ষাট বছরের লিবার্টি এখন 'লিবার্টি সিনেপ্লেক্স'

‘ভাই, ছারপোকা কামড়াইসে?’
কৃত্রিম ইতস্তত কণ্ঠে জানতে চাই প্রেক্ষাগৃহ থেকে বের হওয়া এক তরুণের কাছে। তাঁর নতুন জামার ভাঁজ তখনো মিলিয়ে যায়নি। তিনি উত্তর দিলেন, ‘কই, না তো! নতুন হল, ছারপোকা মনে হয় খবর পায় নাই এখনো।’
সেদিন ঈদের চতুর্থ বিকেল। শো-ভাঙা মানুষ খালিশপুর লিবার্টি সিনেপ্লেক্স থেকে বেরিয়েছেন। কেউ গন্তব্যমুখী, কারও মুখে চা-পানি-ধোঁয়ার ছোঁয়া। ২৫ বছর আগে সেখানে দেখা যেত ক্রাচে ভর করা একজন ব্ল্যাকারকে। টাকা গোনার মতো করে নিউজপ্রিন্টের টিকিটগুলো এক হাত থেকে অন্য হাতে পার করতেন তিনি। বন্ধুর মামার সঙ্গে জীবনের প্রথম সিনেমা দেখেছিলাম এই প্রেক্ষাগৃহে। ছবির নাম মনে করতে পারি না, নায়ক ওমর সানী। হল থেকে বের হওয়ার পর হাত, কাঁধ ও কোমরের কয়েক জায়গা ফুলে ছিল। ভীষণ চুলকাচ্ছিল। পরিচয় হলো ছারপোকা নামে নতুন একটি প্রাণীর সঙ্গে। সেই ছারপোকার অভয়ারণ্য হলটি ভেঙে ফেলা হয়েছে। ১৯৫৬ সালের ডিসেম্বরে যাত্রা শুরু করে লিবার্টি সিনেমা। এ বছরের এপ্রিলে সেটি বদলে হয়ে যায় লিবার্টি সিনেপ্লেক্স। আগে আসনসংখ্যা ছিল ৭০০, এখন ৪৫০। কাঠের চেয়ারের বদলে মখমলে মোড়া কুশনের আসন। এসিও বসানো হয়েছে।
খুলনার নতুন রাস্তা থেকে খালিশপুরের দিকে এগোতে ডান হাতে পড়বে লিবার্টি সিনেপ্লেক্স। নাম লেখা না থাকলে মনে হতো সাধারণ বাণিজ্যিক ভবন। নিচতলায় ঘড়ি, ওষুধ ও ইলেকট্রনিক পণ্যের দোকান। দোতলার এক পাশে বেসরকারি ব্যাংক, অন্য পাশ ও তিনতলাজুড়ে সিনেমা হল। টিকিট কাউন্টারের পাশে ছোট ফুডকোর্ট। পুরোনো প্রেক্ষাগৃহের সামনে একটা বিরাট উঠোন ছিল। নতুন কাঠামোয় সেটাকে কাজে লাগানো হয়েছে বাণিজ্যিকভাবে ভাড়া দেওয়ার জন্য। হলের জায়গাটুকু অন্যভাবে ভাড়া দেননি মো. শাহজাহান আলী। সিনেমা হলের জন্য যথেষ্ট ভালোবাসা রয়েছে তাঁর। খুলনার সঙ্গীতা হলটিও চালাচ্ছেন তিনি। সারা দেশে যখন বহু সিনেমা হল বন্ধ হয়ে যাচ্ছে, তখন খালিশপুরবাসীর জন্য তিনি তৈরি করেছেন সিনেমা দেখার চমৎকার পরিবেশ।
রোজার সময় লিবার্টি সিনেপ্লেক্সে চলছিল শাকিব খান ও অপু বিশ্বাস অভিনীত টপ হিরো সিনেমাটি। ব্যবস্থাপক মহিউদ্দিন আহমেদ পান্না বলেন, ‘সিনেমা দেখার জন্য মানুষকে একটি ভদ্র পরিবেশ দিতে চাই, সে জন্যই এই ব্যবস্থা। ঈদের সময় আমাদের বেশ দর্শক হয়। কিন্তু অন্য সময় তেমন একটা হয় না। লোকে হলে এসে সিনেমা দেখছে না।’
লিবার্টির পাশেই চিত্রালী সিনেমা। এলাকার পাটকলগুলো যখন পূর্ণোদ্যমে চালু ছিল, তখন হলগুলো গমগম করত। কাজ শেষে পাটশ্রমিক, ছাত্র, চিত্রালী বাজারের ব্যবসায়ীরা নিয়ম করে সিনেমা দেখতেন। হল দুটির কাছে একজন ফল ব্যবসায়ীর কাছে জানতে চাই, ‘সিনেমা দেখেন?’ তিনি উদাসীন ভঙ্গিতে বলেন, ‘আগে দেখতাম।’