শ্রীলঙ্কায় শুভ
আরেফিন শুভ এর আগে ছবির শুটিং করেছেন মালয়েশিয়ায়। এবার করছেন শ্রীলঙ্কায়। গত সোমবার শ্রীলঙ্কায় গেছেন তিনি। শ্রীলঙ্কার বিভিন্ন লোকেশনে টানা ১৫ দিন তিনি শুটিং করবেন। ছবির নাম ওয়াও বেবি ওয়াও। সম্প্রতি ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে শুভর চুক্তি হয়।শুভ বলেন, ‘গল্পটা খুব সিরিয়াস কিছু না। তবে যথেষ্ট নাটকীয়তা আছে। আর এই নাটকীয়তা শুধু ছবির নায়ক-নায়িকাকে ঘিরে নয়, নায়িকার বাবাও ছবির অন্যতম একটা অংশ।’ওয়াও বেবি ওয়াও ছবিতে আরেফিন শুভর বিপরীতে অভিনয় করছেন তমা মির্জা। শুভ বললেন, ‘আমরা দুজন একসঙ্গে প্রথম আলোর বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার প্রদান অনুষ্ঠানে একটি পরিবেশনায় অংশ নিয়েছিলাম। ওটাই ছিল আমাদের দুজনের প্রথম একসঙ্গে কাজ করা। এবার আমরা জুটি হয়ে ছবিতে অভিনয় করছি। আশা করছি, আমাদের দুজনের প্রথম ছবিটি দর্শকের ভালো লাগবে।’শ্রীলঙ্কা থেকে দেশে ফিরে দেবাশীষ বিশ্বাস পরিচালিত ভালোবাসা জিন্দাবাদ ছবির শুটিং শুরু করবেন শুভ।ওয়াও বেবি ওয়াও ছবির গানের সুর ও সংগীত পরিচালনা করছেন শওকত আলী ইমন। ছবির একটি গানে কণ্ঠও দিয়েছেন তিনি।