ষোলো আনা আনন্দ

৭ নভেম্বর ২০১৪। দিনটা অন্যান্য দিনের মতো শুরু হলেও বাংলা একাডেমি প্রাঙ্গণে সেদিন যাঁরা ছিলেন, তাঁদের জন্য ছিল অন্য রকম। পাঠকদের নিয়ে ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রথম আলো আয়োজন করে ‘পাঠকমেলা’। এই মেলায় প্রথম আলোর ফিচার পাতাগুলো নিয়ে সাজানো হয় আলাদা স্টল।
সকাল সাড়ে ১০টার দিকে ‘আনন্দ’ স্টলে প্রথম এলেন চঞ্চল চৌধুরী, জয়া আহসান ও মিম। একটু পর কনা, নির্ঝর, এলিটা আর ফেরদৌস। মিম বললেন, ‘চলো, সবাই মিলে একটা সেলফি তুলি!’ ততক্ষণে তারকাদের কাছ থেকে দেখার জন্য স্টলের বাইরে ভিড় জমে যায়। কেউ চান প্রিয় তারকার সঙ্গে ছবি তুলতে, কেউবা খাতার পাতায় একটা অটোগ্রাফ। দিনের বেশির ভাগ সময় পাঠকদের এই ভিড় লেগেই ছিল।

‘আনন্দ’ স্টলে ছিল বড় আকারের একটি কেক। সকাল থেকে রাত পর্যন্ত যে তারকাই এসেছেন এই স্টলে, তাঁদেরকে কেক দিয়ে আপ্যায়ন করা হয়। কেক খেয়ে আর প্রথম আলোর জন্য শুভকামনা লিখে তারকারা চলে যান অন্য স্টলগুলো দেখতে।
এসেছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তারকা নাসির ও তাসকিন। সঙ্গে ছিলেন কোনাল আর কনা। কনাকে দেখে কোনাল বললেন, ‘তুমি আমাকে একদম ভুলে গেছো আপু।’ কনা তাঁকে জড়িয়ে ধরে অভিমান ভাঙালেন। বাপ্পা মজুমদারের সঙ্গে ছিল শিশুশিল্পীরা। সজীব ছিলেন সকাল থেকেই। সঙ্গে ক্যামেরা। তিনি ঘুরে ঘুরে সবার ছবি তুলেছেন। মাত্র কদিন আগেই তিশার অস্ত্রোপচার হয়েছে। তাই খুব বেশিক্ষণ থাকতে পারেননি।

সন্দীপন জানালেন, ২৪ নভেম্বর তাঁর বিয়ে। তাঁকে অগ্রিম শুভেচ্ছা জানালেন পারভেজ, পুলক, মুন, সাব্বির, হাসান আবিদুর রেজা জুয়েল। তাঁদের আগেই আনন্দ স্টলে আসেন নাবিলা। চারজনের আড্ডা জমে উঠতে খুব বেশি সময় লাগেনি।
বন্যা মির্জা কিছুতেই কেক খাবেন না। সবার অনুরোধে একটুখানি কেক নিলেন তিনি। তখন স্টলে ছিলেন সাইমন জাকারিয়া, এজাজুল ইসলাম, ইশিকা। সম্প্রতি পুঁথি নিয়ে বিদেশ সফর করেছেন কাব্য কামরুল। সেই গল্প শুনিয়েছেন তিনি অনেককেই।

আলভির সঙ্গে ছিলেন তাঁর স্বামী আমির। আলভি বললেন, ‘ও তো যুক্তরাষ্ট্রে থাকে। শিগগিরই চলে যাবে।’
সজল এসেই সোফায় বসে পড়লেন। স্বেচ্ছাসেবকদের ফাঁক গলে কয়েকজন ভক্ত ছুটে এলেন সজলের কাছে। সজলের সঙ্গে ছবি তুলবেন তাঁরা। হাসিমুখে সজল সবার কথা রাখলেন।
স্ত্রী আর ছেলেকে নিয়ে দূরবীন ব্যান্ডের শহীদ ও আইয়ুব এলেন বিকেলের দিকে। সম্প্রতি আরিফিন শুভর কিস্তিমাত ছবিটি মুক্তি পেয়েছে। তাই তাঁকে ঘিরে ছিল অনেক ভিড়। মঞ্চে গান গেয়ে সবার সঙ্গে দেখা করতে এলেন মিমি।
স্ত্রী চুমকি আর ছেলেকে নিয়ে এসেছিলেন মীর সাব্বির। ছেলে বিভিন্ন খেলায় অংশ নিয়েছে আর কাছ থেকে ছেলের দিকে খেয়াল রেখেছেন তিনি। পাশাপাশি আড্ডা দিলেন কচি খন্দকারের সঙ্গে। বাংলাভিশনে প্রচারিত হচ্ছে মীর সাব্বিরের নাটক নোয়াশাল। একজন পাঠক নাটকটির প্রশংসা করলেন। হাসিমুখে তাঁকে ধন্যবাদ জানালেন সাব্বির।

নকুল কুমার বিশ্বাস ঘুরে বেড়িয়েছেন অনেকটা সময়।
নিপুণের মুখে হাসি লেগেই ছিল। মিষ্টি হাসি দিয়ে কুশল বিনিময় করেন সবার সঙ্গে। যাওয়ার সময় জানালেন, তাঁর খুব অ্যালার্জি হয়েছে। এলেন মাজনুন মিজান। গিয়াসউদ্দিন সেলিম, শামীম জামান আর সাজু খাদেমের আড্ডার কথা শুনে সবার সেকি হাসি! সাজু খাদেম পড়াশোনা করেছেন চারুকলায়। অভিনয়ের পাশাপাশি আঁকাআঁকিও করেন। তিনি শুভেচ্ছা জানালেন কার্টুন এঁকে। এসেছিলেন তিশমা, দীপঙ্কর দীপন, শাফায়েত মনসুর, হাসিবুর রেজা, ফারহানা নিশো, শিহাব শাহীন। আবু হেনা রনিকে সবাই ঘিরে ধরেছিলেন জোকস শোনানোর জন্য। জোকস শুনিয়েছেন জামিলও।

শানারেই দেবী শানু, রওনক হাসান, নাঈম, শায়না আমিন, মিশু সাব্বির, নওরীন, পূজা, কর্নিয়া, সালমা, সায়েম যখন এলেন, তখন মূল মঞ্চে হচ্ছে গান।
বাংলা একাডেমি প্রাঙ্গণ থেকে পাঠকমেলা বিভিন্ন সময় সম্প্রচার করেছে চ্যানেল নাইন। সকাল থেকে চ্যানেল নাইনের সঙ্গে ছিলেন পূজা সেনগুপ্ত। দুপুর পর্যন্ত তিনি অনেকের সাক্ষাৎকার নিয়েছেন। এসেছিলেন আনন্দ স্টলেও।

ফারিয়া শাহরীন, মুনিরা ইউসুফ মেমি ও শিরিন বকুল সেলফি তুলে আর গল্প করে কাটিয়েছেন অনেকটা সময়। মৌটুসি বিশ্বাসের কোলে ছিল তাঁর ছোট্ট মেয়ে। তিনি সবার সঙ্গে তাঁর মেয়েকে পরিচয় করিয়ে দেন।

বিকেলে আরও এলেন কবির বকুল, দিনাত জাহান, মেহরাব, লিজা, ইমন, সুষমা, শুভ, আফরান নিশো, ইবরার টিপু, মিথিলা ইবরার, ইরফান সাজ্জাদ। সন্ধ্যার পর এলেন তিন ভাইবোন স্বাগতা, সভ্যতা, সন্ধি। স্বামী জায়েদকে নিয়ে ন্যান্সি যখন এলেন, তখন অনুষ্ঠান প্রায় শেষ পর্যায়ে। এস আই টুটুল তাঁর গাড়ি রেখে আসেন রাস্তায়। আর তা নিয়ে তিনি ছিলেন বেশ চিন্তিত। ওদিকে একটু পরই যে মঞ্চে গান গাইতে হবে, সেই প্রস্তুতি নিতে ভোলেননি তিনি।
এমনিভাবে সারা দিন আনন্দ স্টলকে ঘিরে ছিল তারকা আর পাঠকদের ষোলো আনা আনন্দ।