
শিল্পকলা একাডেমির মাঠের মাঝখানে খোলা মঞ্চে মঙ্গলবার সন্ধ্যায় নাটকের মানুষ শিমূল ইউসুফের জন্মদিন ঘিরে ছিল আয়োজন। ছিমছাম আয়োজনের পুরোটাই ছিল নিখাদ ভালোবাসায় পরিপূর্ণ। ছিল না বক্তৃতার বাড়াবাড়ি।
নানান ভুবনের, নানা প্রজন্মের মানুষ শামিল হয়েছিলেন এখানে। কেউ পাঠ করলেন নাটকের সংলাপ। কেউ শোনালেন গান, কেউ করলেন কবিতা আবৃত্তি।
সংগত কারণে অনেকেই ফুল নিয়ে এসেছিলেন। শুভেচ্ছামাখা ফুলগুলো শিল্পী উৎসর্গ করলেন সদ্য প্রয়াত ওপার বাংলার লোকসংগীতশিল্পী কালিকাপ্রসাদ ভট্টাচার্যকে। আনন্দানুষ্ঠানে ১০ মিনিট বেহালায় করুণ সুর তোলেন জলের গানের শিউলি ভট্টাচার্য।
মঞ্চসজ্জায় ছিল ব্যতিক্রম। আজকের শিমূল ইউসুফ হয়ে ওঠার পথে যে দুজন মানুষের অবদান রয়েছে সেই দুই বরেণ্য ব্যক্তিত্ব—অমর একুশের গানের সুরস্রষ্টা আলতাফ মাহমুদ ও নাট্যাচার্য সেলিম আল দীনের প্রতিকৃতি ছিল মঞ্চে।
দীর্ঘ অভিনয়জীবনে বিনোদিনী, ডালিমন, চুক্কুনি, কালিন্দী, সুকি, কখনো-বা বর্ণনাকারী চরিত্রে অননুকরণীয় এবং অপ্রতিদ্বন্দ্বী শিমূল ইউসুফের জন্মদিনের পরিবেশনা নিয়ে মঞ্চে হাজির হন নাট্যজন রামেন্দু মজুমদার, আতাউর রহমান, আবৃত্তিশিল্পী আশরাফুল আলম ও সংগীতশিল্পী সুবীর নন্দী। ১৯৫৭ সালের ২১ মার্চ জন্ম নেওয়া শিমূল ইউসুফের সমসাময়িক শিল্পী হিসেবে অংশ নেন আবৃত্তিশিল্পী রুপা চক্রবর্তী, নজরুলসংগীতশিল্পী ফেরদৌস আরা, নাট্যব্যক্তিত্ব লিয়াকত আলী। অনুজ শিল্পী হিসেবে পরিবেশনার মাধ্যমে শিল্পীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন আবৃত্তিশিল্পী মো. আহ্কাম উল্লাহ, নৃত্যশিল্পী তামান্না রহমান, গানের দল জলের গানের রাহুল আনন্দ ও অভিনেত্রী জ্যোতি সিনহা।
দিলু বয়াতি পরিবেশন করেন সয়ফুল মুলক বদিউজ্জামাল শিরোনামের পালা। শিমূল ইউসুফের জন্মদিনে নিবেদিত নিজের লেখা শংসা বচন পাঠ করেন রুবাইয়াৎ আহমেদ। পুরো আয়োজনটিতে অভিনেতা আফজাল হোসেনের উপস্থাপনা সমাগতদের মুগ্ধতা আরও বাড়িয়ে দেয়।
আজ বুধবার সন্ধ্যায় একই স্থানে অনুষ্ঠিত হবে জন্মদিনের দ্বিতীয় দিনের পরিবেশনা।

পুতুলনাট্য দিবস উদ্যাপিত
বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে উদ্যাপিত হলো বিশ্ব পুতুলনাট্য দিবস। মঙ্গলবার আলোচনা সভা, সেমিনার আর পুতুলনাটক মঞ্চায়নের আয়োজন করেছিল শিল্পকলা একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগ। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন শিল্পী মুস্তাফা মনোয়ার।
একাডেমির সেমিনার হলে ‘পাপেট থিয়েটার: প্রেক্ষিত বাংলাদেশ’ শিরোনামে এক গোলটেবিল বৈঠকে যোগ দেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের অধ্যাপক রশীদ হারুন।
সন্ধ্যার আসরে ঢাকা মিরপুরের ‘হৃদয় ঝুমুর ঝুমুর পুতুল নাচ’ সংগঠনের মো. উজির আলীকে দেওয়া হয় ‘গুণী পুতুলনাট্য সম্মাননা ২০১৭’। এরপর ছিল ঐতিহ্যবাহী পুতুলনাট্য প্রদর্শনী।
‘জাতীয় মূকাভিনয় উৎসব’
মূকাভিনয়ের পথিকৃৎ হিসেবে বিবেচিত ‘মাস্টার অব মাইম’ মার্সেল মার্সোর ৯৫তম জন্মদিন আজ ২২ মার্চ। আজ ‘বিশ্ব মূকাভিনয় দিবস’ও। এ দিনটি উদ্যাপন উপলক্ষে গতকাল শুরু হয়েছে চিরদিনের ‘জাতীয় মূকাভিনয় উৎসব’।
বাংলাদেশ মূকাভিনয় ফেডারেশনের আয়োজনে গতকাল শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার মিলনায়তনে এ উৎসবের উদ্বোধন করেন প্রধান অতিথি সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ।
আজ বুধবার মার্সেল মার্সোর জন্মদিন ও ‘বিশ্ব মূকাভিনয় দিবস’ উপলক্ষে বিকেল ৪টায় শিল্পকলা একাডেমিতে স্মারক শোভাযাত্রা অনুষ্ঠিত হবে।