
নাচের পোশাক পরে অপেক্ষা করছিল ছোট্ট বন্ধুরা। বড়দের কথা শেষ হলেই নাচ করতে মঞ্চে যাবে তারা। দর্শকসারিতে বসেই সাথিদের সঙ্গে চলছিল খুনসুটি। তাদের সংগঠন পেরোল ৬০ বছর। সে জন্যই তিন দিনের উৎসব, নাচ, গান আনন্দ।
গতকাল বুধবার বিকেল থেকে শুরু হয় ঐতিহ্যবাহী শিশু-কিশোর সংগঠন কচি-কাঁচার মেলার ৬০ বছর পূর্তি উৎসব। এ উপলক্ষে তিন দিনের অনুষ্ঠানের আয়োজন করেছে সংগঠনটি। উৎসবের প্রথম সন্ধ্যায় ছিল শুক্লা সরকারের পরিচালনায় শিশুদের নৃত্যনাট্য। তাতে অংশ নেয় মেলার নৃত্যবিতানের বোনেরা। নৃত্যনাট্যটির জন্য দীর্ঘ সময়ের একটি কর্মশালায়ও অংশ নিতে হয়েছিল তাদের।
মেলার সভাপতি খোন্দকার ইব্রাহিম খালেদের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান। তিনি বলেন, ‘আমাদের দেশের যে শিক্ষাব্যবস্থা, তা শিশুদের মেধাবিকাশের উপযোগী নয়। শিশুদের মেধাবিকাশের জন্য যা দরকার, তা করছে কচি-কাঁচার মেলা। নাচ, গান, আবৃত্তি—সবই রয়েছে সেগুলোর মধ্যে। নিজেদের সংস্কৃতির প্রতি ভালোবাসা সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার মূল্যবান কাজটি করছে তারা। আমার বিশ্বাস এর সঙ্গে যারা জড়িত, তারা অন্তত জঙ্গিবাদী হবে না।’
সংগঠন নিয়ে আলোচনা করেন মেলার ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এ টি এম শামসুল হুদা, সদস্য ডি ডি ঘোষাল, মেলার সহসভাপতি দিল মনোয়ারা, কাজী মদিনা, আসমা আব্বাসী, যুগ্ম সাধারণ সম্পাদক নিশাত শারমিন ও শিশু বক্তা দিবা। সবার আলোচনাতেই ঘুরেফিরে আসে মেলার প্রতিষ্ঠাতা সুফিয়া কামাল ও রোকনুজ্জামান খান দাদা ভাই এবং সংগঠনের জন্য তাঁদের ত্যাগের কথা।
আজ বৃহস্পতিবার বিকেল চারটা থেকে থাকবে কচি-কাঁচাদের আঁকা ছবির প্রদর্শনী, যেটি উদ্বোধন করবেন শিল্পী আবুল বারক আলভী। শুক্রবার সারা দিন মিলনমেলা বসবে নবীন ও প্রবীণ সদস্যদের। সেদিন সমাপনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কথাসাহিত্যিক মুহম্মদ জাফর ইকবাল।