মুক্তিযুদ্ধ নিয়ে বেশ কিছু প্রামাণ্যচিত্র তৈরি হয়েছে। এসব প্রামাণ্যচিত্রে কতটা পাওয়া গেছে মুক্তিযুদ্ধের চেতনা? সে প্রশ্নেরই উত্তর খুঁজেছি আমরা প্রামাণ্যচিত্র-নির্মাতা মানজারে হাসিন-এর কাছে১৯৭১ সালে নির্মিত জহির রায়হানের প্রামাণ্যচিত্র স্টপ জেনোসাইড মুক্তিযুদ্ধের পক্ষে বিশ্ব জনমত গঠনে সহায়ক ভূমিকা পালন করেছিল। এখানেই শেষ নয়, মুক্তিযুদ্ধ চলাকালে এটি পৃথিবীর বিভিন্ন দেশে প্রদর্শিত হয়। অন্যদিকে তারেক মাসুদের মুক্তির গান স্বাধীন বাংলাদেশের প্রামাণ্যচিত্রগুলোর মধ্যে সবচেয়ে ব্যবসা-সফল। অনেকটা পূর্ণদৈর্ঘ্য কাহিনিচিত্রের মতোই ব্যবসা করেছে এ প্রামাণ্যচিত্রটি। এমনকি প্রভাব বিস্তারকারী প্রামাণ্যচিত্র হিসেবেও এটি অন্যতম। পাঠক, বাংলাদেশের প্রামাণ্যচিত্র সম্পর্কে মোটাদাগে এ অর্জনগুলো মনে রেখে এই মাধ্যম সম্পর্কে বেশ কিছু প্রশ্ন প্রায়ই আমাদের মনে বুদ্বুদ তোলে—মুক্তিযুদ্ধের ওপর নির্মিত প্রামাণ্যচিত্রগুলোয় কতটা প্রতিফলিত হয়েছে মুক্তিযুদ্ধের সামগ্রিক চেতনা? ৪২ বছরে মুক্তিযুদ্ধের যে ধরনের প্রামাণ্যকরণ হওয়ার কথা ছিল, তা কি পরিপূর্ণভাবে উঠে এসেছে এই মাধ্যমে? প্রামাণ্যচিত্র-নির্মাতা মানজারে হাসিন, সবার কাছে যাঁর পরিচয় মানজারে হাসিন মুরাদ নামে, তাঁকে সামনে পেয়ে মনের ভেতরের প্রশ্ন-বুদ্বুদ যেন আরও উত্তাল হলো। এখন প্রশ্নগুলো তাঁর দিকে ছুড়ে দেওয়ার অপেক্ষা। সোমবার শেষ বিকেল। ঢাকা আর্ট সেন্টারে মানজারে হাসিনের মুখোমুখি আমরা। হাজির হয়েছি মুক্তিযুদ্ধের ওপর নির্মিত প্রামাণ্যচিত্র নিয়ে কথা বলার জন্য। প্রামাণ্যচিত্র নিয়ে মানজারে হাসিনের কায়কারবার অনেক দিনের। প্রামাণ্যচিত্র নির্মাণের পাশাপাশি এই বিষয়ে পড়ানও তিনি। তাই এ নিয়ে কথা বলার জন্য তাঁর চেয়ে যোগ্য কজনই বা আছেন! কথাটি তাঁকে বলতেই একফালি সলজ্জ হাসি তাঁর মুখে। আমাদের প্রশ্নের জবাবও ততক্ষণে হাজির হতে শুরু করেছে একে একে। ‘মুক্তিযুদ্ধ একটি বিশাল রাজনৈতিক ও সামাজিক আন্দোলনের অংশ। সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে আমরা একটি স্বাধীন ভূখণ্ড পেয়েছি। কিন্তু মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা বাস্তবায়িত হয়নি। সেই হিসেবে যুদ্ধ এখনো চলমান। ১৯৭১ সালে যুদ্ধ চলাকালে এবং মুক্তিযুদ্ধের পর পর বেশ কয়েকটি প্রামাণ্যচিত্র, যাকে আমি চলচ্চিত্র বলতে চাই, নির্মিত হয়েছিল। এগুলোর মধ্যে যুদ্ধকালীন বিভিন্ন ঘটনার দলিলীকরণের দিকেই নজর দেওয়া হয়েছে। প্রামাণ্যচিত্রের দুটি দিক আছে—ঘটনার বিশ্বাসযোগ্য দলিলীকরণ এবং বাস্তবতার সৃজনশীল পুনঃ উপস্থাপন, যার মাধ্যমে ঐতিহাসিক ঘটনাকে নতুনভাবে ব্যাখ্যা করা হয়। সাধারণত এই দুই দিক বিবেচনায় রেখেই একটি শিল্পমানসম্পন্ন প্রামাণ্যচিত্র তৈরি হয়। সেদিক থেকে মুক্তিযুদ্ধের ওপর নির্মিত প্রামাণ্যচিত্রের মধ্যে জহির রায়হানের স্টপ জেনোসাইডই শ্রেষ্ঠতম। ঘটনার দলিলীকরণ এবং শিল্পমান—এখানে দুইয়ের নিপুণ মেলবন্ধন আছে। এ ছাড়া মুক্তিযুদ্ধের ওপর যেসব প্রামাণ্যচিত্র নির্মিত হয়েছে, মুক্তিযুদ্ধের ব্যাপকতা সেখানে সামান্যই ধরা দিয়েছে।’প্রামাণ্যচিত্রে মুক্তিযুদ্ধের সামগ্রিক চেতনা কতটা এসেছে—এই প্রশ্নের উত্তর দিতে দিতে এর কারণও ব্যাখ্যা করলেন তিনি, ‘দেশে রাজনৈতিক পালাবদলের কারণে দীর্ঘদিন মুক্তিযুদ্ধের প্রামাণ্যচিত্র সেভাবে নির্মিত হয়নি। এ কথা বলছি কারণ, একটি ভালো প্রামাণ্যচিত্র নির্মাণের জন্য উপযুক্ত রাজনৈতিক পরিবেশও দরকার। এমনিতেই আমাদের দেশে এ মাধ্যমটির বাণিজ্যিক সফলতা কম। তা ছাড়া রাজনৈতিক কারণে অনেক দিন মুক্তিযুদ্ধের প্রামাণ্যচিত্র নির্মাণ প্রায় বন্ধ ছিল। এর মধ্যেও কেউ কেউ ব্যক্তি উদ্যোগে মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্যচিত্র বানিয়েছেন। আসলে প্রামাণ্যচিত্র নির্মাণ এমন এক প্রক্রিয়া, যেখানে সঠিকভাবে নির্মাণ কার্যক্রম না থাকলে ঘটনার গ্রহণযোগ্য একটি বাস্তবতা পাওয়া অনেক সময়ই দুষ্কর হয়ে পড়ে। তাই দুঃখের সঙ্গে বলতেই হচ্ছে, বিষয়বৈচিত্র্য ও সংখ্যার দিক দিয়ে মুক্তিযুদ্ধের প্রামাণ্যচিত্র এখনো অনেক কম। এ বিষয় নিয়ে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে এখনো প্রচুর কাজের সুযোগ রয়েছে।’এ তো শুধুই হতাশার কথা। আশার কোনো প্রদীপ কি নেই তাহলে?হতাশার কালো মেঘ উজিয়ে মানজারে হাসিনের চেহারায় এবার আশার আভা। কথায়ও সেই আশার রোশনাই, ‘এই বৈরী পরিস্থিতির মধ্যেও মুক্তিযুদ্ধের বিভিন্ন দিককে উপজীব্য করে কয়েকটি ভালো প্রামাণ্যচিত্র নির্মিত হয়েছে। তারেক মাসুদের মুক্তির গান, নারীর কথা এবং তানভীর মোকাম্মেলের ১৯৭১-এর কথা অবশ্যই বলতে হবে। তা ছাড়া ইয়াসমীন কবিরের স্বাধীনতা, আকা রেজা গালিব ও আফসান চৌধুরীর তাহাদের কথা—এসব প্রামাণ্যচিত্রে মূল বিষয় মুক্তিযুদ্ধ; কিন্তু বিষয়কে দেখার দৃষ্টিভঙ্গির মধ্যে বৈচিত্র্য আছে। নির্মাতারা কেবল গণহত্যা কিংবা মুক্তিযোদ্ধাদের বীরত্বের কাহিনি নয়, বরং এর বাইরে গিয়েও প্রামাণ্যচিত্র নির্মাণ করেছেন। চারুকলায় মুক্তিযুদ্ধ নামে আমিও একটি প্রামাণ্যচিত্র তৈরি করেছি। এখানে মুক্তিযুদ্ধে চারুকলার শিল্পীদের অবদান তুলে ধরা হয়েছে।’ পাঠক, মনে হতে পারে, মুক্তিযুদ্ধের প্রামাণ্যচিত্র নিয়ে মানজারে হাসিনের সঙ্গে আমাদের কথাবার্তা এখানেই শেষ। তবে শেষ হয়েও কিছু কিছু বিষয় অনিঃশেষ থেকে যায়—মুক্তিযুদ্ধের প্রামাণ্যচিত্র বিষয়টিও এমন। তাই বুঝি শেষের পরেও মানজারে হাসিনের কণ্ঠে শোনা গেল, ‘হতাশার কিছু নেই। আমার মতে, মুক্তিযুদ্ধ যেমন এখনো চলমান, তেমনি এই বিষয়কে কেন্দ্রে রেখে আগামীর নির্মাতারা হয়তো নতুন ভাবনায় তৈরি করবেন প্রামাণ্যচিত্র, যার মধ্য দিয়ে বিভিন্ন আঙ্গিকে ধরা থাকবে আমাদের শ্রেষ্ঠ সময়ের খেরোখাতা।’