উপস্থিত ছিলেন শ্রীলঙ্কার সংস্কৃতিমন্ত্রী এস বি নাওইন্নান্দ, শ্রীলঙ্কায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার তারিক আহসানসহ আরও অনেকে।
তামান্না রহমানের পরিচালনায় বাংলাদেশের নৃত্যশিল্পীরা বাংলাদেশের লোকজ ও সমসাময়িক নাচ পরিবেশন করেন। বাউল গান গেয়ে শোনান কণ্ঠশিল্পীরা। অনুষ্ঠানটি উপভোগ করনে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, সাংস্কৃতিক কেন্দ্রের পরিচালক, দেশটির সরকারি-বেসরকারি কর্মকর্তা, সংস্কৃতি ও গণমাধ্যম প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার দর্শকেরা।
অনুষ্ঠানের পর এ বছর বাংলাদেশের একটি শহরকে সার্ক সাংস্কৃতিক রাজধানী ঘোষণা ও কলম্বোতে অনুষ্ঠেয় সার্ক চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে সার্ক সংস্কৃতিকেন্দ্রের পরিচালক ওয়াসানদে কোতুওয়েলার সঙ্গে বৈঠক করেন আসাদুজ্জামান নূর। এ বছর শ্রীলঙ্কার সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের ৪০ বছর পূর্তি হয়েছে।
সংস্কৃতি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।