শ্রেষ্ঠ কারুশিল্পীরা পেলেন পুরস্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিল্পী মনসুর উল করিম (বাঁ থেকে প্রথম) ও অতিথিদের সঙ্গে গ্যালারি ঘুরে দেখছেন উদ্বোধক আনিসুজ্জামান
শিল্পী মনসুর উল করিম (বাঁ থেকে প্রথম) ও অতিথিদের সঙ্গে গ্যালারি ঘুরে দেখছেন উদ্বোধক আনিসুজ্জামান

আবহাওয়া বেশ উত্তপ্ত। ধানমন্ডিতে তখন রোদ্দুর কমে এসেছে। বেঙ্গল শিল্পালয়ে ঢুকতেই মিলল ছোট্ট একটি হাট। বাহারি কারুপণ্য মেলে বসেছেন দেশের নানা প্রান্ত থেকে আসা শিল্পীরা। মেলাটি প্রতিবছরই বসে। প্রতিবছরই এখানে দেওয়া হয় শ্রেষ্ঠ কারুশিল্পী পুরস্কার। গতকাল শুক্রবার বিকেলের এই আয়োজনে ছিল একটি বিশেষ আকর্ষণ। এই দিন দেশের চারজন সেরা কারুশিল্পীর হাতে পুরস্কার তুলে দেন শিল্পাচার্য জয়নুল আবেদিনের সহধর্মিণী বেগম জাহানারা আবেদিন ও কথাসাহিত্যিক সেলিনা হোসেন। শিল্পাচার্য জয়নুল আবেদিনের জন্মশতবর্ষ উপলক্ষে ২০১৪ সালের এ পুরস্কার ও কারুমেলা উৎসর্গ করা হয়েছে শিল্পাচার্যকে।
শিল্পাচার্য নকশিকাঁথা সংগ্রহ করতেন। বহু বছর সেগুলো আগলে রেখেছিলেন বেগম জাহানারা আবেদিন। সেগুলো নিয়ে প্রদর্শনী করায় বেঙ্গলকে ধন্যবাদ জানান তিনি। এবারের কারুশিল্পীদের পুরস্কৃত করা হয় কাঁথা তৈরির জন্য। পুরস্কার প্রাপ্ত শিল্পীরা হলেন যশোরের শার্শা উপজেলার খাদিজা বেগম, কোতোয়ালির কদবানু, জেল রোডের মমতাজ বেগম এবং চাঁপাইনবাবগঞ্জের নতুনহাটের গুলনাহার বেগম। তাঁদের প্রত্যেকের হাতে পুরস্কারের ৫০ হাজার টাকা তুলে দেন শিল্পাচার্যের সহধর্মিণী।

দাদি-নানির কাছ থেকে শেখা এই সূচিকর্ম গ্রামীণ নারীদের অর্থনীতির ভিত তৈরি করেছে। আর এই শিল্পকে জায়গা করে দিতে সহায়তা করায় বেঙ্গলকে ধন্যবাদ জানান সেলিনা হোসেন।
অনুষ্ঠানে বক্তব্য দেন বেঙ্গল ফাউন্ডেশনের মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরী, ১৯৯৯ সালে শীলু আবেদ শ্রেষ্ঠ কারুশিল্পী পুরস্কার বিজয়ী জামালপুরের কাঁথাশিল্পী রাশেদা বেগম ও বাংলাদেশ জাতীয় কারুশিল্প পরিষদের সভাপতি চন্দ্র শেখর সাহা। বেঙ্গল শিল্পালয়ে এই কারুশিল্প মেলা চলবে পয়লা বৈশাখ পর্যন্ত।