ষড়ৈশ্বর্য লাকী ইনাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহাকাল নিরন্তর প্রবহমান। এর স্রোতধারায় বয়স বাড়তে থাকে সবার। কালের গতিধারায় নাট্যব্যক্তিত্ব লাকী ইনাম পা রাখলেন ষাট বছরে। বলা হলো তাঁকে ‘ষড়ৈশ্বর্য’। একই সঙ্গে মঞ্চে তাঁর পদচারণার ৪০ বছরও পূর্ণ হলো। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায় শুরু হয়েছে ‘ষড়ৈশ্বর্য লাকী ইনাম নাট্যোৎসব ২০১২’।ছয় দিনের এই নাট্যোৎসবে লাকী ইনামের অভিনীত ও নির্দেশিত ছয়টি নাটকের মঞ্চায়ন হবে। গতকাল প্রথম দিনে মঞ্চস্থ হয় নাটক পুশি বেড়াল ও একজন প্রকৃত মানুষ। আর্থার মিলারের এই নাটকের অনুবাদ করেন প্রৈতি হক। নির্দেশনা দেন লাকী ইনাম। নাটকটি প্রযোজনা করে নাগরিক নাট্যাঙ্গন। ৯ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা সাতটায় নাটক মঞ্চস্থ হবে। উৎসবের অন্য নাটকগুলো হলো: মুক্তির উপায়, সরমা, প্রাগৈতিহাসিক, সেই সব দিনগুলি ও বিদেহ। নাটকগুলো মঞ্চস্থ করবে লাকী ইনামের নিজ নাট্যদল নাগরিক নাট্যাঙ্গন।‘আনন্দলোকে মঙ্গলালোকে’ রবীন্দ্রনাথের এই গানের মধ্য দিয়ে শুরু হয় নাট্যোৎসব। ৩০ জন সুবিধাবঞ্চিত পথশিশু মঙ্গলপ্রদীপ জ্বালিয়ে উৎসবের শুভকামনা করে। উৎসবের উদ্বোধন করেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশের সভাপতি সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরী।উৎসব উদ্বোধনের আগে লাকী ইনামের বর্ণাঢ্য কর্মময় জীবন নিয়ে আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে নাগরিক নাট্যাঙ্গন। এতে সভাপতিত্ব করেন নাট্যজন আতাউর রহমান। প্রধান অতিথি ছিলেন শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী। বিশেষ অতিথি ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি নাসির উদ্দীন ইউসুফ, নাগরিক নাট্যাঙ্গনের সভাপতি ড. ইনামুল হক।নিজের প্রতিক্রিয়ায় লাকী ইনাম জানান, ৬০ বছরেই তিনি থেমে যেতে চান না। ৪০ বছর মঞ্চে সক্রিয় থাকার পরও অভিনয়ের তৃষ্ণা রয়ে গেছে প্রথম দিনের মতো। এগিয়ে যেতে চান। এই মঞ্চেই থাকতে চান জীবনের শেষ দিন পর্যন্ত। মঞ্চের আলো-আঁধারিতে পদচারণে সমাজের অন্ধকার দিকগুলো তুলে ধরতে চান।